মহাপুরুষ
আবির মাহমুদ

আমি একটা টং দোকানে চা খাই
প্রত্যেকদিন
প্রত্যেকদিন মানে প্রত্যেকদিন
৩৬৫ দিন
কাঁটাবনের মোড় থেকে একটু ভেতরে, ঢাকা ইউনিভার্সিটির দিকে যেতে একটা ভাঙা টং দোকান। দোকানের মালিক মজনু মিয়া।
চা বানায় আর রেডিওতে খবর শোনে, এই ২০২৬ সালে এশে সে কেন রেডিও শোনে সেটাও একটা বিশাল রহস্য ।
যদিও খবর কোনোদিন শেষ পর্যন্ত শোনে না।
দোকানের পাশে একটা কাঠের বেঞ্চ।
প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ওই বেঞ্চে একজন বুড়া মানুষ এসে বসতেন।
আমি এমনিতেই বুড়ো মানুষ দেখতে পারি না
এটা সুযোগ পেলেই নিজের নাতি নাতনির গল্প শুরু করে দেয় ।
লোকটার বয়স সত্তরের উপরে।
মাথাভর্তি সাদা চুল, এলোমেলো।
খোঁচা খোঁচা সাদা দাড়ি। গায়ে একটা পুরোনো, রং জ্বলে যাওয়া পাঞ্জাবি।
আর খালি পা।
শীত হোক, বর্ষা হোক, ঢাকার রাস্তার ভাঙা কাচ হোক, লোকটা কোনোদিন জুতা পরতেন না।
আমি প্রথম যেদিন তাঁর পাশে গিয়ে বসলাম, উনি আমার দিকে না তাকিয়েই বললেন, "এতদিন লাগাইলা ক্যান?"
আমি একটু থতমত খেয়ে গেলাম।
"জি?"
"তিন সপ্তাহ ধইরা তুমি ওই ল্যাম্পপোস্টের নিচে খাড়াইয়া আমারে দেখতাছ। আইজ আসলা।"
উনি মজনুর দিকে তাকালেন।
"মজনু, ছেলেটারে একটা চা দে। চিনি বেশি। ও চিনি বেশি খায়, কিন্তু অফিসে কয় চিনি ছাড়া।"
আমি চিনি বেশি খাই।
আর অফিসে বলি চিনি ছাড়া।
এই কথাটা আমার মা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না।
২.
আমার নাম তানভীর।
আমি যে কাজটা করি, বাইরের official নাম ডেটা অ্যানালাইসিস।
একটু কম সুন্দর করে বললে মানুষের উপর নজরদারি।
গুলশানের একটা বিল্ডিংয়ের এগারো তলায় আমাদের অফিস।
বাইরের সাইনবোর্ডে লেখা "ইনসাইট ম্যাট্রিক্স লিমিটেড, বিজনেস ইন্টেলিজেন্স সলিউশনস"।
আসলে আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট একটা সরকারি সংস্থা।
নামটা বলব না।
নাম বললে এই লেখাটা আপনার হাত পর্যন্ত যাবে না ।
আমাদের একটা অ্যালগরিদম আছে।
শহরের হাজার হাজার সিসিটিভি ফুটেজ, ফোনের লোকেশন ডেটা, হাসপাতালের রেকর্ড, পুলিশের জিডি, সব একসাথে খায়।
তারপর খুঁজে বের করে প্যাটার্ন।
কে কোথায় যায়, কার সাথে দেখা করে, কোন মানুষটা "অস্বাভাবিক"।
সাত মাস আগে অ্যালগরিদমটা একটা লাল ফ্ল্যাগ তুলল।
একজন বুড়া মানুষ।
কোনো ফোন নাই, কোনো এনআইডি নাই, কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই।
অথচ গত দুই বছরে ঢাকা শহরের সাতাশটা দুর্ঘটনার জায়গার ফুটেজে তাঁকে পাওয়া গেছে।
দুর্ঘটনার পরে না।
দুর্ঘটনার আগে।
একটা বাস উল্টে যাওয়ার চার মিনিট আগে উনি একটা বাচ্চাকে হাত ধরে রাস্তার ওপারে নিয়ে গেছেন।
মিরপুরে একটা পুরোনো বিল্ডিংয়ের কার্নিশ ভেঙে পড়ার দুই মিনিট আগে উনি নিচে দাঁড়িয়ে থাকা একজন রিকশাওয়ালাকে ডেকে চা খেতে নিয়ে গেছেন।
হাতিরঝিলে একটা মেয়ে রেলিং টপকানোর ঠিক আগ মুহূর্তে উনি পাশে গিয়ে দাঁড়িয়েছেন, আর মেয়েটা কেঁদে ফেলেছে।
সাতাশটা ঘটনা।
সাতাশবার একই মানুষ।
সাতাশবারই ঘটনার আগে।
আমার বস রেজওয়ান ভাই ফাইলটা আমার টেবিলে ফেলে বলেছিলেন, "লোকটার সাথে খাতির জমা।
ও কী জানে, কেমনে জানে, কার হইয়া কাজ করে, সব বাইর কর। উপর থেইকা খুব প্রেশার।"
"উপর মানে কতখানি উপর, ভাই?"
