নুরেমবার্গে এক কাপ চা
আবির মাহমুদ

আমি যখন প্রথমবার প্রেমে পড়েছিলাম তখন খুব সম্ভবত নাইনে পড়ি। সদ্য বয়ঃসন্ধিতে পা দেয়া অস্থির মস্তিষ্ক ।
যা দেখি তাই ভালো লাগে ।
মাল্টিকালার ইলিউশনের মতো মনের ভিতর ইমোশনের ঢেউ।
নতুন কাউকে দেখলেই 4 ডাইমেনশনাল টাইম ট্রাভেলে ২০ বছর সামনের জিনিস ভেবে ফেলা।
কৈশোর থেকে যৌবনে পা দেয়ার সেই উথালপাথাল সময় আমি সত্যিকারের প্রেমে পড়ে যাই ।
একবারে সত্যি প্রেম ।
প্লেটোর এলিগরি অফ দ্যা কেভ এর মুক্তি পাওয়া মানুষটার নতুন পৃথিবীর মতো সত্য।
আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মতো সত্য ।
কিংবা নুহ নবীর প্লাবনের মতো সত্য।
প্রথমবার আমি যখন “দিয়া” কে দেখি তখন আমি মানে আমরা বরিশালের এক ছোট্ট মফস্বলে থাকতাম ।
সন্ধ্যা নদীর পাড়ে এক ভয়ঙ্কর সুন্দর জায়গা।
ওর বাবা কি যেনো একটা সরকারি চাকরি করতো।
সেই সুবাদে ওদের ওখানে আসা।
প্রথমদিন ও যখন স্কুলে এসেছিলো তখন আমি হাঁ করে তাকিয়ে ছিলাম।
সাদা স্কুল ড্রেসে ওকে একটা অপ্সরীর মতো লাগছিলো।
শীতের সকালের সূর্যের আলো যেনো ওরে মুখে লেগে প্রত্যেকটা আলাদা ফোটন চারদিকে ছিটকে যাচ্ছিলো।
আমার বুকের বাম পাশে কিছু একটা ছটফট করছিলো ঠিক যেমন খাঁচায় আটকে পড়া পাখির মতো।
কিন্তু তখনও আমি জানতাম না এই মেয়ে শুধু আমার হৃৎপিণ্ড না ।
হৃদপিন্ড ভেদ করে প্রত্যেকটা নিউরনে টর্নেডো ঘটিয়ে দেবে।
বাবার চাকরির সুবাদে ২ বছর পর পরই জায়গা পরিবর্তন করা লাগতো আমাদের।
অনেকটা হুমায়ূন আহমেদ আর জাফর ইকবালদের মতো।
আমার অবশ্য ভালোই লাগতো।
প্রায় ২ বছর পর পরই নতুন নতুন জায়গা , নতুন মানুষ , নতুন পরিবেশ।
আমার কৈশোরের শেষ মানে খুব সম্ভবত ৮,৯ আর ১০ এই তিন ক্লাস আমরা ছিলাম বরিশালের একটা ছোট্ট মফস্বলে।
ছবির মতো ছোট্ট সুন্দর একটা জায়গা।
আসলে ওটাকে মফস্বল বললেও ভুল হবে।
গ্রাম আর মফস্বলের মাঝামাঝি কিছু একটা।
দিনের বেশিরভাগ সময় কাটতো স্কুলে , আর বাকি সময়টা মাঠে আর নদীর পাড়ে।
বেশ সুন্দর সময়।
কিন্তু তখনও জানতাম না একটা মেয়ে হঠাৎ করে এসে আমার জীবন ওভাবে এলোমেলো করে দেবে।
