রুপসা
আবির মাহমুদ

হাসিবরা যেইদিন চলে গেছিলো সেইদিন ওদের বাড়ির কুকুরটাও অবাক হয়ে গেছিলো।
কেমন যেনো দিশেহারা ভাব একটা ।
যেনো কিছু বুঝে উঠতে পারছে না।
আমি সেদিন ওদের বাসার সামনে গিয়ে দরজার সামনে দাড়িয়ে যেই "হাসিব্বা" বলে ডাক দিতে যাবো তখনই থেমে গেছিলাম। কারণ দরজাটা খোলা ।
আর ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে কেউ নাই।
নাই মানে কোনো ফার্নিচারও নাই।
তখন আসলে আমার মস্তিষ্ক কাজ করছিলো না।
কিছু বুঝে উঠতে পারছিলো না।
হঠাৎ করে কোথায় যাবে ওরা ?
আর কেনই বা যাবে।
সেদিন সাহস করে একা একা ওই ঘরে ঢুকছিলাম ।
দেয়ালে কত স্মৃতি আমাদের ।
এইতো গত সপ্তাহে যখন ওর বাবা মা যখন বাসায় ছিলো না তখন আমি হাসিব আর নিলয় এই রুমে ক্রিকেট খেলসিলাম,সেই বলের লাল দাগ এখনও দেয়ালে লেগে আছে।
ওইপাশে রুমটাতে আমরা একসাথে লুডু খেলতাম।
পুরো রুমে শুধু একটা টেবিল ছিলো। সেখানে আমাদের কত স্মৃতি ছিলো।
সেই জায়গাটাও ফাঁকা এখন।
ওদের পুরো ঘরটা ওইদিন ঘুরে দেখছিলাম ।
কিছুই পাই নাই।
শুধু একটা জিনিস পাইছিলাম।
নীল রঙের একটা ব্যাট ।
এই ব্যাট দিয়ে আমরা কত খেলছি।
আমি অবশ্য কিছুই খেলতে পারতাম না।
হুদাই ব্যাট ধরে দাঁড়ায় থাকতাম।
ক্রিজের অন্যপাশে হাসিব একটার পর একটা ছক্কা মারতো।
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম।
ওই ব্যাটটা আমি ওইদিন ঘর থেকে নিয়ে আসছিলাম।
হাসিব যখন প্রথমদিন আমাদের স্কুলে এসেছিল ওইদিনটা আমার স্পষ্ট মনে আছে।
ওর মায়ের সাথে প্রথমদিন স্কুলে এসেছিল।
ওর মা যখন ওকে দিয়ে চলে গেছিলো তখন এক কোনায় জবুথবু হয়ে বসেছিল।
ওর গায়ের জামাকাপড় দেখেই আমরা বুঝে গেসিলাম ওরা অনেক বেশি ধনী না হলেও অন্তত আমাদের মতো না।
এই মফস্বলে কেনো আসছে ওরা সেটাই বরং আমার মাথায় ঢুকছিলো না।
ওর পোশাকের কারনেই মনে হয় ও সেদিন আমাদের বুলিং থেকে বেঁচে গিয়েছিল ।
সেদিন বুঝেছিলাম সামান্য কিছু কাপড়ও কিভাবে পাওয়ার কে established করতে পারে।
পাওয়ার অবশ্য ও চাইলেই দেখাতে পারতো কিন্তু ও কখনোই সেটা করে নাই।
যদিও ওর বাবা খুব পাওয়ারফুল কেউ ছিলো না তারপরও ওই মফস্বলে সরকারি গার্লস হাই স্কুলের হেডমাস্টার অনেক বড় ব্যাপার।
ওই এলাকার সব অনুষ্ঠানে ওর বাবাকে ডাকা হতো ।
গ্রাম বা মফস্বলে ক্ষমতা বলতে যা বুঝায় তার মোটামুটি সবই ছিলো ওদের।
ও আসার কিছুদিনের ভিতরই ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছিলো কেমন করে যেনো।
