ABIR.
All writings

নিস্তব্ধ

আবির মাহমুদ

A mother and daughters on a mound in a moonlit paddy field

বিলের মাঝখানে একটা ছোট্ট ঢিবির মত জায়গায় বসে আছে লুৎফা বানু।

আশেপাশে খুব একটা বাড়িঘর নেই। তাই এই নিস্তব্ধ রাতকে যেনো আরো নিস্তব্ধ লাগছে।

শীতের তীব্র ঠান্ডা বাতাস ঝিরঝির করে গায়ে এসে কাটা দিচ্ছে।

কিন্তু সেসবের কিছুই লুৎফা বানুর মস্তিষ্ক স্পর্শ করতে পারছে না।

এই মরুভুমির মতো ধানক্ষেতে ৩টা প্রাণী বসে আছে।

অন্য সময় হলে ৪ বছরের ছোট মেয়েটা কান্নাকাটি করতো।

কিন্তু ঘটনার আকস্মিকতায় মা ও বুবুর মতো সেও হতচ‌কি‌য়ে গে‌ছে ।

শুধু আজকের রাত না , গত এই ৬ মাসের ঘটনায় সেও যেনো বড় হয়ে গেছে।

এই নিস্তব্ধ রাতের নীরবতা ভেঙে হঠাৎ ৪ বছরের ছোট্ট নাদিয়া মাকে বলে বসলো,

“মা! আব্বা কি মোগো আর ঘরে নেবে না?”

এতক্ষণ নীরবে চোখের পানি ফেলা লুৎফা বানু হঠাৎ করে

৪ বছরের নাদিয়া আর ১৪ বছরের উঠতি বয়সী মেয়ে সুমাইয়াকে বুকে জড়িয়ে হুহু করে কান্না করে দিলো।

মায়ের দেখাদেখি ২ বোনও কান্না করছে।

তাদের ৩ জনের ই কেনো যেনো মনে হলো অথৈ সাগরে পড়েছে তারা। তাদের বাঁচানোর মতো কেউ নাই।

কেউ না।

হঠাৎ করে লুৎফা বানুর মনে হলো এইভাবে কান্না করাটা আসলে তার ঠিক হচ্ছে না ।

কিন্তু কোনোভাবেই সে কান্নাটা আটকাতে পারছে না।

তার আসলেই মনে হচ্ছে এখন তার আসলে যাওয়ার কোনো জায়গা নাই।

তাকে তার দুই মেয়ে সহ একটু আগে তার স্বামী দেলোয়ার গাজী ঘর থেকে বের করে দিয়েছে।

বলেছে এই আপদ সহ সে যেনো আর কোনোদিন ঘরে না আসে।

আজকে তার রাগের অবশ্য কারণ আছে।

যেই লুৎফা তাকে কোনোদিন আপনি ছাড়া কথা বলেনি সেই লুৎফা আজকে তাকে তুই তোকারি করেছে।

বলেছে,

“আল্লাহ যেনো ওই জায়গায়ই তোর মওত ঘটায়।”

দেলোয়ারও অবশ্য চুপ করে থাকেনি।

সাথে সাথে কোমর বরাবর একটা লাথি দিয়েছে।

লুৎফা ছিটকে গিয়ে ৪ হাত সামনে পড়েছে।

এরপর অবশ্য ক্ষান্ত থাকেনি সে।

২ মেয়েসহ তাকে বের করে দিয়েছে।

২.

লুৎফা বানুর এখন চিন্তা করার কথা এই রাতে সে দুই মেয়েকে নিয়ে কোথায় যাবে সেটা।

কোনো আত্মীয়ের বাড়ি যাওয়া যাবে না, কারণ এইসব ঘটনা বাইরের মানুষ জানলে হিতে বিপরীত হতে পারে।