রেজওয়ান ভাই সিলিংয়ের দিকে আঙুল তুলেছিলেন।
তারপর আঙুলটা আরো একটু উপরে তুলেছিলেন।
তখনই দেখেছিলাম এটা সেই টং দোকানের লোকটা
৩.
প্রথম তিন বৃহস্পতিবার লোকটা আমার সাথে কাজের কোনো কথাই বললেন না।
উনি কথা বলতেন অদ্ভুত সব জিনিস নিয়ে।
কাঁটাবনের পাখির দোকানের খাঁচায় বসা একটা ময়নার মন খারাপ কেন।
রাতের ঢাকা শহরে হাঁটলে কোন রাস্তায় কোন ফুলের গন্ধ পাওয়া যায়।
একবার পুরো এক ঘণ্টা বোঝালেন, ঢাকার কুকুরগুলো কীভাবে মানুষের চেয়ে ভালো বোঝে কখন বৃষ্টি নামবে।
চতুর্থ বৃহস্পতিবার আমি আর পারলাম না।
জিজ্ঞেস করেই ফেললাম।
"আপনি কি আগে থেকে জানেন কী হবে?"
উনি চায়ে চুমুক দিলেন। "তুমি জানো না?"
"না।"
"জানো। সব মানুষ জানে। খালি বিশ্বাস করে না।"
উনি রাস্তার দিকে আঙুল তুললেন।
"ওই যে মোটরসাইকেলওয়ালা ছেলেটা যাইতাছে, হেলমেট হাতে ঝুলাইয়া। তোমার মনে হয় নাই, ও এক্সিডেন্ট করবো?"
হয়েছিল।
এক সেকেন্ডের জন্য।
তারপর মাথা থেকে ঝেড়ে ফেলেছিলাম।
"মনে হইছে। তারপর তুমি ভাবছ, ধুর, এইসব কুসংস্কার। তুমি পড়াশোনা করা মানুষ, তোমার মগজে ডেটা আছে, প্রবাবিলিটি আছে, স্ট্যাটিস্টিক্স আছে।" উনি হাসলেন।
"আমার মগজে ওইসব কিছু নাই। তাই যেইটা মনে হয়, ওইটাই বিশ্বাস করি।"
দুই মিনিট পর নীলক্ষেতের মোড় থেকে একটা ব্রেকের শব্দ এলো।
তারপর মানুষের চিৎকার।
উনি চুপচাপ চায়ের কাপটা বেঞ্চে রেখে খালি পায়ে নীলক্ষেতের দিকে হাঁটা দিলেন।
আমি পেছনে দৌড়ে গেলাম।
ছেলেটা রাস্তায় পড়ে আছে, কিন্তু বেঁচে আছে।
বুড়া মানুষটা ওর পাশে বসে মাথাটা কোলে তুলে নিলেন। নিজের পাঞ্জাবির কোনা ছিঁড়ে ক্ষতটা চেপে ধরলেন।
আমি তখন প্রথম খেয়াল করলাম জিনিসটা।
লোকটার পাঞ্জাবিতে কোনো পকেট নাই।
৪.
