ABIR.
All writings

ডেথ সার্টিফিকেট

আবির মাহমুদ

A shocked man holding an ID card at a phone shop

গত মাসে বিকাশ অ্যাকাউন্ট খুলতে গিয়া জানলাম, আমি মারা গেছি।

মিরপুর দশের গোলচত্বরের পাশে একটা মোবাইলের দোকান।

দোকানদার ছেলেটা আমার এনআইডি কার্ডটা নিয়া তিনবার নাম্বার টাইপ করলো।

তারপর স্ক্রিনটা আমার দিকে ঘুরায় দিলো।

লাল অক্ষরে লেখা, “Verification Failed: ব্যক্তি মৃত।”

ছেলেটা হাসতেছিলো।

"ভাই, আপনে তো ভূত।"

আমিও হাসলাম।

সার্ভারের ভুল।

এই দেশে সার্ভার মানুষের চেয়েও বেশি ভুল করে।

ওই হাসিটা ছিলো আমার জীবনের শেষ নিশ্চিন্ত হাসি।

কারণ পরের তিন সপ্তাহে আমি জানতে পারছিলাম, ভুলটা সার্ভারের ছিলো না।

ভুলটা ছিলো আমার।

১.

আমার নাম রাফি।

অন্তত একত্রিশ বছর ধরে এই নামেই ডাকা হইছে।

একটা কল সেন্টারে চাকরি করি।

রাত দশটা থেকে সকাল ছয়টা, আমেরিকানদের ইন্টারনেট বিল নিয়া ঝাড়ি খাই।

বাবা মারা গেছেন আমার জ্ঞান হওয়ার আগেই।

আম্মা মারা গেলেন দুই মাস আগে।

মিরপুরের দুই রুমের বাসায় এখন আমি একা, আর আম্মার একটা পুরান টিনের ট্রাংক।

পরের রবিবার ছুটি নিয়া আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে গেলাম।

সাড়ে তিন ঘণ্টা লাইনে দাঁড়াইলাম।

আমার সামনে এক মহিলার নামের বানান ভুল, পিছনে এক বুড়া চাচার জন্মতারিখ ভুল।

আমিই একমাত্র লোক যার জীবনটাই ভুল।

কাউন্টারের অফিসার ভদ্রলোক চশমা নাকের ডগায় নামায় স্ক্রিনের দিকে তাকাইলেন।

তারপর আমার দিকে।

তারপর আবার স্ক্রিনে।

"আপনার নামে মৃত্যু নিবন্ধন হইছে।

জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন সিস্টেম থেকে এনআইডিতে অটো আপডেট হইছে।"

"কে করছে?"

"তথ্যদাতার নাম আমরা বলতে পারি না। ইউনিয়ন পরিষদ থেকে করা। ভোলা জেলা, চরফ্যাশন উপজেলা।"

ভোলা আমাদের গ্রামের বাড়ি।

কিন্তু আমি ওইখানে কোনোদিন যাই নাই।

আম্মা কোনোদিন নিয়া যান নাই।

জিজ্ঞেস করলে বলতেন, ওইখানে আমাদের আর কেউ নাই।

"মৃত্যুর তারিখটা বলতে পারবেন?"

অফিসার একটু ইতস্তত করলেন।

তারপর বললেন, "চৌদ্দ জুলাই, উনিশশো আটানব্বই।"

আমি কিছুক্ষণ কিছু বলতে পারলাম না।

উনিশশো আটানব্বইয়ে আমার বয়স ছিলো ছয়।

আর আমার জীবনের প্রথম স্মৃতিও ঠিক ওই বছরের।

২.