বাবার বাড়িও যাওয়া যাবে না।

কারণ বাবার বাড়ি আসলে বাবার বাড়ি নাই।

মা মারা যাওয়ার পর বাবার বাড়িটা কেমন যেনো অচেনা লাগে তার কাছে।

মায়ের মৃত্যুর আগে ভাই ও ভাবি অন্তত বিরক্তি লুকানোর চেষ্টা করতো।

এখন অবশ্য সেই চেষ্টাও করে না।

তবে কখনও সরাসরি কিছু বলে নাই এটা ভেবেই খুশি সে।

কিন্তু যতো যা ই হোক এই বিপদ নিয়ে ভাইয়ের বাড়ি যাওয়া যাবে না।

এতসব কিছু অন্য সময় হলে চিন্তা করতো।

কিন্তু এখন তার মস্তিষ্ক বিক্ষিপ্ত।

এসবের বদলে তার মনে পড়ছে দেলোয়ার এর সাথে তার বিয়ের দিনের কথা।

এইরকমই এক শীতের দিনে বিয়ে হয়েছিলো তাদের।

লুৎফা তখন ৮ম শ্রেণীতে পড়ে।

গ্রামের হিসেবে এটা অনেক বয়স।

লুৎফার বাবার অনেক ইচ্ছা ছিলো মেয়েকে পড়ালেখা করাবেন।

ডাক্তার বানাবেন।

এটা যে বামন হয়ে চাঁদে যাওয়ার মতো ব্যাপার সেটা সে ঠিকই জানতো।

তারপরও সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলো মেয়েকে পড়ানোর জন্য।

মেয়েও তার দিনমজুর বাবার পরিশ্রমের টাকার প্রতিদান দিচ্ছিলো।

পুরো স্কুলের মধ্যে ফার্স্ট হতো সে।

একবার উপজেলা থেকে স্কুল ভিজিট করতে এসেছিল।

তখন তারা লুৎফার বাবাকে ডেকে বলেছিল মেয়েকে পড়াশুনা করাতে।

তার ব্রেইন অনেক ভালো।

কথাটা শুনে নুরুজ্জামানের মুখ একশো ওয়াট বাল্ব এর মতো জ্বলে উঠেছিলো।

তবে সেটা আর বেশিদিন স্থায়ী হয় নাই।

গ্রামের মানুষের চাপে ৬ মাসের মাথায় বিয়ে দিয়ে দিতে হয়েছিলো।

পাত্র অবশ্য খারাপ না।

পাশের গ্রামের দেলোয়ার ।

পড়াশুনা খুব একটা না করলেও গ্রামের হিসেবে অনেক ভালো ছেলে।

গ্রামের অন্য সবার মতো নেশা করে না, নারী দোষও নাই।

এইরকম ছেলে এখন সোনার হরিণ।

এই ছেলেকে কেউই হাতছাড়া করতে চাইবে না।

লুৎফার বাবাও করেনাই ।

এক সপ্তাহের নোটিশে বিয়ে হয়ে যায় লুৎফার।

লুৎফার এখনও স্পষ্ট মনে আছে তাদের বিয়ের রাতের কথা ।

দরিদ্র দেলোয়ারের বাড়িতে ঘুপচী একটা একটা ঘরে বাসর হয়েছিলো তাদের ।

কিশোরী লুৎফা ভয়ে গুটিয়ে গিয়েছিলো।

তাদের বাসর ঘরটা ছিলো ওই বাড়ির একবারে দক্ষিণ পাশে।

আর সেদিকে ছোট একটা দরজা আর জানালা।

জানালাটা দিয়ে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত দেখা যায়।

বাসর রাতে ননদেরা যখন অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথা বলছিলো লুৎফার তখন লজ্জায় মাটিতে ঢুকে যেতে ইচ্ছা করছিলো।

রাত একটু গভীর হলেই সবাই তাকে ঘরে রেখে চলে যায়।

একটা ঘরে ভীতসন্ত্রস্ত লুৎফা দেলয়ারের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে শেষে দক্ষিন দিকের ওই জানালা দিয়ে বাইরে নেমে দাঁড়িয়ে ছিলো।

আনুষ্ঠানিকতা শেষে দেলওয়ার যখন ঘরে ঢুকে তখন তার সদ্য বিবাহিতা স্ত্রী কে না দেখে হতচকিয়ে যায়।

পড়ে দরজা খোলা দেখে বাইরে গিয়ে দেখে ছোট একটা কাটা গাছের গুঁড়ির উপর বসে আছে লুৎফা।

দেলওয়ার সন্তপর্নে গিয়ে লুৎফার পাশে বসে।

দেলওয়ার এর এর হঠাৎ আগমনে লুৎফার মনে এক ঝড় বয়ে যায়।

কারণ অবশ্য আছে, পাশের এই লোকটিকে আগে কখনো দেখেনি সে। কিন্তু এই লোকটির সাথেই তার বাকি জীবন কাটিয়ে দিতে হবে।

আচ্ছা এই লোকটা যদি খারাপ হয়?