অফিসে জাওের জন্য বের হতেই দেখি মিথিলার ফোন
মিথিলার সাথে আমার পরিচয় ইউনিভার্সিটির থার্ড ইয়ারে।
কার্জন হলের সামনের কৃষ্ণচূড়ার নিচে। ও বায়োকেমিস্ট্রিতে পড়ত, আমি স্ট্যাটিস্টিক্সে।
আমাদের প্রথম conversation ছিল একটা তর্ক, ভালোবাসা কি শুধু কেমিক্যাল রিঅ্যাকশন কি না।
ও বলেছিল, "ডোপামিন, অক্সিটোসিন আর সেরোটোনিন। এর বাইরে কিছু নাই।"
আমি বলেছিলাম, "তাইলে তো একটা ইনজেকশন দিয়েই প্রেম বানানো যায়।"
ও হেসে বলেছিল, "যায়ই তো। তুমিও তো এখন আমার দিকে এমনভাবে তাকাচ্ছ যেন কেউ তোমাকে ইনজেকশন দিয়ে দিছে।"
ছয় বছরের প্রেম আমাদের।
ছয় বছরে আমি ওকে একবারও বলতে পারি নাই, আমি কী কাজ করি।
বলতে পারি নাই কারণ আমার কাজটা ঠিক সেই জিনিস, যেটা মিথিলা সবচেয়ে বেশি ঘৃণা করে। মানুষের প্রাইভেসি চুরি করা।
আর তিন মাস আগে মিথিলার বাবা ওর বিয়ে ঠিক করলেন।
টরন্টোর এক ছেলের সাথে।
ইঞ্জিনিয়ার।
বাড়ি আছে, গাড়ি আছে, পার্মানেন্ট রেসিডেন্সি আছে।
আর আমার আছে এমন একটা চাকরি, যেটার নাম আমি নিজের মাকেও বলতে পারি না।
মিথিলা বলেছিল, "তুমি একবার, শুধু একবার আমার বাবার সামনে গিয়ে দাঁড়াও।
আমি বাকিটা সামলাব।"
আমি যাই নাই।
কারণ উনি জিজ্ঞেস করবেন, তুমি কী করো, বাবা? আর আমার কাছে কোনো উত্তর নাই।
মিথিলার ফ্লাইট সামনের মাসের তেরো তারিখে।
বৃহস্পতিবার।
৫.
পঞ্চম বৃহস্পতিবার বুড়া মানুষটা নিজে থেকেই বললেন, "তুমি যে মেয়েটার কথা ভাবতাছ, ওর নাম কি ম দিয়া?"
আমি চায়ের কাপ প্রায় ফেলেই দিচ্ছিলাম।
"আপনি কীভাবে..."
"তোমার মোবাইলের লক স্ক্রিনে একটা কৃষ্ণচূড়া গাছের ছবি। গাছের নিচে কেউ নাই। মানুষ খালি গাছের ছবি তখনই রাখে, যখন গাছের নিচে কেউ একজন আছিল, কিন্তু তার ছবি রাখার সাহস নাই।"
উনি একটু থামলেন।
"আর তুমি ঘুমের মধ্যে কথা কও। গত বৃহস্পতিবার বেঞ্চে ঝিমাইতে ঝিমাইতে দুইবার মিথি কইছ।"
আমি মাথা নিচু করে বসে রইলাম।
"ও চইলা যাইতাছে?"
"হুম।"
"আর তুমি আটকাইতাছ না।"
"আমি কী দিয়ে আটকাব? আমার কাছে দেওয়ার মতো কিছু নাই।"
উনি অনেকক্ষণ চুপ করে রইলেন।
মজনু মিয়ার রেডিওতে খবর হচ্ছিল।
একটা মন্ত্রী কী জানি বলছিলেন।
কেউ শুনছিল না।
তারপর উনি খুব আস্তে বললেন,
"আমারও একজন আছিল। তোমার বয়সে।"
"তারপর?"
"তারপর আমি প্রতিদিন কইতাম, কাইল যামু। কাইল নিশ্চয়ই যামু। ও নীল শাড়ি পইরা জানালায় খাড়াইয়া থাকতো। কইতো, তুমি আসবা, আমি জানি। আমি যাইতাম না।"
"কেন?"
