হাফ লাইফ
আবির মাহমুদ

ভার্সিটি পাশ করে বের হওয়ার পর ৫ বছর ঘুরছি।
তারপর বলতে গেলে প্রায় মানুষের হাত পা ধরে একটা চাকরিতে ঢুকি ।
তখন আর লোকে কি বলবে সেটা মাথায় ছিলো না ।
পল্লী বিদ্যুতের মিটার রিডার।
আগে এই নাম শুনলে নিজেই নক শিটকাতাম, মানুষের কথা বাদই দিলাম।
পল্লী বিদ্যুতের মিটার রিডারদের নাম কেউ মনে রাখে না।
কিন্তু কারেন্ট গেলে সবার আগে গালি তাকেই দেয়।
আমি নিজেও দিতাম , যতদিন না নিজে হইলাম।
আমার বড় হইছি ঢাকায় ।
মিরপুর দশ।
পাঁচ বছর চাকরি খুঁজছি।
বিসিএসের প্রিলি পাশ করছি দুইবার, রিটেনে আটকাইছি দুইবারই।
শেষে কুলাউড়ায় পোস্টিং পাইলাম, বেতন উনিশ হাজার।
কুলাউড়া স্টেশনে যেদিন নামলাম সেদিন বৃষ্টি। ব্যাগে দুইটা শার্ট, একটা ভাঙা শিকের ছাতা, আর আব্বার পুরান Yashica ক্যামেরা।
আব্বা চলে যাওয়ার পর এই জিনিসটাই আমার ভাগে পড়ছিলো।
বড় ভাই নিছিলো জমি, আমি নিছিলাম ক্যামেরা।
আত্মীয় স্বজন সবাই বলছিলো আমি নাকি ঠকছি।
আমার তা মনে হয় নাই।
মডার্ন এই যুগেও আমি এখনো ফিল্মে ছবি তুলি।
একটা রোল কিনতে সাড়ে আটশো টাকা লাগে, ডেভেলপ করতে আরো তিনশো।
মাসে একটা রোল, আমার একমাত্র বিলাসিতা।
আমার রুট ছিলো ৪১২টা মিটার।
বাজার থেকে শুরু হয়ে চা বাগানের ভিতর দিয়ে টিলার পর টিলা।
সকালে বের হই, খাতায় সংখ্যা লেখি , বিকালে পায়ের গোড়ালিতে জোঁক নিয়া মেসে ফিরি।
মেসের রুমে আমার সাথে থাকতেন নাহিদ ভাই।
সমিতির লাইনম্যান।
চল্লিশের কাছাকাছি বয়স, বিয়ে করেন নাই, কেন করেন নাই জিজ্ঞেস করলে হাসেন।
লোকটা খাম্বায় ওঠার আগে আকাশের দিকে তাকায় কী যেন হিসাব করে। রাতে হারিকেন জ্বালায় মোটা মোটা বই পড়ে।
লাইনম্যানের হাতে কার্ল সাগান দেখলে একটু অবাকই লাগে।
প্রথম সপ্তাহে একদিন আমাকে বললেন, "মিটার রিডার হইলো একটা এলাকার একমাত্র মানুষ যে প্রতি মাসে সব ঘরে ঢোকে।
ডাক্তারও সব ঘরে ঢোকে না, মেম্বারও না।
তুই চাইলে পুরা এলাকার খবর রাখতে পারিস।
আবার চাইলে পুরা এলাকায় খবর পৌঁছাইতেও পারিস।"
চোখ টিপে অশ্লীল একটা ইঙ্গিতও দিলেন।
আমি হাসলাম। "আমি খবর দিয়া কী করমু ভাই, আমি খালি সংখ্যা লিখি।"
ভাই কিছু বললেন না।
বইয়ের পাতা উল্টাইলেন।
এখন ভাবি, ওই বিকালের কথাগুলা আমার জীবনের সবচেয়ে দামি কথা ছিলো।
আর আমি হাসছিলাম।
আরেকটা কথা তখন জানতাম না।
আমার রুটের একটা মিটার আমি পুরা এক বছর ধরে ঠিকঠাক পড়তেছিলাম।
সংখ্যা ভুল ছিলো না একটাও।
ভুলটা ছিলো সংখ্যাটা নিয়া প্রশ্ন না করায়।
২.