বান্ধবীদের কাছে সে শুনেছে বিয়ের রাতেই নাকি খারাপ লোকেরা বউয়ের উপর ঝাপিয়ে পড়ে ।

আচ্ছা এই লোকটা কি বাইরে বসেই তার উপর ঝাঁপিয়ে পড়বে?

তার ভাবনায় ছেদ ঘটালো , দেলওয়ার এর ক্লান্ত কণ্ঠের সালাম।

তার এই একটা শব্দই যেনো লুৎফার সমস্ত ভয় নিমিষের মধ্যে হাওয়ায় মিলিয়ে দেয়।

তার মনে হতে থাকে এই লোকটার সাথে তার বাকি জীবন মনে হয় খুব একটা খারাপ কাটবে না।

এইভাবেই তারা বসে থাকে কিছুক্ষণ। লুৎফা বা দেলওয়ার কেউই কোনো কথা খুজে পাচ্ছিলো না।

তবে আস্তে আস্তে দুইজনই স্বাভাবিক হয়ে আসে।

কথা শুরু করে ।

এর মধ্যেই হঠাৎ করে দেলওয়ার লুৎফার হাতটা তার হাতের মুঠোয় নিয়ে নেয়।

দুজনের শরীরে আচমকা শিহরণ জেগে যায়। তাদের দুজনের জীবনেই প্রথম স্পর্শ এটা।

পৃথিবীতে প্রথম হালাল স্পর্শে লুৎফা আর দেলওয়ার দুজনই অদ্ভুত এক অনুভূতিতে ভেসে যায়।

দিগন্ত থেকে ছুটে আসা রাতের ঠান্ডা বাতাস তাদের এই অনুভূতিকে যেনো কয়েকগুণ বাড়িয়ে দেয়।

দেলওয়ার লুৎফার হাতদুটো নিয়ে বুকের ভিতর চেপে ধরে।

অবাক বিস্ময়ে লুৎফা দেলোয়ারের চোখের দিকে তাকিয়ে থাকে।

হঠাৎ করে বিলের মাঝখানে ব্যাঙের ডাকে ভয় পেয়ে যায় লুৎফা।

আচমকা জড়িয়ে ধরে দেলোয়ারকে।

দেলোয়ারের মনে হয় একটা ছোট কবুতর তার বুকের ভিতর আশ্রয় নেয়ার চেষ্টা করছে।

সেও শক্ত করে জড়িয়ে ধরে লুৎফাকে।

বিস্তীর্ণ ধানক্ষেতের মাঝখানের একটা ছোট্ট বাড়ির পাশে , গভীর রাতের তীব্র ঠাণ্ডা বাতাসের মধ্যে এক জোড়া মানব মানবী একে অপরকে জড়িয়ে ধরে বসে আছে অনন্ত মহাকাল, এরকম ই এক ভয়ঙ্কর দৃশ্য দিয়ে শুরু হয়েছিলো লুৎফা বানু আর দেলওয়ার গাজীর জীবন।

কিন্তু লুৎফা তখনও জানতো না কি ঝড় অপেক্ষা করছে তার জীবনে।

৩.

বিয়ের পর লুৎফা যেনো হাওয়ায় ভাসছিল।

চারদিকে সবকিছুই যেনো রঙিন লাগছিলো।

অবশ্য না লাগারও কোনো কারণ ছিলো না।

দেলোয়ারের পুরুষসুলভ পরিপক্ক আচরণে নতুন জীবনে এক সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হয়ে এসেছিলো লুৎফা।

এরপর দেড় বছরের মাথায় জন্ম নেয় তাদের প্রথম সন্তান।

লুৎফা ই নাম রেখেছিল সুমাইয়া।

মেয়ে ঘরে আসার পর তাদের সংসার যেনো আরো পোক্ত হয়ে উঠছিলো।

তখন লুৎফা স্বপ্নেও ভাবেন নাই ১৫ বছর পর তার এই সুন্দর সংসার বিচ্ছেদের দোলাচলে দুলতে থাকবে।