"কারণ আমার বাপ আমারে শিখাইছিল, মায়ার বান্ধনে পড়লে মানুষ ছোট হইয়া যায়।"
উনি হাসলেন। হাসিটায় অদ্ভুত একটা কষ্ট ছিল।
"বাপের কথা রাখছি। মায়ার বান্ধনে পড়ি নাই। আর পঞ্চাশ বছর ধইরা টের পাইতাছি, ছোট হইয়া যাওয়ার চাইতে বড় কোনো সর্বনাশ আছে।"
"কী সেটা?"
"একলা বড় হইয়া যাওয়া।"
৬.
অফিসে ফিরে আমি লোকটার ব্যাপারে যা পেয়েছিলাম, সব রিপোর্টে লিখলাম।
শুধু মিথিলার অংশটা বাদ দিলাম।
দুই দিন পর রেজওয়ান ভাই আমাকে উনার রুমে ডাকলেন।
দরজা বন্ধ করলেন।
ব্লাইন্ড নামালেন।
তারপর একটা ফাইল আমার সামনে রাখলেন।
খুব পুরোনো, হলুদ হয়ে যাওয়া কাগজ। উপরে ইংরেজিতে স্ট্যাম্প মারা: DECLASSIFIED. CIA. 1995.
"স্টারগেট প্রজেক্টের নাম শুনছস?"
শুনি নাই।
"১৯৭০ এর দশকে আমেরিকানরা একটা প্রোগ্রাম চালু করছিল।
সিআইএ আর আর্মি মিলে। কোল্ড ওয়ারের সময়। সোভিয়েতরা নাকি সাইকিক মানুষদের নিয়া এক্সপেরিমেন্ট করতেছিল, আমেরিকা পিছায়া থাকতে চায় নাই। ওরা এমন মানুষ খুঁজত যারা কোনো জায়গায় না গিয়াও সেই জায়গা দেখতে পারে। রিমোট ভিউয়িং বলত এটারে। কেউ কেউ নাকি ভবিষ্যৎ দেখতে পারত।"
"এগুলা সত্যি?"
"প্রোগ্রামটা সত্যি। পঁচিশ বছর চলছে। মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হইছে। ১৯৯৫ সালে একটা রিভিউয়ের পর বন্ধ কইরা দেয়। অফিসিয়াল রিপোর্টে লেখা, কোনো ইন্টেলিজেন্স অপারেশনে এর কোনো কাজের প্রমাণ পাওয়া যায় নাই।" রেজওয়ান ভাই একটু থামলেন। "এখন প্রশ্ন হইলো, যেই জিনিস কোনো কাজেই লাগে না, সেইটা পঁচিশ বছর ধইরা কেউ চালায়?"
"তাহলে?"
"তাহলে কেউ কেউ বিশ্বাস করে, প্রোগ্রামটা বন্ধ হয় নাই। খালি আমেরিকা থেইকা বাইরে সরাইয়া নেওয়া হইছে। আউটসোর্স করা হইছে এমন সব দেশে, যেইখানে কেউ প্রশ্ন করে না।"
উনি ফাইলের একটা পাতা উল্টালেন। সেখানে একটা তালিকা। সাংকেতিক নাম, দেশ, সাল।
একটা লাইনে আঙুল রাখলেন।
“Subject H. Dhaka, East Pakistan. Recruited 1969. Status: Escaped 1994. Not recovered.”
রেজওয়ান ভাই আমার চোখের দিকে তাকালেন।
"তোর বুড়া মানুষটা ত্রিশ বছর ধইরা পলাইয়া আছে, তানভীর। আর উপরের লোকেরা মনে করে, এতদিন পর ও আবার ধরা দেওয়ার মতো অবস্থায় আছে। তেরো তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় একটা টিম কাঁটাবনে যাইব। তোর কাজ খালি ওরে বেঞ্চে বসাইয়া রাখা।"
তেরো তারিখ।
মিথিলার ফ্লাইট রাত নয়টা চল্লিশে।
৭.