প্রথমদিকে স্কুলে একা এক কোনায় বসে থাকতো।
আমিই গিয়ে গায়ে পড়ে কথা বলতে গেছিলাম।
প্রথমদিকে একটু ইতস্তত বোধ করলেও পরে ঠিক হয়ে গেছিলো।
এরপরই হাসিব হয়ে যায় আমাদের মধ্যমনি।
কারণ ওই সময় আমাদের কারোরই ব্যাট বল কিছুই ছিলো না।
তালগাছের ডাল কেটে ব্যাট বানিয়ে খেলতাম ।
২০ টাকার একটা বলের জন্য ১০ জনের চাঁদা দিয়ে হতো ।
সেখানে হাসিবের ছিলো আনলিমিটেড ব্যাট বল।
কোনো কিছুরই অভাব ছিলো না ।
আর খেলার জিনিসগুলোর উপর ওর চেয়ে আমাদের অধিকার ছিল মনে হয় বেশি।
এমনকি ও বাসায় না থাকলেও আন্টির কাছে থেকে থেকে নিয়ে আসতাম।
ওর বাসা আমাদের জন্য ক্লাবের মতো ছিলো।
যখন ইচ্ছা যাওয়া যেতো, যা খুশি নিয়ে আশা যেতো , যতক্ষণ খুশি ইচ্ছামতো কথা বলা যেতো।
কোনো রেস্ট্রিকশন ছিলো না।
আমাদের মত মফস্বলের ছেলেদের জন্য যেটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো।
ওর বাসায় এত বেশি যাওয়ার আরও একটা কারণ ছিলো অবশ্য।
ওদের বাসা ছিলো গার্লসহাইস্কুলের কোয়ার্টার এর ভিতর।
যেটা ছিলো গার্লস স্কুলটার ভিতরই।
আর সদ্য হাইস্কুলে ওঠা একটা ছেলের জন্য গার্লস স্কুলের ভিতর ঢোকার অবাধ একসেস পাওয়া অনেক বিশাল পশ একটা ব্যাপার।
ঠিক এই কারণে আমাদের মানে হাসিবের বন্ধুদের আলাদা একটা কদর ছিলো স্কুলে ।
এসব যখন ভাবছি তখনই ঘোড় কেটে গেলো যুবতী একটা মেয়ের ডাকে।
"স্যার, কফি।"
একটু ইতস্তত বোধ করে কফিটা নিলাম।
এইখানে সিস্টেমটা ভালোই মনে হচ্ছে ।
ইন্টারভিউ দিতে আসছি , এর মধ্যে আবার কফিও খেতে দিচ্ছে।
ব্যাপারটা মন্দ না।
কফিতে চুমুক দিতে দিতে সামনে তাকালাম।
আমার সামনেই ইন্টারভিউ রুমের দরজা ।
আর দরজায় একটা লেখা জ্বল জ্বল করছে।
হাসিব বিন সিদ্দিক।
(ম্যানেজিং ডিরেক্টর , HBA IT Farm)
এখানে আসার পরই এই নাম দেখে হঠাৎ একটা ধাক্কাই খেয়েছিলাম বলা যায়। ১৯ বছর পর দেখছি এই নাম আবার। ১৯ বছর আগে হারিয়ে যাওয়া একটা মানুষকে আবার দেখবো ভাবতেই কেমন যেনো লাগছে। হাসিব হারিয়ে যাওয়ার পর কত খুজছি।
মোবাইল হাতে পাওয়ার পর থেকে এমন কোনো social media নাই যেখানে এই নাম দিয়ে খুঁজি নাই। Permutation and combination অধ্যায়ের সব সূত্রগুলোও হয়তো ফেইল মেরে গিয়েছিলো আমার keyword এর কাছে।
বাট কোথাও পাই নাই।
আসলে ওই বয়সে হাসিবের এইরকম চলে আসার পর সত্যিকারের বন্ধুত্ব আর হয় নাই করো সাথে। সেই জন্যই হয়তো ওর কথাটা বেশি মনে আছে।
আমার নস্টালজিক ভাবনায় আবার ছেদ ঘটালো ওই মেয়েটা।
“আমান আব্দুল্লাহ আপনি?
আপনাকে ডাকছে!”