সবারই ছোটবেলার একটা প্রথম স্মৃতি থাকে।

কারো তিন বছর বয়সের, কারো চার।

আমার প্রথম স্মৃতি ছয় বছর বয়সের।

তার আগের কিছু মনে নাই।

একদম কিছু না।

যেন আমার জীবনের হার্ডডিস্কে ছয় বছরের আগে কোনো পার্টিশন নাই।

স্মৃতিটা এইরকম।

একটা অন্ধকার ঘর।

গায়ে জ্বর। একজন মহিলা আমার মাথায় পানি ঢালতেছেন আর কাঁদতেছেন।

বারবার বলতেছেন, "রাফি, ও রাফি, আমার দিকে তাকা।"

আমি তাকাইতেছি।

কিন্তু আমার মনে হইতেছে, উনি আমাকে ডাকতেছেন না।

অন্য কাউকে ডাকতেছেন।

আম্মাকে বড় হয়ে জিজ্ঞেস করছিলাম, আমার আগের কিছু মনে নাই কেন।

আম্মা বলছিলেন, "টাইফয়েড হইছিলো। একশো পাঁচ জ্বর। ডাক্তার বলছিলো মাথায় উঠছে। তুই যে বাঁচছিস এইটাই অনেক।"

আমি বিশ্বাস করছিলাম।

মায়েরা মিথ্যা বলে না।

শ্রোডিঙ্গারের বিড়ালের কথা শুনছেন? একটা বন্ধ বাক্সে একটা বিড়াল। বাক্স না খোলা পর্যন্ত বিড়ালটা একইসাথে জীবিত আর মৃত।

নির্বাচন কমিশনের সার্ভার আমার বাক্সটা খুলে ফেলছিলো।

আর ভিতরে বিড়ালটা মরা।

কিন্তু আমি তো এখনো শ্বাস নিতেছি।

৩.

একটা সহজ সন্দেহ ছিলো।

আমার চাচা।

আব্বার রেখে যাওয়া ভোলায় কিছু জমি ছিলো, আম্মা বলতেন।

ওইটা চাচা দেখাশোনা করেন।

আম্মা কোনোদিন ভাগ চান নাই, চাচাও কোনোদিন দেন নাই।

আমি মারা গেলে ওই জমির একমাত্র মালিক চাচা।

আম্মা মারা যাওয়ার দুই মাসের মাথায় আমার মৃত্যু নিবন্ধন।

হিসাবটা মিলে যায়।

এই দেশে জমির জন্য মানুষ জীবিত ভাইকে মৃত বানায়, মৃত বাপকে জীবিত বানায়।

পত্রিকায় প্রতি সপ্তাহে এমন খবর আসে।

আম্মার পুরান ফোনবুক থেকে চাচার নাম্বার বের করলাম।

ফোন দিলাম।

অনেকক্ষণ রিং হওয়ার পর একটা ভারী গলা।

"হ্যালো।"

"আমি রাফি। আপনার ভাতিজা।"

ওইপাশে অনেকক্ষণ কোনো কথা নাই।

তারপর চাচা বললেন,

"তোর মা মরছে?"

"জ্বি। দুই মাস হইলো।"

"ও।"

আবার চুপ।

তারপর গলাটা নামায় বললেন,

"শোন। ভোলায় আসিস না। কোনোদিন আসিস না। যা হইছে হইতে দে।"

লাইন কেটে গেলো।

আমি ফোনটা হাতে নিয়া বসে থাকলাম।

"যা হইছে হইতে দে।" যে মানুষ আমাকে কাগজে মেরে ফেলছে, সে আমাকে এলাকায় যাইতে মানা করতেছে।

সেই রাতেই সদরঘাট থেকে ভোলার লঞ্চের টিকিট কাটলাম।

৪.