তিন নম্বর টিলার নিচে চা শ্রমিকদের লাইন।
ওইখানে পার্বতী নামের সাত-আট বছরের একটা মেয়ে থাকতো।
বাবা-মা দুইজনই বাগানে পাতা তোলে, দিনে একশো সত্তর টাকা মজুরি।
পার্বতী সারাদিন একা ঘোরে।
আমি মিটার দেখতে গেলে পিছন পিছন ঘুরতো।
খাতার দিকে তাকায় থাকতো।
একদিন আমার কলমটা চাইলো, দিলাম।
খাতার শেষ পাতায় একটা হাতি আঁকলো।
হাতিটার পা পাঁচটা।
এক মাসের মাথায় ও আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করছিলো।
"সার, আপনি সব ঘরে যান?"
"হ্যাঁ, যাই।"
"সব ঘরে? বড় বাবুদের ঘরেও?"
"সব ঘরে।"
ও কী যেন ভাবলো।
তারপর দৌড় দিয়া চলে গেলো।
তখন প্রশ্নটা আমার কাছে বাচ্চাদের সাধারণ কৌতূহল মনে হইছিলো। এখন মনে হয়, ওই প্রশ্নটা ওর নিজের ছিলো না।
পরের মাসে আমার হাতে একটা পাথর গুঁজে দিয়া বললো, "সার, ইটা ভাগ্যের পাথর। পকেটে রাখলে ভাগ্য খুলে যায়।"
কালচে হলুদ রঙ, মাঝে মাঝে সবুজের ছোপ।
হাতের তালুর চেয়ে ছোট, কিন্তু অদ্ভুত ভারী।
একই সাইজের ইটের টুকরার চেয়ে প্রায় দ্বিগুণ।
"কই পাইলি?"
ও টিলার উপরের দিকে আঙুল দেখাইলো।
তারপর আবার দৌড়।
হাসতে হাসতে বুকপকেটে রাখলাম। উনিশ হাজার টাকার মানুষের ভাগ্য খোলার দরকার আছে।
রাতে ক্যামেরার ব্যাগে রাখতাম, সকালে আবার বুকপকেটে। এমনি। অভ্যাস হয়ে গেছিলো।
পাথরটা আমার বুকপকেটে ছিলো পরের পনেরো মাস।
হৃৎপিণ্ড থেকে দুই আঙুল দূরে।
হৃৎপিণ্ড থেকে দুই আঙুল দূরে।
হ্যাঁ
হৃৎপিণ্ড থেকে দুই আঙুল দূরে।
৩.
মাঘ মাসে সিলেটের জিন্দাবাজারে এক পুরান স্টুডিওতে দুইটা রোল ডেভেলপ করতে দিলাম।
পুরা সিলেটে ওই একটা দোকানই এখনো ফিল্ম ডেভেলপ করে। দোকানদারের বয়স সত্তর, নাম জানি না, সবাই চাচা ডাকে।
পরের সপ্তাহে গিয়া দেখি চাচা চিন্তিত মুখে নেগেটিভ আলোতে ধরে আছেন।
"বাবা, ব্যাগে কী রাখছিলা?"
প্রত্যেকটা ফ্রেমের উপর ঝাপসা একটা দাগ।
লাইট লিক হইলে দাগ হয় লম্বা ফিতার মতো, কোনা থেকে আসে।
এইটা সেরকম না।
গোল গোল, এবড়োখেবড়ো, প্রত্যেক ফ্রেমের একই জায়গায়।
চাচা বললেন, "চল্লিশ বছর ধরে এই কাজ করি বাবা।
এমন দাগ আগে একবারই দেখছিলাম।
একাত্তরের পরে এক বিদেশি সাহেব আনছিলো।"
"কিসের দাগ চাচা?"