প্রথমদিন ওই দিয়াকে দেখার পর থেকে আমার মস্তিষ্কের সব নিউরনগুলো অন্যসব কাজ করা বন্ধ করে দেয়।
মানে অনশন এর মতো অনেকটা।
ওরা যেনো পন করেছে যে ওই একটা জিনিস ছাড়া আর কিছু ভাববে না।
কবির ভাষায় বললে, শয়নে স্বপনে শুধু দিয়া।
তখন অবশ্য ওর নামও জানতাম না।
প্রথমদিন ওকে ওর ভাই স্কুলে দিয়ে গেছিলো।
এসে স্বভাবতই মেয়েদের পাশে বসেছিলো।
আমি পুরোটা ক্লাস জুড়ে শুধু ওর দিকেই তাকিয়ে ছিলাম।
একটা মানুষ এতো সুন্দর হয় কিভাবে।
তখন আমাদের ছেলেদের মধ্যে অলিখিত নিয়ম ছিলো,
ক্লাসে থাকা মেয়েদের এক একজনের সাথে নাম জুড়ে মজা নেয়া।
আর নতুন কেউ আসলে তো কথাই নাই।
অন্য সবাই এই জিনিসটায় মজা পেলেও ইন্ট্রোভার্ট আমি কেমন যেনো অপ্রস্তুত হয়ে যেতাম।
সবসময় বন্ধুদের বলতাম , যেনো আমাকে এইটা থেকে রেহাই দেয়।
কে শোনে কার কথা।
কিন্তু প্রথমবারের মতো আমি যেনো চাইছিলাম আমার সাথে ওর নামটা জুড়ে দিয়ে ওরা খ্যাপাক ।
কিন্তু ফাটা কপালের জোরে আমার ভাগে ওটা জুটলো না।
জুটলো গিয়ে অন্য একটা ছেলের ভাগে।
এই প্রথমবার আমি অনুভব করলাম পৃথিবীতে জেলাসি নামে একটা জিনিস আছে।
কবিরা যে কবিতায় মন পোড়ার কথা বলতো আমি প্রথমবার বুঝলাম এই জিনিসটা আসলেও exist করে।
ওর সাথে কথা বলতে বেশি সময় লাগলো না ।
এক সপ্তাহ পরেই মকা মিলে গেছিলো।
আমরা সবাই এক ভাইয়ার কাছে প্রাইভেট পড়তাম।
একদিন কোনো এক কারণে অনেক আগে চলে গেছিলাম। কাউকে না পেয়ে স্বভাবতই একটা বই পড়তে শুরু করি। তখন আমার ব্যাগে সবসময়ই অন্তত একটা বাইরের বই থাকতো।
মফস্বলে বেশিরভাগ পরিবারেই বাইরের বই পড়াটাকে প্রচন্ত খারাপ ভাবে দেখা হতো।
সেই হিসেবে আমার বাসার মানুষজন মোটামুটি ফেরেশতা লেভেলে ছিলো।
আমার বাসা ভর্তি কয়েকটা শেলফে ছিলো গাদানো বই।
আর আমার ক্লাসের সবার বইয়ের সাপ্লায়ার ছিলাম আমি।
তখনই হুমায়ূন আহমেদ প্রায় সবটা ভাজা ভাজা করে ফেলেছিলাম ।
তাই ক্লাসের বই না পড়লেও বাইরের বই ঠিক ই গিলতাম ।
অবশ্য টিনেজ টেস্টোস্টেরন ও এক্ষেত্রে একটা নীরব ভূমিকা পালন করতো।
হলুদ আর কালো রংয়ের মলাটের বইটা এক পৃষ্ঠা শেষ করতে পারি নাই এর মধ্যেই হঠাৎ করে কেউ একজন বলে উঠলো, “তুমি হুমায়ূন আহমেদ পড়ো?”