রাতের লঞ্চ।

ডেকে চাদর বিছায় শুয়ে আছে শত শত মানুষ।

কেউ চানাচুর খাইতেছে, কেউ লুডু খেলতেছে, এক কোনায় একটা বাচ্চা কাঁদতেছে।

আমি রেলিং ধরে দাঁড়ায় মেঘনার কালো পানির দিকে তাকায় ছিলাম।

এর আগে কোনোদিন লঞ্চে উঠি নাই।

আম্মা কোনোদিন উঠতে দেন নাই।

স্কুলের পিকনিকে সবাই লঞ্চে গেছিলো, আম্মা আমাকে যাইতে দেন নাই।

কলেজে বন্ধুরা বরিশাল গেছিলো, আম্মা কান্নাকাটি করে আটকায় রাখছিলেন।

আমি ভাবতাম আম্মা পানি ভয় পান।

এখন রেলিং ধরে দাঁড়ায় আমার নিজের হাত কাঁপতেছিলো।

কেন কাঁপতেছিলো জানি না।

পানির দিকে তাকাইলেই বুকের ভিতর একটা অচেনা চাপ।

যেন শরীরটা কিছু একটা মনে রাখছে, যেইটা মাথা ভুলে গেছে।

এক বুড়া লোক পাশে এসে দাঁড়াইলেন।

লঞ্চের পুরান স্টাফ, গায়ে ময়লা গেঞ্জি।

"পয়লা উঠছেন?"

"জ্বি।"

"ডরাইয়েন না। এখন লঞ্চ ভালো। আটানব্বইয়ে যখন ডুবছিলো, তখন এমন ছিলো না।"

আমার হাত রেলিংয়ের উপর জমে গেলো।

"আটানব্বইয়ে?"

"বন্যার বছর। জুলাই মাস। এই মেঘনায়ই। কত মানুষ যে গেছিলো। লাশ ভাসছিলো তিনদিন। সদরঘাটে মানুষ খাড়ায় থাকতো, প্রতিটা লঞ্চ ভিড়লে চিল্লায় চিল্লায় নাম ডাকতো।"

উনি থুতু ফেললেন পানিতে।

"এক মহিলা একমাস খাড়ায় ছিলো ঘাটে। পোলার নাম ধইরা ডাকতো। পাগল হইয়া গেছিলো। শেষে একদিন দেখি নাই আর।"

৫.

চরফ্যাশনের ইউনিয়ন পরিষদের সচিব একজন কমবয়সী ছেলে।

আমার এনআইডি আর মৃত্যু নিবন্ধনের নাম্বার দেখে অনেকক্ষণ কম্পিউটারে ঘাঁটলেন।

"আবেদন অনলাইনে হইছে। তিন মাস আগে। তথ্যদাতা সশরীরে আসছিলেন সাক্ষর দিতে।"

তিন মাস আগে।

আম্মা তখনো বেঁচে।

"তথ্যদাতা কে? প্লিজ ভাই। আমি তো নিজেই সেই মরা মানুষ। আমার জানার অধিকার আছে।"

ছেলেটা একবার দরজার দিকে তাকাইলো।

তারপর মনিটরটা একটু আমার দিকে ঘুরায় দিলো।

তথ্যদাতা: মা।

নামের জায়গায় আম্মার নাম।

নিচে স্ক্যান করা সাক্ষর।

কাঁপা কাঁপা হাতে।

কেমো চলার সময় আম্মার হাত ঠিক এভাবে কাঁপতো।

আমার মাথার ভিতর সব কিছু একসাথে ফাঁকা হয়ে গেলো।

চাচা না।

আম্মা।

মারা যাওয়ার এক মাস আগে, ক্যান্সারের শরীর নিয়া, যেই মানুষটা ওয়াশরুম পর্যন্ত একা যাইতে পারতেন না, সেই মানুষটা ঢাকা থেকে ভোলা আসছিলেন।

লঞ্চে।

যেই লঞ্চে আমাকে কোনোদিন উঠতে দেন নাই।

শুধু নিজের ছেলেকে কাগজে মেরে ফেলার জন্য।

৬.