বারো তারিখ রাতে আমি ঘুমাতে পারি নাই।
একটা কথা খুব সত্যি।
মানুষ সারাজীবন বড় বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি হয়।
অথচ জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো আসে ঠিক তখন, যখন সে সবচেয়ে বেশি অপ্রস্তুত।
রাত তিনটায় উঠে ব্যালকনিতে দাঁড়ালাম।
নিচে রাস্তায় একটা কুকুর শুয়ে ছিল।
হঠাৎ উঠে আকাশের দিকে তাকাল, তারপর দৌড়ে একটা দোকানের শেডের নিচে চলে গেল।
দুই মিনিট পর বৃষ্টি নামল।
আমার মনে পড়ল, উনি বলেছিলেন, ঢাকার কুকুরগুলো মানুষের চেয়ে ভালো বোঝে কখন বৃষ্টি নামবে।
আমি মিথিলাকে একটা মেসেজ লিখলাম।
তারপর মুছে দিলাম। আবার লিখলাম।
আবার মুছলাম।
শেষ পর্যন্ত একটা লাইনই পাঠালাম।
"কাল এয়ারপোর্টে আসব। শুধু একটা কথা বলতে।"
রিপ্লাই এলো সাথে সাথেই।
রাত তিনটায় মিথিলাও জেগে ছিল।
"আসবা না, আমি জানি। ছয় বছরে একবারও আসো নাই।"
৮.
তেরো তারিখ বৃহস্পতিবার। সন্ধ্যা ছয়টা পঞ্চাশ।
আমি টং দোকানে পৌঁছালাম।
উনি আগে থেকেই বেঞ্চে বসে আছেন। খালি পা।
পকেটবিহীন পাঞ্জাবি।
রাস্তার ওপারে একটা সাদা মাইক্রোবাস পার্ক করা।
কালো কাচ।
আমি পাশে বসলাম।
কিছু বললাম না।
উনি আমার দিকে না তাকিয়েই বললেন, "সাদা গাড়িটায় চাইরজন। পেছনের গলিতে আরো দুইজন। সাতটা বাজলে নামবো।"
আমার গলা শুকিয়ে গেল।
"আপনি জানেন?"
"তুমি এই সপ্তাহে চায়ে চিনি কম খাইবা, আমি জানি। মানুষ যখন বেইমানি করতে আসে, তখন মুখে কোনো মিঠা জিনিস ভালো লাগে না।"
মজনু চা দিল।
আমি চুমুক দিলাম।
মিষ্টি লাগল না।
"তাহলে আপনি আজকে আসলেন কেন?"
উনি এবার আমার দিকে ফিরলেন।
ওই চোখ।
এত শান্ত, এত গভীর, যেন একটা নদী, যার তলায় কী আছে কেউ জানে না।
"আমি আসছি তোমারে একটা কথা কইতে।"
উনি নিজের হাতঘড়ি নাই এমন কবজির দিকে তাকালেন, যেন সময় দেখছেন।
"এখন বাজে ছয়টা বায়ান্ন। এয়ারপোর্ট যাইতে তোমার লাগবো এক ঘণ্টা চল্লিশ মিনিট। বনানী ফ্লাইওভারের নিচে বিশ মিনিট জ্যাম পাইবা। নয়টা চল্লিশের ফ্লাইটের বোর্ডিং বন্ধ হইবো আটটা পঞ্চাশে। মেয়েটা ইমিগ্রেশনের লাইনে খাড়াইয়া শেষবারের মতো পিছনে তাকাইবো আটটা পঁচিশে।"
"আর আপনি?"
"আমার কথা আমি ভাবমু।"
"ওরা আপনাকে ধরে নিয়ে যাবে।"
উনি হাসলেন।
"ত্রিশ বছর ধইরা কেউ পারে নাই। আইজও পারবো না। এইটা নিয়া তুমি চিন্তা কইরো না।"
উনি আমার কাঁধে হাত রাখলেন।
"আমি সারাজীবন ভবিষ্যৎ দেখছি, বুঝলা? সবারটা দেখছি। খালি নিজেরটা দেখতে চাই নাই। কারণ দেখলেই দেখতাম, একটা জানালা। একটা নীল শাড়ি। আর একটা মানুষ, যে অপেক্ষা করতে করতে বুড়া হইয়া গেছে।"
উনি বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন।
"যাও। তোমার নীল শাড়ি এখনো জানালায় খাড়াইয়া আছে। আমার মতো কইরো না।"
ছয়টা পঞ্চান্ন।
আমি দৌড় দিলাম।
৯.