হঠাৎ করে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম।
নিচের দিকে হাতের উপর থাকা কাগজগুলোর দিকে তাকালাম স্বাভাবিক হওয়ার জন্য।
নাম:আমান আব্দুল্লাহ
পিতা :জামশেদ ফরাজি।
এইটুকু দেখে হুশ ফিরলো। ওহ তাহলে আমাকেই ডাকছে।
হঠাৎ করে আমার হার্টবিট বেড়ে গেলো।
এই ইন্টারভিটার জন্য অনেক প্রস্তুতি নিয়েছিলাম।
দেশের সবচাইতে বড় আইটি ফার্মের ডিরেক্টরের কাছে ইন্টারভিউ দিতে যাচ্ছি ।
তবে আমার হাঁটু কাপার কারণ এটা না ।
১৯ বছর আগে কোনো এক অদ্ভুত কারণে হারিয়ে যাওয়া একজনের সাথে দেখা হবে এখনই ।
দরজাটা আস্তে আস্তে ঠেলে ভিতরে ঢুকলাম।
আমার চোখ কেমন যেনো ঝাপসা হয়ে যাচ্ছে।
আমার মনে হচ্ছে আমার সামনে সিদ্দিক সাহেবের একটা ভার্সন বসে আছে।
বাবার চেহারা এইভাবে মানুষ পায়?
আবারও একবার পৃথিবীটাকে রহস্যময় মনে হলো।
এই ধাক্কায় সালাম দিতেই ভুলে গেলাম ।
কর্পোরেট ইন্টারভিউতে সালাম না দেয়া অনেক বড় একটা পাপ।
তবে ওসবের তোয়াক্কা করলাম না। বন্ধুদের ভিতর ওসব আবার কিসের নিয়মকানুন। এসব ভাবতে ভাবতে ওর সামনের চেয়ারটায় বসে পড়লাম।
দেখি কেমন যেনো ভুরু কুঁচকে তাকাচ্ছে।
"আরেহ হাছিব্বা " বলে এ উঠতে যাবো যখন তখনই ও বলে উঠলো ,
" What's wrong with you ?"
আমি একটু অবাক হলাম। আসলেই কি এই সেই হাসিব?
বলার চেষ্টা করলাম আমি তোমার ছোটবেলার বন্ধু আমান।
তাতে ওর চেহারা একটুও পরিবর্তন হলো না।
ভুরু আরও যেনো কুঁচকে উঠলো।
এইবার যেই বললাম, 'মনে নাই তোর? ঐযে খুলনার উদয়কাঠি তে আমরা থাকতাম।"
বলার সাথে সাথে মনে হলো ওর চোখ রক্ত শূন্য হয়ে গেলো।
৫ সেকেন্ডের মতো কিছু বলতে চেয়েও পারলো না।
কেমন যেনো তোতলা হয়ে গেলো।
যেই জবান খুললো সাথে সাথে বলে উঠলো , " Get out from here right now ""
হাতের কাছে থাকা সুইচ টা ঘন ঘন টিপতে লাগলো।
দুইজন সিকিউরিটি গার্ড ঢুকলো।
আমি কিছু বলতে যাবো এর মধ্যেই আমাকে টেনে হিঁচড়ে বের করে আনলো।
তারপর বাইরে বের করে আস্তে আস্তে যা বলো তার শানে নুযুল এইযে , আমি যেনো আর কোনোদিন উনার সামনে না যাই।
ঘটনার আকস্মিকতায় নার্ভ কাজ করছিলো না।
বাইরে বেরিয়ে একটা টং এ বসলাম।
এক কাপ চা হাতে নিয়ে ভাবতে চেষ্টা করলাম।
কিন্তু মাথার ভিতর সাইন ওয়েভ টা বন্ধ হচ্ছে না।
তাই কিছু ভাবতেও পারছি না।
চা টা অনেক সময় ধরে শেষ করলাম। বিল দিয়ে উঠে রাস্তায় হাঁটতে লাগলাম। মাথার ভিতর অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
হাসিব কেনো আমাকে চিনলো না?
উদয়কাঠির নাম শুনে ওইরকম অস্বাভাবিক হয়ে গেলো কেনো?
কি এমন হয়েছিলো উদয়কাঠিতে ?