চাচার বাড়ি খুঁজে পাইতে বেশি কষ্ট হইলো না।

বাজারে নাম বললেই লোকে দেখায় দেয়।

উঠানে বসে ছিলেন।

লুঙ্গি, ফতুয়া, হাতে হুক্কা।

আমাকে দেখে উঠে দাঁড়াইলেন।

অনেকক্ষণ আমার মুখের দিকে তাকায় থাকলেন, যেন কিছু একটা খুঁজতেছেন।

তারপর বললেন, "না। একটুও মিল নাই।"

"কার সাথে?"

চাচা কিছু বললেন না। হুক্কাটা রেখে বললেন, "আয়।"

বাড়ির পিছনে পারিবারিক কবরস্থান।

সুপারি গাছের ছায়া।

বাঁশের বেড়া দেওয়া কয়েকটা কবর।

একটা ছোট কবরের সামনে চাচা দাঁড়াইলেন।

ছোট মানে সত্যিই ছোট।

একটা বাচ্চার সাইজ।

শিথানে একটা পুরান টিনের ফলক, মরিচা ধরা, শ্যাওলায় সবুজ। তার উপর সাদা রঙে হাতে লেখা, রঙ উঠে গেছে, তবু পড়া যায়।

মোঃ রাফি

জন্ম: ১৯৯২

মৃত্যু: ১৪ জুলাই ১৯৯৮

এই কবরটা তিন মাসের পুরান না।

ছাব্বিশ বছরের।

আমি কবরটার সামনে দাঁড়ায় ছিলাম।

নিজের কবরের সামনে।

পায়ের নিচে মাটিটা নরম লাগতেছিলো।

"তোর মা নিজের হাতে মাটি দিছিলো," চাচা বললেন। "মহিলারা কবরে মাটি দেয় না। ও দিছিলো। কেউ আটকাইতে পারে নাই।"

"তাইলে..."

আমার গলা থেকে প্রশ্নটা বের হইতেছিলো না।

চাচা আমার দিকে তাকাইলেন। ওই চোখে কোনো লোভ ছিলো না, কোনো রাগও না। শুধু অনেক পুরান একটা ক্লান্তি।

"তাইলে তুই কে, এইটা তো আমিও ছাব্বিশ বছর ধইরা জানি না বাবা।"

৭.

চাচা বললেন সব।

আটানব্বইয়ের জুলাইয়ে আম্মা আর রাফি ঢাকা থেকে ফিরতেছিলেন।

আব্বা তার দুই বছর আগে মারা গেছেন।

লঞ্চটা মেঘনায় ঝড়ে পড়ে।

আম্মা সাঁতার জানতেন না, একটা ড্রামে ভাইসা ছিলেন। রাফির হাত ধরা ছিলো।

একসময় হাতটা ছুটে যায়।

তিনদিন পর রাফির লাশ পাওয়া যায়।

চাচা নিজে গিয়া আনছিলেন।

গ্রামে কবর হয়।

আম্মা কবর দেওয়ার পরদিন নিখোঁজ।

একমাস পর ফিরলেন।

সদরঘাট থেকে।

সাথে একটা ছেলে।

ছয় বছর বয়স।

মাথা ন্যাড়া, গায়ে জ্বর, একটা কথাও বলে না।

আম্মা উঠানে দাঁড়ায় সবাইকে বললেন, "রাফি ফিরা আসছে। পানি ওরে ফেরত দিছে।"

"আমরা কেউ কিছু কই নাই,"

চাচা বললেন।

"সবাই জানতো। সবাই কবরটা দেখছে। কিন্তু তোর মায়ের চোখের দিকে তাকায় কেউ কিছু কইতে পারে নাই। পাগলিটা অন্তত বাঁচুক, এইটুকুই ভাবছিলাম।"

"তারপর?"