আমি প্রায় ভূত দেখার মতো চমকে উঠলাম ।
তোতলাতে লাগলাম। আর তখনই ও আমার বুকে টর্নেডো তোলা হাসি দিয়ে বললো, আমি দিয়া। তোমাদের স্কুলে নতুন আসছি।
আমি তখন আর কোনো উত্তর দিতে পারছিলাম না।
মনে হচ্ছিল হৃদপিন্ডটা বাইরে বেরিয়ে আসবে।
ও অবশ্য নন স্টপ কথা বলে চললো।
আর সেইদিন ই হয়তো আমি , হুমায়ূন আহমেদের নীলপদ্ম থিওরি সত্য করে দিয়ে আমার জীবনের সবগুলো পদ্মফুল ওকে দিয়ে দিয়েছিলাম ।
এরপরই শুরু হলো বস্তাপঁচা বাংলা নাটক স্টাইলে আমাদের প্রেম।
সেইদিন থেকে ওই কোচিংয়ে সবার আগে যাওয়া যেনো আমাদের দুইজনের অলিখিত রুটিন হয়ে গেছিলো।
ও আমার সামনে বসে থাকতো আর বকবক করতো আর আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকতাম।
ও বলতো হুমায়ূন আহমেদ আর আমি শুনতাম ,
দিয়া
ও বলতো সমরেশ মজুমদার আমি শুনতাম,
দিয়া
ও বলতো নতুন কোনো গানের কথা আমি শুনতাম ,
আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে দিয়া ।
তখন নতুন নতুন মাল্টিমিডিয়া বাটন ফোন আসা শুরু হয়েছিল।
দুর্ভাগ্যবশত আমার হাতে একটা এসে যায় ।
আর দিয়ার বড় ভাইয়ের একটা ফোন ছিলো।
সেটা দিয়ে চলতে থাকে আমাদের অলিখিত প্রেম ।
যেই প্রেমের কোনো নাম নাই ।
ভাষা নাই ।
আমার এখনও সন্দেহ হয়, দিয়া কি আমাকে সত্যিই ভালোবেসেছিলো?
ও আসলে কখনই বলে নাই ভালোবাসি।
আমিও বলি নাই।
মানে বলতে পারি নাই আরকি।
কিন্তু পরক্ষণেই মনে হয় একজন মানুষ ভালো না বাসলে ঐভাবে মায়া নিয়ে চোখে তাকায় কি করে।
বড় বড় গোল চোখে তাকিয়ে বলতো ,
“জানো আবির, নতুন একটা গান বের হইছে।
একেবারে ভবঘুরে টাইপের একটা ছেলে , নোয়াখালীতে পড়ে।
রায়হান রাহী নাম।
ওর প্রত্যেকটা লাইন রিলেটেবল”
পরদিনই ম্যানেজ করে ফেলেছিলাম গানটা।
অনেকগুলো লাইন এর মধ্যে আমার মাথায় ঢুকেছিলো শুধু ,
“আমার প্রেমে ডুবে থাকা নারী , আমার বুমেরাং আহাজারি, আমার ফেলে আসা তাজা কাজলের চোখ, কবিতার মহামারী।”
এই গানটা নিয়ে কথা বলতে বলতেই একদিন বলেছিলো,
“আবির, তুমি কি আমাকে ভুলে যাবে?”
আমাকে উত্তর দেয়ার সুযোগ না দিয়েই রায়হান রাহীর মতো বলেছিলো
“আমাকে ভুলে যাওয়া সহজ নয় । যতটা সহজ নয় বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে বৃষ্টিস্নাত নুরেমবার্গ এক কাপ চা।”
আমি কোনো উত্তর দিতে পারি নাই।
অবশ্য ও উত্তর আশাও করতো না।
নিজেই সব বলে যেতো। নিজেই প্রশ্ন করতো আবার নিজেই উত্তর দিতো।
আর আমি ওর চোখকে প্রশ্ন করতাম , “আচ্ছা তুমি কি আমার ?”