ভাবতে ভাবতে পকেটে হাত দিলাম।
মেজাজ টা ই খারাপ হয়ে গেলো।
৫ টাকার একটা কয়েন আর একটা নোট অনুভব করলাম।
আমি জানি নোটটা ১০ টাকার একটা নোট ।
সেই হিসেবে আমার কাছে ১৫ টাকা আছে।
তবে মেজাজ খারাপ হওয়ার কারণ আমি নিজেই ।
নিজের উপর বিরক্ত লাগছে।
গত ৩ বছর ধরে চাকরির চেষ্টা করছি।
ভার্সিটি নামক বস্তু থেকে বের হওয়ার বয়সও ওই একই ।
কোনো বন্ধুবান্ধব এখন পর্যন্ত বেকার নাই।
আমিই হতচ্ছাড়া এখন পর্যন্ত ঘুরছি।
কেনো যেনো কোথাও চাকরি হচ্ছে না।
ওইদিকে মড়ার উপর খাঁড়ার ঘা এর মতো গলায় ঝুলে আছে নীলা।
আমার নামে মাত্র স্ত্রী।
নামে মাত্র কারন, গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগেই আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলো আমার চাচা।
ও আসলে আমার চাচাতো বোন।
তবে সমস্যা সেটা ছিলো না।
নীলাকে আমি কেনো, এলাকার কেউই পছন্দ করতো না।
তারপরও বাবা মারা যাওয়ার পর মোসলেম ফরাজি ই আমার পড়াশুনার খরচ চালিয়েছে।
সেই কারণে এইখানে কেউ না করতে পারে নাই।
খরচের কাফফারা হিসেবে গলায় ঝুলিয়ে দিয়েছে।
২.
ঘুম থেকে উঠার পরই দেখি নীলার ফোন।
একটা না দুইটা না ৮১ টা মিসড কল।
নীলা সাধারণত আমাকে ফোন দেয় না।
আমি দিলে বিরক্ত হয়।
আমাদের সম্পর্কটা আসলে ওই খাতা কলম পর্যন্তই।
আমার যেমন ওর উপর মন টানে না ওরও তেমনি মন পড়ে আছে অন্য এক জায়গায়।
আমিও সব জেনেও কিছু বলি না।
সপ্তাহে একবার ফোন দেয় ও নিজেই।
Hi hello এর পর চাকরি-বাকরির কি খবর এই পর্যন্তই সীমাবদ্ধ থাকে।
তবে ফোনে কথা বলার সময় একটা অদ্ভুত জিনিস দেখি যেটার কোনো লজিক এখন পর্যন্ত আমার কাছে নাই।
ও সহজে ফোন কাটতে চায় না।
কেমন যেনো একই কথা বার বার রিপিট করে।
আমার রুমমেট আবির ভাইয়ের মতে কোনো মানুষ তখনই এক কথা বার বার বলে কথাকে লম্বা করতে চায় যখন ওই মানুষটা তোর সাথে কথা বলার তীব্র ইচ্ছা আটকে রাখতে পারে না।
আমার অবশ্য ভাইয়ের কথা শুনে মেজাজ খারাপ হয়।
আমি কেনো যেনো এই লোককে দেখতে পারি না।
এটার পিছনেও কোনো লজিক নাই আসলে।
লোকটা মোটামুটি ভালোই।
তবে আমার সবচাইতে খারাপ লাগে এই লোক জীবন নিয়ে উল্টাপাল্টা থিওরি দিয়ে বেড়ায়।
এইসব চিন্তা করতে করতে নীলাকে ফোন দিলাম।
নীল কাদঁছে।
প্রত্যেকবার নীলা ফোন করেই আমান বলে একটা টান দিয়ে দীর্ঘনিশ্বাস ফেলে।
কিন্তু এইবার কিছুই করলো না।
ফুঁপিয়ে কান্না করতে লাগলো ।
নীলা এই ফোঁপানোর মধ্যে কথা বলার চেষ্টা করলো ।
ওর কথা ঠিকভাবে বোঝা যাচ্ছে না তবে আমি কেনো যেনো ও কিছু না বললে ও বুঝি।
ওর কান্না জড়ানো কথার সারমর্ম এই যে , কালকে রাতে বাজার দিয়ে বাসায় আসার পথে ওর বাবাকে কারা যেনো ছুরি মারে।
খুব বেশি ক্ষতি হয় না।
একটু কেটে যায় আরকি।
ফার্মেসি থেকে ব্যান্ডেজ করে বাসায় আসে ।
সুস্থ একটা মানুষ।
ফজরের সময় চাচী ডাকতে গিয়ে দেখে সে পৃথিবী থেকে চলে গেসে।
আমার নিজের আপন চাচা মরে গেছে, আমার তো অনেক কষ্ট হওয়ার কথা।
কিন্তু কষ্ট কেনো হচ্ছে না আমার।
আমি কি অনুভূতি শূন্য হয়ে গেলাম?