"তারপর গ্রামে কানাকানি শুরু হইলো। মানুষ তোরে দেখতে আসতো। কেউ কেউ বলতো জ্বিনে ধরা পোলা, কবর থেইকা উঠছে। তোর মা একরাতে তোরে নিয়া ঢাকা চইলা গেলো। আর ফিরে নাই।"

চাচা একটু থামলেন।

"তিন মাস আগে ফিরছিলো। একা। শরীর তখন হাড্ডিসার। আমারে বললো, কবরটার কাগজ করা হয় নাই কোনোদিন। এখন করবে।

আমি জিগাইলাম, এতদিন পরে ক্যান? ও কইলো, আমি মইরা গেলে আমার রাফিরে আর কেউ মনে রাখবো না। আর ওই পোলাটা সারাজীবন একটা মরা মানুষের নামে বাঁচবো।"

ফোনে চাচা বলছিলেন, ভোলায় আসিস না।

যা হইছে হইতে দে।

উনি আমাকে থেকে কিছু লুকাইতেছিলেন না।

উনি আমাকে এই কবরটার সামনে দাঁড়ানো থেকে বাঁচাইতেছিলেন।

৮.

ঢাকায় ফিরে সেই রাতেই আম্মার টিনের ট্রাংকটা খুললাম।

উপরে আম্মার শাড়ি, ন্যাপথলিনের গন্ধ।

তার নিচে আমার স্কুলের সার্টিফিকেট, প্রথম চাকরির অফার লেটার, আমার ছোটবেলার আঁকা ছবি। আম্মা সব রাখছিলেন।

একদম নিচে একটা খাকি খাম।

উপরে আম্মার হাতে লেখা, "আমি মরার পর খুলবি।"

খামের ভিতর দুইটা জিনিস।

একটা চিঠি।

আর ভাঁজ করা একটা ছোট্ট লাল শার্ট, বিবর্ণ, কলার ছেঁড়া।

ছয় বছরের বাচ্চার শার্ট।

শুধু কয়েকটা লাইন।

"রাফি নামে তোরে ডাকি একত্রিশ বছর। আজকে প্রথমবার তোরে অন্য নামে ডাকতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি তোর আসল নাম জানি না।

সদরঘাটে একমাস খাড়ায় ছিলাম।

প্রতিটা লঞ্চ আসলে আমার রাফির নাম ধইরা ডাকতাম। একদিন রাতে টার্মিনালের এক কোনায় তোরে দেখলাম। একা বইসা কানতেছিলি। জ্বরে গা পুইড়া যাইতেছে। কাউরে খুঁজতেছিলি। আমি জিগাইলাম, তোর মা কই? তুই কিছু কইলি না। শুধু আমার আঁচল ধরলি।

আমি তোরে চুরি করছি বাবা। আমার রাফিরে পানি নিছে, আমি অন্য এক মায়ের রাফিরে পানির পাড় থেইকা চুরি করছি।

তোর আসল মা হয়তো এখনো খুঁজতেছে।

আমি যেমন খুঁজছিলাম।

আমার রাফিরে কাগজে মরতে দিলাম ছাব্বিশ বছর পর।

এইটা আমার শেষ কাজ।

এখন তুই আর মরা মানুষের নামে বাঁচবি না।

শার্টটা তোর গায়ে ছিলো। কলারের ভিতর দেখিস।"

কলারটা উল্টাইলাম।

ভিতরে লাল সুতা দিয়া হাতে সেলাই করা দুইটা শব্দ।

কোনো এক মা, যিনি ভয় পাইতেন তার ছেলে হারায় যাবে।

"জয়। কামরাঙ্গীরচর।"

৯.

কামরাঙ্গীরচর ছাব্বিশ বছরে চেনা যায় না।

খাল ভরাট হয়ে বিল্ডিং উঠছে, ট্যানারির গন্ধ চলে গেছে, প্লাস্টিক কারখানার গন্ধ আসছে। আটানব্বইয়ের কথা কে মনে রাখে।

তিনদিন ঘুরলাম।

চায়ের দোকান, মসজিদ, পুরান বাসিন্দা।

"জয় নামে একটা বাচ্চা আটানব্বইয়ে হারাইছিলো, মনে আছে কারো?"