বনানী ফ্লাইওভারের নিচে ঠিক বিশ মিনিট জ্যাম ছিল।
আটটা চব্বিশে আমি এয়ারপোর্টের ডিপারচার গেটের কাচের ওপাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলাম।
আটটা পঁচিশে ইমিগ্রেশনের লাইনে দাঁড়ানো একটা মেয়ে পেছনে তাকাল।
ওর পরনে নীল রঙের একটা জামা। আমি এখনো জানি না সেটা কাকতাল কি না।
মিথিলা আমাকে দেখল।
অনেকক্ষণ দাঁড়িয়ে রইল।
তারপর লাইন থেকে বেরিয়ে এলো।
ওর বাবা পেছন থেকে কী জানি বলছিলেন, ও শুনল না।
কাচের এপার আর ওপার।
মাঝখানে দুই সেন্টিমিটারের একটা দেয়াল।
আমি ফোন বের করে ওকে কল দিলাম।
"তুমি আসছ," ও বলল। গলা কাঁপছিল।
"আমি তোমাকে একটা কথা বলতে আসছি। আমি কী কাজ করি।"
তারপর আমি সব বললাম।
ইনসাইট ম্যাট্রিক্স, অ্যালগরিদম, নজরদারি, ছয় বছরের মিথ্যা।
ও চুপ করে শুনল। তারপর জিজ্ঞেস করল, "এখন এগুলো বলতেছ কেন?"
"কারণ আজকে সন্ধ্যায় আমি ওই কাজটা করি নাই।
একজন মানুষকে ধরিয়ে দেওয়ার কথা ছিল।
ধরিয়ে দেই নাই।
কালকে থেকে আমার চাকরি নাই।
হয়তো আরো খারাপ কিছু হবে।
আমার কাছে তোমাকে দেওয়ার মতো আর কিছুই নাই, মিথি। শুধু এই সত্যিটা ছাড়া।"
কাচের ওপাশে মিথিলা কাঁদছিল। তারপর হাসল।
তারপর আবার কাঁদল।
"গাধা," ও বলল।
"ছয় বছর ধরে আমি শুধু এই একটা জিনিসই চাইছিলাম।"
মিথিলা সেই রাতে টরন্টো যায় নাই।
১০.
রেজওয়ান ভাইয়ের টিম সাতটা বাজার ঠিক এক মিনিট আগে টং দোকানে ঢুকেছিল।
বেঞ্চটা খালি ছিল।
মজনু মিয়া পুলিশকে বলেছিল, বুড়া মানুষটা ছয়টা আটান্নয় উঠে খালি পায়ে নীলক্ষেতের দিকে হাঁটা দিয়েছিলেন।
আর ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল।
এমন বৃষ্টি যে তিন হাত দূরের মানুষও দেখা যায় না।
সিসিটিভি ফুটেজে কিছুই পাওয়া যায় নাই।
কাঁটাবন থেকে নীলক্ষেত পর্যন্ত এগারোটা ক্যামেরা।
এগারোটাতেই ছয়টা আটান্ন থেকে সাতটা বিশ পর্যন্ত শুধু বৃষ্টি।
আমার চাকরি গেল পরের দিন।
আরো কিছু হবে ভেবেছিলাম, হয় নাই।
রেজওয়ান ভাই শেষবার দেখা হওয়ার সময় শুধু একটা কাগজ আমার হাতে গুঁজে দিয়ে বলেছিলেন, "উপর থেইকা অর্ডার আসছে, এই কেসটা ক্লোজ।
কেন, জানি না। এইটা তোর কাছে রাখ।
আমার কাছে থাকলে ঘুম হইবো না।"
স্টারগেট ফাইলের একটা পাতা।
Subject H-এর পুরো প্রোফাইল।
বাসায় এসে পড়লাম।
Subject H.
Real name: Himalaya.
Known alias: Himu.