নাকি নিজের মেয়েকে আমার উপর চাপিয়ে দেয়ার জন্যই কি তার উপর এখনও ক্ষোভ জামিয়ে রেখেছি।।
আসলে জানি না আমি।
আমার মাথায় ঘুরছে আমি কিভাবে বাড়িতে যাবো এখন?
আমার পকেটে এখনো ওই ১৫ টাকাই আছে।
প্রচুর ঘুম পাচ্ছে আবার।
ঘুমাবো নাকি চিন্তা করছি।
কিন্তু ঘুমাতে কেনো যেন ভয় করছে।
আচ্ছা এইভাবেই তো ঘুমের মধ্যে চাচা চলে গেছেন । আমার বাবাও তো এইভাবে দুনিয়া ছেড়েছিলেন।
আমার এখনও স্পষ্ট মনে আছে। বাবার সাথে রিক্সায় যাচ্ছিলাম। হঠাৎ করে একটা সাদা রঙের গাড়ি এসে রিক্সায় ধাক্কা দেয়।
আমার অনেকখানি ছিলে যায়।
বাবার বলতে গেলে কিছুই হয় না।
বাবা আমাকে নিয়ে আমাদের এলাকার একমাত্র ফার্মেসি
"রাজীব ফার্মেসি" তে নিয়ে আমাকে ব্যান্ডেজ করে নিয়ে আসে।
তারপর বিকেলে আমাকে বাবা নদীর পাড়েও ঘুরতে নিয়ে গিয়েছিলো। সেদিন রাতেই বাবা চাচার মতো নিঃশব্দে পৃথিবী ছেড়ে চলে যায়।
৩.
নীলা ডাকছে ।
আমান উঠো।
প্রচণ্ড বিরক্ত লাগছে।
ফজরের পর একটু ঘুমিয়েছিলাম। নীলার ডাকাডাকিতে ঘুম থেকে উঠে দেখি ১০ টা বাজে।
আমার ৯ টায় কারওয়ান বাজারে অফিসে থাকার কথা।
চাকরিটা বোধহয় গেলো এবার।
চাচা মারা যাওয়ার পর হঠাৎ করে কেমন করে এই চাকরিটা হয়ে যায়।
খুব বড় চাকরি না । তারপরও ৩ বছর বেকার বসে থাকা একটা ছেলের কাছে এটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো।
অফিসে আমার কাজ সিম্পল। সারাদিন যতো খবর আসে সেগুলো একসাথে করে জোড়া দিয়ে সত্যি মিথ্যা বানিয়ে তারপর সুন্দর করে নিউজ করা।
সম্পূর্ণ ভিন্ন একটা সাবজেক্টে পড়াশুনা করে এই সাংবাদিকতা করাটা যতটা বিস্ময়ের তার চেয়ে বিস্ময়কর হচ্ছে আমার বন্ধুরা আমার সামনে কেমন যেনো ইতস্তত বোধ করে। মানে কোথাও গেলে সবার পরিচয় দেয়ার পর আমার পরিচয় দেয়াটা খুব সংগোপনে এড়িয়ে যায়।
এমনিতেই ৩ বছর বেকার থাকার কারণে বেশিরভাগের সাথেই যোগাযোগ নাই। তারপরও যে কয়জনের সাথে যোগাযোগ ছিলো তাদের এইরকম আচরণও আমার কাছে রহস্যময় লাগে।
তবুও এইসবের দিকে খুব একটা পাত্তা দেই না।
একটু খেয়ে পরে বেঁচে আছি এই অনেক।
চাকরিটা হয়ে যাওয়ার পরই নীলাকে নিয়ে আসি । আমার অবশ্য আনার কোনো ইচ্ছা ছিলো না। ও ই জোরাজুরি করে চলে এসেছে।
এই দুনিয়ার সবকিছুর চেয়ে ওকে আমার রহস্যময় লাগে।
ওর কোনো কাজেরই আমি কোনো লজিক খুঁজে পাই না।