কেনো যেনো মনে হতো ওর গোল গোল চোখ প্রত্যেকবার উত্তর দিতো কিছু একটা।
কিন্তু আমার মোটা মাথা সেটা পড়তে পারতো না ।
কিন্তু ওর চোখের একটা জিনিস আমি পড়তে পারতাম ।
একটা ভয়।
আর একটা দুঃখ।
যেটা প্রকাশ করার ভাষা নাই।
চোখ যেনো বলছে ওর জীবনের এই ক্যাওসকে প্রকাশ করার সামর্থ্য নেই ওর।
কিন্তু কোনো সুপার কম্পিউটারের মতো সেই ক্যাওসের মধ্য থেকে সঠিক ডেটা বের করার মতো সামর্থ্য তো আমারও নাই।
উল্টো আমি আরো এক দিকহারা নাবিক।
সে কিভাবে বুঝবে এতসব।
আমার গান শোনার অভ্যাস কোনোকালেই ছিলো না।
দিয়া ই আমাকে চেনায় রায়হান রাহী , ক্লোজআপ অন এর মুহীন , হাবিব , রুমি কিংবা আকাশ ।
পিংক ফ্লয়েড কিংবা ফিলিংস ।
আমাকে অর্থ ও বুঝায় ও ।
আমিও আস্তে আস্তে বোঝার চেষ্টা করি।
মুহিনের কলিজায় কলিজায় লাগে কিংবা রায়হান রাহীর টাইটেল ১০১ কিংবা কোনো ফোক কিংবা জেমসের জেল থেকে বলছি।
প্রথম শুনি দিয়ার কাছে ।
সন্ধ্যা নদীর পাড়ে একটা রেইন ট্রি গাছের তলায় ওরা প্রায়ই হাঁটতে যেতো।
আমি চুপিসাড়ে আমার ভাঙাচোরা সাইকেলটা নিয়ে পিছনে দাঁড়িয়ে থাকতাম।
ও দেখেও না দেখার ভান করতো।
এইরকম তীব্র বয়ঃসন্ধি প্রেম বা প্রেম নামের মোহ চলার সময় হঠাৎ করে একদিন দিয়ার বাবা মারা যায়।
শক্তপোক্ত একটা ভদ্রলোক , হঠাৎ করে বিনা নোটিশে মারা গেলো।
এবং তারপরই আমার জীবনের সবচেয়ে বড় এবং খুব সম্ভবত প্রথম ধাক্কাটা খেলাম।
ওর বাবা মারা যাওয়ার এক মাসের মধ্যে ওরা ওই এলাকা ছেড়ে চলে গেলো।
শুধু চলে গেলো না, আমার জীবন থেকে দিয়া নামটা ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেলো।
যেনো দিয়া নামে কেউ কখনও আমার জীবনে ছিলোই না।
বোনাস হিসেবে ফোন নম্বরসহ সমস্ত যোগাযোগের ব্যবস্থা বন্ধ করে দিয়েছিলো।
অনেক চেষ্টা করেছিলাম জানতে , কিন্তু কোনো হদিস করতে পারি নাই।
তারপর যা হওয়ার তাই হলো।
কৈশোরে বিরহের যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রায় বিছানায় পরে গিয়েছিলাম।
সৌভাগ্যবশত সব দোষ গিয়ে পড়লো বেলাল মামার হোটেলের ঘাড়ে।
আম্মু অবশ্য কিছু আঁচ করতে পেরেছিলেন। কিন্তু কিছু বলেন নাই।
তবে সেই বিরহের যন্ত্রণা দিয়ে সেরে উঠতে খুব বেশি সময় লাগলো না।
কিন্তু চিকেন পক্স যেমন চলে যাওয়ার পরও তার নিশান রেখে যায়, তেমনই আমার মনেও কালো একটা নিশান রেখে গেলো।
আমি আর জীবনে কোনোদিন প্রেমে পড়তে পারি নাই।
তারপর জীবন স্রোতের টানে কোথায় যে ভেসে গেলাম নিজেও জানি না । দিয়া দের মতো আমরাও ওই এলাকা ছেড়েছিলাম ।
আরও এক বছর পর ।
তবে হঠাৎ করে না।
সো কল্ড ভালো এডুকেশন এর জন্য ।
কিভাবে যেনো ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর সেখান থেকে জার্মানি।