সমস্যা শুরু হয় ছয় মাস আগে।

দেলওয়ার যেই রাইস মিলে কাজ করে সেখান থেকে লুৎফার কানে নানা রকম গুজব আসতে থাকে।

দেলোয়ার নাকি জয়নাল মিয়ার বউয়ের সাথে পরকীয়া করে।

জয়নাল মিয়ার বউ সাহানা ও ওই মিলে কাজ করে।

কর্মচারীদের রান্নাবান্না করে খাওয়ায়।

লুৎফার কানে এ কথা আসলো তখন এগুলো বিশ্বাস করেনি।

অবশ্য বিশ্বাস করার মতো কোনো কারণও ছিল না।

উড়ো কথা ভেবে উড়িয়ে দেওয়া কথাগুলো যেন সত্যি হয়ে ধরা দেয় তার মাঝে যখন সে খেয়াল করে দেলোয়ারের আচরণ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে ।

তার বিশ্বাসের ভীত কে আরো মজবুত করে যখন সে এক কাজে বাজারে যাওয়ার সময় দেখে মিলের গেট দিয়ে শাহানা আর দেলোয়ার একসাথে ঢুকছে।

দেলোয়ারের প্রতি তার তীব্র ভালোবাসার কারণে এতসব কিছুর পরও সবকিছু মিথ্যা মনে হতে থাকে তার কাছে।

লুৎফা নিজেকে প্রতিনিয়ত বুঝাতে থাকে এগুলো সব কিছুই মিথ্যে । কিন্তু দেলোয়ারের পরিবর্তিত আচরণ তাকে আবার সত্যি ভাবতে বাধ্য করে।

লুৎফা নিজে খুব পড়াশুনা না করলেও তার পাশের বাড়ির ভাবির সাথে থেকে অনেক কিছু শিখেছে।

ভাবি অনেক পড়াশোনা জানা মানুষ।

অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে।

কিছু কিছু লুৎফার মাথায় ঢুকে বেশিরভাগই বের হয়ে যায়।

তবু প্রায় তার কাছে যেয়ে বসে থাকে লুৎফা।

তার জাগতিক যত সমস্যা আছে সবকিছুর পশরা সাজিয়ে বসে।

ভাবে যেন সব সমস্যার সমাধান নিমিষেই দিয়ে দেয়।

দেলোয়ারের এরকম আচরণে লুৎফার প্রায়ই ভাবির বলা কথাগুলো মনে পড়ে ।

কোন কথার উপরে জানো ভাবি একবার বলেছিল,

“জানো লুৎফা ? ভালোবাসা অদ্ভুত জিনিস। এটাকে খুব বেশিদিন লুকানো যায় না আর অভিনয় ও করা যায় না।

কোন না কোন ভাবে প্রকাশ পেয়েই যায়।

শুধু মানুষ না দেখবা রাস্তার কুকুর-বিড়ালও কিন্তু সবার সাথে যায় না।

সবাই খাবার নিয়ে গেলেও ওরা খায় না।

আর কিছু মানুষ খাবার না দিলেও তাদের কাছে ঘুর ঘুর করে। জাগতিক বিষয়াদির মধ্যে ভালোবাসা এমন একটা জিনিস যেটা সব প্রাণীর সমান।”

লুৎফা দেলোয়ারের চোখে আগের সেই চাহনিগুলো দেখে না ।

দেলোয়ার আর আগের মত রান্না করার সময় চুলার পাশে বসে আঙ্গুল দিয়ে খোঁচা দেয় না।

রাতে মেয়েরা ঘুমিয়ে পড়লে, ডেকে নিয়ে ওই দক্ষিণ পাশের বাতাসের মধ্যে বসে না কখনও।

লুৎফার তীব্র ভালবাসা সবকিছু বিশ্বাস না করতে দিলেও লুৎফা বুঝে যায় আগের মত কিছু আর নাই।

কিছু একটা পরিবর্তন হয়েছে। এই দেলোয়ারার সেই দিলওয়ার এক না।

তার মনে হতে থাকে আগের দেলোয়ার মারা গেছে।

তার সামনে দাঁড়িয়ে আছে অন্য এক দেলোয়ার।

এ দেলওয়ারকে সে চেনেনা।

পাশের বাড়ির মাকসুদা ভাবীর সাথে লুৎফা সব কথাই বলে।

গত ছয় মাস দেলোয়ারের এই আকস্মিক পরিবর্তন।

এবং কোনো কারণ ছাড়াই হঠাৎ মারধর এর ঘটনাও সে জানে।

সে লুৎফাকে বলেছিল কিছুদিন দেলোয়ারের সাথে কথা না বলতে।

কিন্তু লুৎফা সলজ্জ মুখে উত্তর দিয়েছিল,

“আফা মুই মোর ব্যাডার লগে কতা না কইয়া থাকতে পারি না”