আমাদের সম্পর্কটা সাধারণ আর দশটা স্বামী স্ত্রীর মতো না।
দুইজনই নিজের মতো থাকি। তবে ওর কিছু আচরণ বরাবরের মতই আমাকে বিস্মিত করে।
ও প্রায়ই রান্না করে ১১ টা পর্যন্ত আমার জন্য বসে থাকে
তবে সেটা এমন বড় কিছু না। গ্রামের মেয়েরা স্বামীর জন্য রান্না করে খাবার নিয়ে বসে থাকবে এটাই মনে হয় স্বাভাবিক।
তবে সবচেয়ে অবাক হই সেদিন যেদিন ৩ টার সময় ঘুম ভেঙে যায় আমার।
আর আমি চোখ খুলে দেখি অপ্সরী ঘুম জড়ানো চোখের মাদকতা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে! খানিকটা চুল সামনের দিকে এলোমেলোভাবে পড়ে আছে।
আমি চোখ খুলতেই কেমন যেনো অপ্রুস্তুত হয়ে ওইপাশ ফিরে শুয়ে পড়লো নীলা।
এইরকম অদ্ভুত কাণ্ড প্রায়ই করে ।
আমি ওইসব পাত্তা দেই না।
তবে আমার মাঝে মাঝে মনে হয় আমি খুব একটা খারাপ নেই।
একটা মোটামুটি মানের চাকরির কারণেই হোক বা নীলার কারনই হোক আমার মনে হয় অন্য আর ১০ টা আরবান মিডল ক্লাস ফ্যামিলির চেয়ে অনেক ভালো আছি আমি।
আর এই ভালো থাকার কারণেই হয়তো হাসিবের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম ।
তবে হাসিবের ব্যাপারটা আমার কাছে রহস্য হিসেবে ই রয়ে গিয়েছিলো।
সেইদিন সকালে আমাদের পেপার টা একটু উল্টেপাল্টে দেখছিলাম। নিজের সহকর্মীদের উপর বিশ্বাস না থাকার কারণে বা প্রতিদিন মিথ্যা খবর ছাপানোর কারণে আমার এই নিউজ পেপার জিনিসটার উপর থেকেই বিশ্বাস উঠে গেছে।
তবে সেদিন প্রথম পেজটাতেই চোখ আটকে যায় ।
আটকে না গিয়ে উপায় নাই অবশ্য। একটা জাতীয় দৈনিক যার পুরো প্রথম পৃষ্ঠা জুড়ে বিজ্ঞাপন।
তবে আমার চোখ আটকে যাওয়ার কারন অন্য।
বিজ্ঞাপনটা একটা আইটি ফার্মের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করা।
HBA IT Farm
আর নিচে তাদের সবগুলো সাইড venture এর নাম দেয়া।
সবচাইতে অবাক হলাম তাদের ডজনখানেক কোম্পানির ভিতর ঔষধের ব্যবসা ও আছে।
"রাজীব ফার্মাসিউটিক্যালস লিমিটেড"
পরে একটু ঘাটাঘটি করে দেখলাম বিশাল বড় কোম্পানি এটা।
ঔষধের পাশাপাশি সারা দেশে ৫২ টা ঔষধের দোকানও আছে।
রাজীব ফার্মেসী নাম।
তবে সবচাইতে অবাক হলাম উদয়কাঠীর মত মফস্বলে ওরা কেনো শাখা দিলো।
জিনিসগুলো কেমন যেন লাগলো আমার কাছে।
তবে হাসিবের ঐদিনের ব্যবহারের কারণেই হয়তো ওদের ব্যবসা নিয়ে আর ঘাটাঘাটি করার আগ্রহ পেলাম না।
৪.