লোকে হাসে।

"ভাই, আটানব্বইয়ে বন্যায় এই চরের অর্ধেক পোলাপান হারাইছে।"

চতুর্থ দিন এক বুড়া রিকশাওয়ালা অনেকক্ষণ ভাবলেন।

তারপর বললেন, "জয়ের মা? ওই সদরঘাটের পাগলি?"

আমার বুকের ভিতরটা থেমে গেলো।

"উনি বাঁইচা আছেন?"

"আছে মনে হয়। প্রতিদিন সদরঘাটে যায়। লঞ্চ ভিড়লে মানুষরে জিগায়, আমার জয়রে দেখছেন? ছাব্বিশ বছর ধইরা। মাথা ঠিক নাই। কেউ পাত্তা দেয় না।"

লঞ্চের বুড়া স্টাফের কথা মনে পড়লো।

এক মহিলা একমাস খাড়ায় ছিলো ঘাটে।

উনি ভুল জানতেন।

একমাস না।

ছাব্বিশ বছর।

আর ঘাটে দুইজন মা ছিলেন।

একজন খুঁজতেছিলেন একটা মরা ছেলেকে, পাইছিলেন একটা জীবিত ছেলে।

আরেকজন খুঁজতেছিলেন একটা জীবিত ছেলেকে, যেইটা তার চোখের সামনে দিয়া অন্য এক মায়ের আঁচল ধরে চলে গেছিলো।

হয়তো একই রাতে।

হয়তো একই টার্মিনালে।

হয়তো দশ হাত দূরে।

১০.

সদরঘাট টার্মিনালের সাত নম্বর পন্টুন।

বিকাল পাঁচটা।

বরিশালের লঞ্চ ভিড়তেছে।

উনাকে চিনতে আমার কষ্ট হয় নাই।

পন্টুনের এক কোনায় বসে আছেন।

খুব ছোট, খুব শুকনা একজন মহিলা।

পরনে মলিন একটা শাড়ি।

হাতে একটা প্লাস্টিকের ফোল্ডার, ভিতরে একটা সাদাকালো ছবি।

পানিতে ভিজে ভিজে ছবিটা প্রায় সাদা হয়ে গেছে।

লঞ্চ থেকে মানুষ নামতেছে।

উনি একজন একজন করে সবার মুখের দিকে তাকাইতেছেন।

কেউ উনার দিকে তাকায় না।

আমি সামনে গিয়া দাঁড়াইলাম।

হাঁটু গেড়ে বসলাম।

উনি আমার মুখের দিকে তাকাইলেন।

ঘোলা চোখ, ছানি পড়া।

"আমার জয়রে দেখছেন? ছোট পোলা। লাল জামা পরা।"

উনি আমাকে চিনলেন না।

চেনার কথাও না।

উনার কাছে জয় এখনো ছয় বছরের।

আমি ব্যাগ থেকে লাল শার্টটা বের করলাম।

উনার হাতে দিলাম।

উনি শার্টটা অনেকক্ষণ হাতে ধরে থাকলেন।

তারপর কলারটা উল্টাইলেন।

নিজের সেলাইয়ের উপর আঙুল বুলাইলেন। চোখে দেখতে পান না, আঙুল দিয়া পড়তেছিলেন।

জ।

য়।

উনি শার্টটা বুকে চেপে ধরলেন।

তারপর আমার দিকে তাকায় জিজ্ঞেস করলেন,

"আপনে এইটা কই পাইলেন? আমার জয় কই? ও ভালো আছে?"