আমি যে একেবারেই প্রেমে পড়ি নাই এমনও না। ফিজিক্সের প্রেমে পড়েছিলাম কলেজ থাকতে। সেই ফিজিক্স অবশ্য আমাকে ৩০ বছর আগের দিয়ার মতো বিরহ দেয় নাই। এই ছোট্ট জীবনে যা পেয়েছি সবকিছু ই এই ফিজিক্স দিয়েছে।
এমনকি আজকে এই জার্মানি পর্যন্ত টেনে এনেছে।
মেটে রঙের একটা কফির দোকানে ধোয়া ওঠা তিতকুটে কফিতে চুমুক দিতে দিতে এইসবই ভাবছিলাম ।
৩০ বছর আগের স্মৃতি। কিছুটা ঝাপসা কিছুটা একবারে স্বচ্ছ কাঁচের মতো।
জীবন কাকে যে কখন কিভাবে টেনে নেয় বলা মুশকিল।
এইযে আজকে এখানে বসে আছি। ।
এটাও একেবারে আকস্মিক।
আমি থাকি মিউনিখে । এখান থেকে ১৬৯ কিলোমিটার দূরে।
মিউনিখের একটা ভার্সিটিতে পার্টিকেল ফিজিক্স পড়াই। ভালোই লাইফস্টাইল ।
বাবা মা মারা যাওয়ার পর আর দেশে যাই নাই। কেনো যাই নাই সেটাও একটা রহস্য।
এমন না যে দেশে কেউ নাই। দেশে অনেকেই আছে এবং তাদের সাথে মোটামুটি ভালোই যোগাযোগ আছে।
তারপরও যাওয়া হয় নাই।
যাবো যাবো করতে করতে বয়স পঞ্চাশ এর কোঠায়। কোনো অনুষ্ঠানে গেলে ছেলেপেলেরা বলে স্যার আপনি তো চির তরুণ।
তার মানে বুড়ো হয়ে গেছি আসলে।
চির তরুণ তো আর তরুণ কাউকে বলবে না ।
আমার বয়ঃসন্ধি প্রেম আর চুল পাকার ফিলোসফিকাল ভাবনায় ব্যাঘাত ঘটালো সামনের টেবিলে বসে থাকা এক ভদ্রলোক। বেশ উচ্চস্বরে কথা বলছে। তার সামনে খুব সম্ভবত তার স্ত্রী এবং তার পাশে একটা মেয়ে বসা ।
এইসব দেশে মানুষ সাধারণ অন্যদের কথা শোনে না। ওদের ব্রেইনই আলাদাভাবে ফাংশন করে এই ক্ষেত্রে।
আর আমরা বাংলাদেশীরা চাইলেও না শুনে থাকতে পারি না।
কথার ফাঁকে হঠাৎ প্রথমবারের মতো ভদ্রলোকের পাশের মেয়েটার দিকে তাকালাম এবং মোটামুটি বড় ধরনের একটা শক খেলাম। অবিকল দিয়ার মতো একটা মেয়ে তার টেবিলের পাশে বসে আছে ।
কিন্তু সাথে সাথেই লজিক দিয়ে মস্তিষ্ককে ঠান্ডা করলাম।
দিয়ার বয়স এখন হওয়ার কথা ৫০ এর আশেপাশে ।
কিন্তু এই মেয়ের বয়স ২৫ এর বেশি কোনোভাবেই হবে না । আর এতক্ষণ ধরে পুরোনো স্মৃতি মনে করার হ্যালুসিনেশনও হতে পারে।
খুব সম্ভবত তাদের মধ্যে কোনো সমস্যা চলছে।
ব্রিটিশ এক্সেন্টে ভদ্রলোক যে কথাগুলো বললো তার মানে অনেকটা দাঁড়ায় , তুমি শুধু শুধু জেদ করছো। এখানে অনেক মানুষের জীবনের প্রশ্ন।
তাদের এইসব ব্যক্তিগত কথা শোনার চেয়ে নিজের কাজে মনোযোগ দেয়াটাকে বেশি প্রয়োজনীয় মনে করলাম।
কিন্তু পরক্ষণেই মনে হলো আমার আসলে এখন তেমন কোনো কাজ নেই।
এখানে এসেছি একটা সেমিনারে বক্তৃতা দিতে। আজকে বিকেলে করার কিছু ছিলো না তাই এই হোটেলের পাশে একটা কফিশপে ঢুকে সময় কাটানোর ব্যর্থ প্রচেষ্টা।
কিন্তু সেই মিশনে ব্যাঘাত ঘটাচ্ছে সামনের টেবিলের ভদ্রলোক।
ততক্ষণে অবশ্য তার সামনে বসা স্ত্রীর সাথে রাগ করে বাইরে বেরিয়ে গেলো।