অফিসে কাজের চাপে চূড়ান্ত রকমের বিরক্ত এর মধ্যেই বস ব্যাটা ২ বার এসে ঝাড়ি মেরে গেছে।
অবশ্য ওটাকে ঝাড়ি বললে ""ঝাড়ি"" শব্দটার অপমান করা হবে। গালাগালি বলা যায়।
আমার এই চকরিটায় বেতন মোটামুটি ভালো হলেও সবচাইতে বাজে জিনিসটা হলো ব্যবহার।
আমাদের মতো মোটামুটি লেভেলের যারা আছে তাদের সাথেই যে ব্যবহার করা হয় সেটা দেখলে মনে হয়না এই অফিসে আর কেউ চাকরি করতে চাইবে।
আমার বস অবশ্য আমার উপর অন্য একটা কারণে খ্যাপা।
গত ১ মাস ধরে সারা দেশের বালু ব্যবসায়ীদের নিয়ে একটা বিশাল প্রতিবেদন ছাপা হবে আমাদের পত্রিকায়।
মিথ্যা খবরের মাঝে কিছু সত্যি খবরও মাঝে মাঝে ছাপতে হয়। না হলে তো পত্রিকার রেপুটেশন নিয়ে টানাটানি পরে যাবে ।
১ মাস ধরে আমরা ৮ জন গাধার মত খাটছি। তারপরও দিনে অন্তত ১০ বার ঝাড়ি খাচ্ছি ।
তবে এইবার কেনো যেনো কাজটা করতে খারাপ লাগছে না । অনেকদিন পর এমন একটা কাজ করতে যাচ্ছি যেখানে আগে থেকে রেস্ট্রিকশন নাই কি লিখবো আর কি লিখতে পারবো না।
এই জন্যই বোধহয় ডিটেকটিভদের মত গত ২০ বছরের পেপার আর্কাইভ থেকে নিয়ে এসে দিন রাত এক করে ঘাটাঘাটি করে বালু সিন্ডিকেটদের প্যাটার্ন গুলো মিলানোর চেষ্টা করছি।
তবে আমার চোখ আটকে যায় অনেক বছর আগের একটা নিউজে। খুলনার উদয়কাঠীতে ভয়ঙ্কর বালু সিন্ডিকেট।
পেপার টা হাতে নিয়ে পড়া শুরু করতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে যেতে শুরু করলো ।
আমার সুপার হিরোগুলো কেমন করে যেনো ভিলেনে পরিণত হতে লাগলো।
উদয়পুরের বালু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে দুই ভাই ।
জামশেদ ফরাজি ও তার ভাই।
আর এই বালু সিন্ডিকেট ঠিক রাখার জন্য এমন কোনো খারাপ কাজ নাই যা তারা করে নাই। নিচে পুরো পৃষ্ঠা জুড়ে তাদের অপকর্মের লিস্ট দেয়া আছে।
তবে আমার পায়ের তলার মাটি সরে যায় একটা প্যারা পড়ার পর।
ব্যবসায়িক দ্বন্দ্বের যেরে স্থানীয় গার্লস স্কুলের হেডমাস্টার কে সপরিবারে হত্যা চেষ্টা।
ঘটনা অনেকটা এমন জামশেদ ফরাজি ও তার ভাইয়ের ব্যবসায় বাধা সৃষ্টি করার কারণে তারা দুই ভাই মিলে হত্যা চেষ্টা করে স্থানীয় গার্লস স্কুলের হেডমাস্টার আর তার দুই ছেলে কে।
তবে তারা সবাই পালিয়ে যেতে সক্ষম হয়।
এরপর তারা গোপনে ওই এলাকা ছেড়ে চলে যায়।
তবে তার কিছুদিন পরই ঘুমের মধ্যে রহস্যজনক ভাবে মারা যায় হেডমাস্টার সিদ্দিকুর রহমান আর তার বড় ছেলে খন্দকার রাজীব সরকার।
ধারণা করা হয় তাদের হত্যা চেষ্টা করার সময় স্লোপয়জনিং করা হয়েছিলো। তবে সবচাইতে খারাপ ব্যাপার হলো তার ছোট ছেলের উপরও আবার হামলা করা হয়।
তবে এটার কারন অন্য। জামশেদ ফরাজির বড় ছেলে ব্যক্তিগত দ্বন্দ্বের যেরে তার উপর হামলা চালায়। বাবা ও ভাইয়ের মৃত্যু তারপর নিজের উপর হামলা এইসব একসাথে হজম করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে ছোট ছেলে হাসিব বিন সিদ্দিক।
দীর্ঘদিন রিহ্যাব এ ও থাকতে হইছিলো তাকে।
সবটা পড়ার পর আমার মাথা ঘুরতে থাকে।
একে একে সব ডটগুলো মিলে যেতে শুরু করে। বাবা ও চাচার একইভাবে ঘুমের মধ্যে দুনিয়া থেকে চলে যাওয়া।
উদয়কাঠীতে রাজীব ফার্মেসী।
তবে আমার কাছে সবচাইতে খারাপ লাগে যেই মানুষটাকে আমার জীবনের সুপার হিরো ভাবতাম তার জঘণ্য রূপটা আমার সামনে বের হয়ে যাওয়ায়।
আর আমার ভাইয়া ও হাসিব দুইজনই নীলাকে পছন্দ করত সেটা জানতাম কিন্তু এই সামান্য কারণে একজনকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইবে?