আমি চাইলেই বলতে পারতাম।

আমিই জয়।

কিন্তু আমার জয় হওয়ার কোনো স্মৃতি নাই।

আমার মনে নাই উনার মুখ, উনার হাতের রান্না, উনার কোলের গন্ধ।

আমার কাছে আছে শুধু একটা শার্টের কলারে দুইটা অক্ষর।

আর উনার কাছে আছে ছাব্বিশ বছরের একটা অপেক্ষা, ছয় বছরের একটা ছেলের জন্য।

একত্রিশ বছরের একটা লোক ওই অপেক্ষার উত্তর না।

আমি উনার হাত দুইটা ধরলাম।

"ভালো আছে মা। জয় ভালো আছে। একজন খুব যত্নে বড় করছে ওরে।"

উনি হাসলেন।

ছাব্বিশ বছরে প্রথমবার মনে হয়।

পরের লঞ্চ ভিড়তেছিলো।

উনি আবার মানুষের মুখের দিকে তাকাইতে শুরু করলেন।

শার্টটা বুকে চেপে ধরা।

আমি উঠে দাঁড়াইলাম।

চলে আসলাম না।

উনার পাশে পন্টুনের উপর বসে থাকলাম, যতক্ষণ না অন্ধকার হয়।

১১.

গ্রিক দার্শনিকদের একটা পুরান ধাঁধা আছে।

থিসিয়াসের জাহাজ।

একটা জাহাজের পুরান তক্তা খুলে একটা একটা করে নতুন তক্তা লাগানো হইলো।

একসময় পুরান একটা তক্তাও আর থাকলো না।

প্রশ্ন হইলো, এইটা কি এখনো সেই একই জাহাজ?

আর যদি কেউ পুরান তক্তাগুলা জোড়া দিয়া আরেকটা জাহাজ বানায়, তাহলে আসল জাহাজ কোনটা?

আমার জীবনের প্রথম ছয় বছরের তক্তাগুলা মেঘনার পানিতে ভেসে গেছে।

বাকি পঁচিশ বছরের তক্তা লাগাইছেন একজন মহিলা, যিনি আমাকে অন্য একজনের নামে ডাকতেন।

আমি রাফি না।

রাফি ভোলায় একটা ছোট কবরে শুয়ে আছে, শ্যাওলা ধরা টিনের ফলকের নিচে।

আমি জয়ও না।

জয় শুধু বেঁচে আছে একজন বৃদ্ধার ঘোলা চোখের অপেক্ষায়, সাত নম্বর পন্টুনে।

আমার নাম কী, সার্ভার জানে না।

আমি নিজেও জানি না।

গতকাল আবার আগারগাঁওয়ে গেছিলাম।

এনআইডি সংশোধনের ফর্ম তুললাম। প্রথম ঘর, "নাম"।

অনেকক্ষণ কলম ধরে বসে থাকলাম।

অফিসার জিজ্ঞেস করলেন, "লিখেন না কেন ভাই? নিজের নাম মনে নাই?"

আমি বললাম, "আমার দুইটা নাম ছিলো ভাই। দুইজন মা দিছিলো। একজন আমারে কাগজে মাইরা ফেলছেন ভালোবাসা থেকে। আরেকজন এখনো ঘাটে বইসা আমার জন্য অপেক্ষা করতেছেন, আমাকে না চিনেই।"

অফিসার কিছু বুঝলেন না।

পরের জনকে ডাকলেন।

ফর্মটা এখনো আমার টেবিলের উপর।

নামের ঘরটা খালি।

প্রতি শুক্রবার বিকালে আমি সদরঘাটে যাই।

সাত নম্বর পন্টুনে বসি। একজন বৃদ্ধার পাশে, যার বুকে একটা লাল শার্ট।

উনি প্রতি সপ্তাহে আমাকে জিজ্ঞেস করেন, "আপনে কে বাবা?"

আমি প্রতি সপ্তাহে বলি, "জয়ের একজন বন্ধু।"

উনি খুশি হন।

জয়ের খবর জিজ্ঞেস করেন।

আমি বানায় বানায় বলি।

জয় চাকরি করে।

জয় ভালো আছে।

জয়ের একজন মা ছিলেন, যিনি ওরে খুব ভালোবাসতেন।

শেষের কথাটা বানানো না।

"ডেথ সার্টিফিকেট"

আবির

২৬শে কার্তিক ১৪৩৩