মাকসুদা বেগম মুচকি হেসেছিল।

তখন তার মনে হচ্ছিল দেলোয়ার নামের এই যুবকটি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস গুলোর ভেতর একটা বিনামূল্যে পেয়ে ও ইচ্ছাকৃতভাবে হারাচ্ছে।

যেটার জন্য কিছু মানুষ এক জনম অপেক্ষা করে।

আর সেটা হারালে কয়েক জনম অপেক্ষা করেও পাওয়া যায় না।

সে অবশ্য লুৎফাকে এই কথা বলেনি।

৪.

সেদিন রাতের মত করেই লুৎফা আজও মেয়ে দুটোকে জড়িয়ে বসে আছে ।

ওই দিনের চেয়ে একটু আলাদা।

ঐদিন বিলের মাঝখানে বসে ছিল আজ উঠানে বসে আছে।

ঐদিন রাতটা নিস্তব্ধ ছিল।

কিন্তু আজ রাত নিস্তব্ধ না।

অনেক মানুষের আনাগোনা।

তার সামনে একটা কাঠের খাটিয়া।

সেখানে একটা দেহ।

একটু পরে গোসল দেওয়া হবে।

এখনো রক্ত ঝরছে।

রক্তে মেটে উঠোনের কিছু অংশ কালো বর্ণ ধারণ করেছে।

কিছুদিন আগেও এই এক ফোটা রক্ত দেখলে তার কলিজা খানখান হয়ে যেত।

এখন কেন যেন কোন অনুভূতি হচ্ছে না।

রক্তের ধারা বইতে বইতে প্রায় তার পায়ের কাছে এসে পৌঁছেছে।

রক্তটা হচ্ছে দেলোয়ারের দেহ থেকে বের হওয়া রক্ত।

জয়নাল মিয়ার কুঠারের আঘাতে কয়েক টুকরো হয়ে গেছে দেলোয়ার গাজীর দেহ।

আজ বিকেলে রাইস মিল থেকে কাজ শেষ করে জয়নাল মিয়ার বাড়িতে গিয়েছিল দেলোয়ার আর শাহানা।

লাকড়ি ব্যবসায়ী জয়নাল মিয়া কোন এক অদ্ভুত কারণে ঐদিন সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে।

এবং তখন দেলোয়ার গাজী আর তার স্ত্রী শাহানাকে বিবস্ত্র অবস্থায় আবিষ্কার করে।

কোন কিছু না ভেবেই জয়নাল আবেদীন টুকরো টুকরো করে ফেলে দেহ দুটোকে।

আজ তার স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছে।

কোন এক অদ্ভুত কারণে তার চোখে পানি আসছে না।

খুব একটা দুঃখ লাগছে না।

কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে ।

সাদা কাপড়ের পাশ দিয়ে দেলোয়ারের একটা হাত বেরিয়ে আছে।

স্বামীর খাটিয়ার পাশে বসে লুৎফার মনে হচ্ছে,

এই সেই হাত তাইনা?

যেই হাত দিয়ে তাকে ধরার কথা ছিল এ হাত দিয়ে শাহানাকে ধরেছে।

যেই বুকে তার লেপটে থাকার কথা ছিল সে বুকে অন্য কেউ লেপ্টে ছিল।

আজ সকালেও দেলোয়ারের প্রতি যে অনুভূতি ছিল সেই অনুভূতি যেন হাওয়ায় মিলিয়ে গেছে।

তীব্র ভালোবাসার বদলে তার মনে জায়গা নিয়েছে প্রবল ঘৃণা।

ভয়ংকর বিভস্ম সেই ঘৃণা ।

হঠাৎ করে কিছু মানুষ এসে দেলোয়ারকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করলো।

খাটিয়াটা নিয়ে কয়েকজন বাড়ির পিছনের দিকে হাঁটা শুরু করল।

সেই দিকে তাকিয়ে লুৎফা ঘোলাটে নয়নে ভাবছে এখন সে কোথায় যাবে?

তার তো যাওয়ার কোথাও নেই?

আচ্ছা এই সেই দেলোয়ার না যে তাকে বলেছিল সারা জীবন আগলে রাখবে?

নাকি এটা অন্য কোন দেলোয়ার???

"নিস্তব্ধ"

আবির

০১.০১.২৫