আমার নার্ভ গুলো আবার এক্সসাইটেড হয়ে গেলো।
কেমন যেনো কিছু চিন্তা করতে পারছিলাম না।
কিছু জিনিস এখনও মিলাতে পারছিলাম না। তারপরও কেনো যেন এইগুলো নিয়ে চিন্তা করতেও ইচ্ছা করছিলো না।
বসের রুমে গিয়ে স্বাস্থ্য খারাপ বলে বের হয়ে আসলাম।
পিছন থেকে বস ব্যাটা গালাগালি করছিলো।
তবে আমার কানে এইসব কিছুই ঢুকছিলো না। আমার ভিতরে ঝড় বয়ে যাচ্ছে এখন। এইসব কথা ঢোকার প্রশ্নই উঠে না।
৫.
খুব দ্রুত রাস্তা দিয়ে হাঁটছি । বাসায় যাবো।
হালকা বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই রিকশাওয়ালাগুলো নবাবী শুরু করে দিয়েছে। আমিও আর ত্যালাইনাই ।
এখন মাথা তো একটু একটু কাজ করা শুরু করছে ।
আচ্ছা নীলা কি সব জানতো?
সেই অপরাধবোধ থেকেই কি এইরকম হয়ে গেসিলো?
এত বড় একটা ঘটনা আমার বাবা আর চাচা ধামাচাঁপা দিয়েছিলো কিভাবে?
এসব ভাবতে ভাবতে দ্রুত হাঁটছি ।
এর মধ্যে নীলার ফোন আসলো।
আমার ভাইয়াও বাবা আর চাচার মতো একইভাবে মারা গেছে।
কথা শেষ করতে পারলাম না। এর মধ্যেই একটা গাড়ি এসে ধাক্কা দিলো। সাইডে পড়ে গেলাম। খুব বেশি কিছু হলো না।
জাস্ট একটু ছিলে গেছে। পাশের মানুষজন দৌড়ে এসে ধরলো। কাছের ফার্মেসী তে নিয়ে যেতে চাইলো।
তাদের হাত থেকে প্রায় ছিটকে সরে আসলাম।
কোনভাবেই ফার্মেসীতে যাওয়া যাবে না।
খোঁড়াতে খোঁড়াতে বাসার দিকে দ্রুত হাঁটতে লাগলাম।
আমি হয়তো মারা যাবো। কারণ পরিবার হারানো এক সাইকোপ্যাথ এর টার্গেট আমি।
তবে আমার জন্য তেমন কোনো খারাপ লাগছে না।
খারাপ লাগছে নীলার জন্য।
কারণ আর একটাই বাকি আছে।
নীলা।
ওকে বাঁচাতে হবে।
এই প্রথমবার বাঁচার জন্য তীব্র আকাঙ্খা অনুভব করলাম।
আমার ভাই মারা গেছে। আমি নিজেও হয়তো মারা যাবো। বাট আমার ব্রেইন কেনো যেন এইসব নিয়ে চিন্তা করছে না।
শুধু নীলার কথা মনে পড়ছে।
প্রচন্ডভাবে বাঁচতে ইচ্ছা করছে।
একা না ।
নীলার সাথে।
এইযাত্রা যদি এই সাইকোপ্যাথ এর হাত থেকে বেঁচে যাই তাহলে নীলাকে নিয়ে অনেক দূরে চলে যাবো।
যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না।
হঠাৎ করে আমার চোখ ঝাপসা হয়ে গেলো।
মাথা কেমন যেনো ঘুরছে।
পাশের দেয়ালটা ধরার চেষ্টা করলাম ।
পারলাম না। ধপ করে পরে গেলাম ।
আশেপাশের কোনো মানুষ নেই এই রাস্তাটায়।
আচ্ছা আমি কী মারা যাচ্ছি?
চোখের সামনে সবকিছু ঝাপসা দেখছি।
এর মধ্যে মনে হলো সামনে নীলা আমার দিকে ঝুঁকে আছে।
তার চুলগুলো সামনে।
শুনছিলাম মৃত্যুর আগে মানুষ তার জীবনের সবচাইতে সুখস্মৃতি গুলো দেখে ।
আমিও কি সেটাই দেখছি?
যদি বেঁচে যাই তাহলে কি নীলা আবার আমার দিকে ঐভাবে তাকাবে?
নাকি আমি ওর দিকে এইভাবে তাকাবো?
"রুপসা"
-''আবির''
২০২৫ সালের কোনো এক রাত