ভদ্রলোক বেরিয়ে যাওয়ার সাথে সাথে মনে পড়লো আজকে আমার একজনের সাথে দেখা করার কথা । সে হয়তো হোটেলে অপেক্ষা করছে আমার জন্য ।
তাই বলতে গেলে সামনের টেবিলের লোকটার সাথে সাথেই ক্যাফে থেকে বেরিয়ে গেলাম।
বাইরে এসে স্বভাবতই নিকোটিন সেবন করার জন্য পকেটে হাত দিয়ে দেখি আমার সাধের লাইটার টা নাই।
লাইটার আনার জন্য তামাটে রংয়ের ছোট ক্যাফেটার দরজা খুলে ভিতরে ঢুকতেই মনে হলো কেউ আমার বুকের মধ্যে হাতুড়ি দিয়ে জোরে একটা বারি দিলো।
আমার সামনের টেবিলের সেই ভদ্রমহিলার চেহারাটা প্রথমবারের মতো দেখলাম।
আমার সামনে অঞ্জন দত্তের বেলা বোসের মতো , কিংবা জেমসের কবিতার মতো কিংবা ইওর নেম এর মিৎসুহার মতো কিংবা জীবনানন্দের বনলতা সেনের মতো মহাকালকে থামিয়ে দিয়ে বসে আছে দিয়া।
রায়হান রাহীর গানের ফেলে আসা কাজলের চোখ এর মতো এক জোড়া গোল চোখ আমার দিকে তাকিয়ে আছে।
যার চুলের মাঝে অকালপক্ক কিছু সাদা চুল হাবুডুবু খাচ্ছে।
বয়স হয়তো অনেক হয়েছে
কিন্তু ৩০ বছর আগের সেই ধারালো অস্ত্রের মতো আমার বুককে এফোর ওফোর করে দিচ্ছে।
প্রত্যেকটা নিউরনকে বিশৃঙ্খল করে দিচ্ছে আগের মতো।
বাটারফ্লাই ইফেক্টের মতো ৩০ বছর আগে প্রায় তছনছ করে দেয়া আমার জীবনকে আবার ভেঙেচুরে নিঃশেষ করে দেয়ার জন্য আমার সামনে দাড়িয়ে আছে দিয়া।
এই ৩০ বছরে বদলে গেছে পৃথিবীর অনেক কিছুই,
বাংলাদেশের আয়তন বেড়েছে । রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামে চলে গেছে।
প্রতিবেশী দেশ ২টা বেড়ে হয়েছে ৮ টা ।
এআই মানব সভ্যতার দখল না নিলেও কেড়ে নিয়েছে মানুষের বেশিরভাগ জিনিস। আবেগ অনুভূতি তো নাই বললেই চলে। প্রত্যেকের কানের সাথে লাগানো থাকে ছোট্ট একটা যন্ত্র। মানুষের সব কাজ মোটামুটি ওটাই করে।
কনসার্টে এখন আর মানুষ গান গায় না। মাইকেল জ্যাকসন থেকে শুরু করে বব ডিলান কিংবা পিংক ফ্লয়েড।
জেমস অথবা অখ্যাত রায়হান রাহী।
সবাই কনসার্টে পারফর্ম করে।
মানে তাদের avatar করে আরকি। কিন্তু মানুষের বোঝার সাধ্য নাই যে ওটা avatar।
সব জিনিসই এখন available ।
কিন্তু একটা জিনিস rare সেটা হলো আবেগ।
আর সেই আবেগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া আমার অতীত স্মৃতি সামনে দাড়িয়ে ।
বাংলাদেশ থেকে ৭০৩৪ কিলোমিটার দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বায় মাথায় নিয়ে সগর্বে দাঁড়িয়ে থাকা নুরেমবার্গের একটা ছোট্ট কফিশপে এক কাপ কফি নিয়ে বসে আছে “”দিয়া””
আমার কৈশোর আর যৌবনকে অস্থেটিক পেইন্টিংয়ের মতো বিরস বানিয়ে দেয়া “দিয়া”।
আমার মস্তিষ্ক আসলে প্রসেস করতে পারলো না কি বলতে হবে।
সে ই অবশ্য নীরবতা ভাঙলো , বললো তুমি এখানে ??