Father: deceased. Reportedly trained subject from childhood with the explicit goal of producing a “mahapurush” (great man) through systematic emotional detachment.
Distinguishing features: Wears yellow panjabi without pockets. Walks barefoot. Refuses to carry money.
Known associate: Rupa (female). Subject refused all contact with her. Analyst note: Subject’s only known emotional vulnerability. Recommended as leverage. Recommendation rejected by subject’s handler.
Status: Escaped 1994. Last confirmed sighting: Mayurakshi riverbank (location unverified, possibly fictional).
নিচে একটা ছবি। সাদা কালো, ঝাপসা।
একজন যুবক, হাসছে। গায়ে পাঞ্জাবি, পায়ে কিছু নাই।
আমি অনেকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে রইলাম।
রং জ্বলে যাওয়া সেই পাঞ্জাবিটা একসময় হলুদ ছিল।
১১.
গল্পটা এখানেই শেষ হতে পারত। হলো না।
ফাইলের শেষ পাতায় একটা ঠিকানা ছিল। Rupa র।
ধানমন্ডির একটা পুরোনো গলি।
মিথিলাকে নিয়ে এক শুক্রবার বিকালে গেলাম।
একটা দোতলা পুরোনো বাড়ি।
দেয়ালে শ্যাওলা।
গেটে মরিচা।
দোতলার জানালায় একজন বৃদ্ধা দাঁড়িয়ে ছিলেন।
নীল শাড়ি।
চুল পুরো সাদা।
আমরা গেটের সামনে দাঁড়াতেই উনি নিচে তাকালেন।
কোনো প্রশ্ন করলেন না। শুধু জিজ্ঞেস করলেন,
"ও পাঠাইছে?"
আমি কী বলব বুঝতে পারলাম না।
শুধু বললাম, "উনি ভালো আছেন।"
বৃদ্ধা হাসলেন।
সেই হাসিটা আমি চিনি।
কষ্টের ভেতর থেকে আসা অদ্ভুত শান্ত একটা হাসি।
পঞ্চাশ বছর ধরে দুইটা মানুষ শহরের দুই প্রান্তে একই রকম করে হেসেছে।
"আমি জানি ও ভালো আছে। ও কোনোদিন আসবে না, তাও জানি।" উনি জানালার গ্রিলে হাত রাখলেন। "ও আসে না বইলাই তো অপেক্ষা করা যায়, বাবা। আসলে তো অপেক্ষা শেষ হইয়া যাইতো।"
মিথিলা আমার হাত শক্ত করে ধরল।
ফেরার পথে রিকশায় বসে ও বলল, "ডোপামিন, অক্সিটোসিন আর সেরোটোনিন।"
"হুম?"
"কোনো কেমিক্যাল পঞ্চাশ বছর টিকে না, তানভীর। আমি ভুল ছিলাম।"
আমি কিছু বললাম না। শুধু আকাশের দিকে তাকালাম।
ধানমন্ডি লেকের পাশ দিয়ে রিকশা যাচ্ছিল।
লেকের ওপারের ফুটপাত দিয়ে, ভিড়ের মধ্যে একজন বুড়া মানুষ হাঁটছিলেন।
খালি পায়ে।
দূর থেকে আমি নিশ্চিত হতে পারি নাই।
শুধু মনে হলো, উনি একবার আমার দিকে তাকিয়ে হাসলেন।
তারপর আকাশ ভেঙে বৃষ্টি নামল।
মিথিলা চিৎকার করে বলল, "আমরা তো ছাতা আনি নাই!"
আমি হাসলাম। "উনি আগেই জানতেন, আমরা ছাতা আনব না।"
এরপর থেকে আমি আর কোনো বৃহস্পতিবার কাঁটাবনে যাই নাই।
শুধু প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আমাদের বারান্দায় দুই কাপ চা বানাই।
একটায় চিনি বেশি।
আরেকটা কাপ বারান্দার রেলিংয়ে রেখে দিই।
খালি বেঞ্চটার মতো।
যদি কোনোদিন কেউ খালি পায়ে হাঁটতে হাঁটতে এদিক দিয়ে যায়।
"মহাপুরুষ "
আবির
৩০/১০/২৬