যেনো আমাদের গতকাল ই দেখা হয়েছে। মাঝখানে যেনো কিছুই হয় নাই।
আগের মতই আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে শুরু করলো কথা বলা ।
“বসে নাও। না হলে পরে যাবে তো।”
ওইদিকে আমার কানে লাগানো আবেগহীন যন্ত্রটা বলে চললো ,
Abir , Are you ok?
your heartbeat is so fast?
what's wrong ?
আমার কানে ওইসব কিছু ঢুকছে না । আমার কান দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ গানের মতো মাদকতা ছড়িয়ে ঢুকছে দিয়ার কন্ঠস্বর ।
৩০ বছর আগে বুঝেছিলাম, তৃষ্ণা শুধু পানির হয়না।
কাউকে দেখার, কারো কথা শোনারও ভয়ঙ্কর তৃষ্ণা হয় ।
এতো বছর পর সেই তৃষ্ণা মেটানোর জন্যই হয়তো দিয়া বলে বসলো,
আমি তোমার সব খবর ই রাখি । তোমার রিসার্চ পেপার গুলো আসলেই কাজের।
তবে সাবধানে থেকো।
এমনভাবে বলে চললো যেনো আমাদের এই কফিশপে বসে কফি খাওয়া নিত্যদিনের রুটিন ।
রহস্যজনকভাবে এড়িয়ে গেলো ৩০ বছর আগের সব কথা।
যেনো ৩০ বছর আগে দিয়া এবং আবির নামে কেউ ছিলোই না।
যেনো আমাদের পরিচয় এখনকার কোনো সময়ে।
আজকে ৩০ বছর পর ২০৩৫ সালে দিয়ার ইচ্ছাটাকে সত্যি করে দিয়ে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সেই নুরেমবার্গ এ
এক কাপ চা নিয়ে মুখোমুখি বসে আছি আমি আর দিয়া।
ওর মুখে বয়সের বলিরেখা আর আমার পুরো শরীরে।
জানান দিচ্ছে এই পৃথিবীতে আমাদের সময় আর বেশি নাই।
হঠাৎ করে দিয়ার ফোনটা বেজে উঠলো।
কোনো ধরনের ভনিতা না করে ই বলে ফেললো, আমাকে যেতে হবে ।
বলেই আমাকে অবাক করে দিয়ে বলে বসলো,
This is a unexpected Meetup.
আজকে আমাদের দেখা না হলেই ভালো হতো।
অবশ্য আমাদের কখনও দেখা না হলেই ভালো হতো।
One day you will meet again. May be at the same place.
or not.
That day you will know everything.
বলেই আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ই হাটা শুরু করলো।
আমি পিছনে ঘুরে তাকিয়ে আছি দিয়ার চলে যাওয়ার দিকে।
গলার ভিতর দলা পাকানো কথাগুলো ছিটকে বের হয়ে যেতে চাইছে ।
বাইরের সামান্য তুষার পড়ছে।
তার মধ্যে হেঁটে যাচ্ছে দিয়া।
না ‘দিয়া’ না,
হয়তো কেউ একজনের মা।
হয়তো কারো স্ত্রী।
আজকে চাইলে ঘটনাগুলো অন্যভাবে ও হতে পারতো।
আমার সামনে এই “দিয়া” হেঁটে না গিয়ে আমার দিয়া ও হেঁটে যেতে পারতো।
তখন হয়তো দুই মধ্যবয়স্ক মানব মানবী তাদের সব বাধা ভুলে গিয়ে ৩০ বছরের যন্ত্রণা নিয়ে একে অপরকে জড়িয়ে ধরতে পারতাম।
দিয়া হয়তো বনলতা সেনের মতো চোখ তুলে বলতো , এতদিন কোথায় ছিলে?
কিন্তু প্রকৃতি আসলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিছু জিনিস চাইলেও করতে পারে না।
চাইলেও ওই হেঁটে যাওয়া মহিলাটাকে আমার দিয়া হিসেবে আমার সামনে এনে হাজির করতে পারে না।
কারণ ওইদিকে তার জন্য প্রবল অপেক্ষা নিয়ে বসে আছে অন্য কেউ ।
“নুরেমবার্গে এক কাপ চা”
আবির
১৮/০৪/২৫