চাচা উত্তর দিলেন না।
টাকাও নিলেন না।
খালি বললেন, "যেইটা ব্যাগে রাখছিলা, ওইটা ব্যাগে আর রাইখো না।"
ফেরার বাসে নেগেটিভগুলা আলোতে ধরে দেখতে দেখতে বুঝলাম দাগটা কিসের।
একটা পাথরের ছায়া।
ফিল্মের রোল ছিলো বন্ধ কৌটায়।
কৌটা ছিলো ব্যাগে।
আর প্রতি রাতে ওই কৌটার উপরে রাখা থাকতো আমার ভাগ্য।
রাতে নাহিদ ভাইকে দেখাইলাম।
ভাই নেগেটিভটা হারিকেনের সামনে ধরে অনেকক্ষণ চুপ করে থাকলেন। এত চুপ আমি উনাকে আগে কখনো দেখি নাই।
তারপর শুরু করলেন জ্ঞান দেয়া ,
"১৮৯৬ সালে হেনরি বেকেরেল নামের এক ফরাসি বিজ্ঞানী একটা পাথর ফটোগ্রাফিক প্লেটের উপর রেখে ড্রয়ারে ঢুকায়া ভুলে গেছিলেন। কয়েকদিন পর বের করে দেখেন, পুরা অন্ধকারে প্লেটের উপর পাথরের ছবি উঠে গেছে। কোনো আলো লাগে নাই। মানুষ সেদিন প্রথম জানলো, কিছু জিনিস কারো অনুমতি ছাড়াই নিজে নিজে ভাঙতে থাকে। আর ভাঙার সময় আশেপাশের সবকিছুর উপর দাগ রেখে যায়।"
"কী পাথর ছিলো ভাই?"
ভাই আমার বুকপকেটের দিকে তাকায় বললেন, "ইউরেনিয়াম।"
আমি হাসলাম।
ভাই হাসলেন না।
ওই রাতে ঘুম আসলো না।
মোবাইলে গুগল করতে থাকলাম।
যা পাইলাম তাতে ঘুম আসার কথাও না।
১৯৭৫ সালে পাশের উপজেলা জুড়ীর হারাগাছা পাহাড়ে পরমাণু শক্তি কমিশন নাকি অনুসন্ধান করছিলো।
তোলা নাকি সম্ভবও ছিলো।
তারপর কোনো কারণে সব থেমে যায়।
পরে আবার শুরুর কথা শোনা গেছিলো, তারপর আবার চুপ।
আর বর্ডারের ওইপারে মেঘালয়ের পাহাড়ের ইউরেনিয়াম তো দুনিয়ার সবাই জানে।
পাহাড় তো আর বর্ডার মানে না।
মাথার ভিতর মাসিক বিলের সংখ্যার জায়গায় অন্য একটা সংখ্যা বসে গেলো।
সেটার পিছনে অনেকগুলা শূন্য।
৪.
আমি ভুল করছিলাম একটাই।
আমি বলে দিছিলাম।
প্রথমে বাজারের চায়ের দোকানে, মজা করে।
"ভাই, কুলাউড়ার পাহাড়ে তো ইউরেনিয়াম আছে, জানেন?" সবাই হাসলো।
তারপর এক ঘরে মিটার দেখতে গিয়া।
ঘরের মুরুব্বি জিজ্ঞেস করলো, নতুন কোনো খবর আছে নাকি।
আমি বললাম।
মুরুব্বি হাসলো না।
তারপর পরের ঘরে।
পরের টিলায়।
একটা খবর ৪১২টা ঘরে পৌঁছাইতে কতদিনই আর লাগে, যদি খবরটার বাহক নিজে প্রতি মাসে প্রতিটা ঘরে যায়?
এগারো দিন।
নাহিদ ভাই কিন্তু প্রথম সপ্তাহেই বলছিলেন।
বারো দিনের মাথায় মেসে আসলেন সাদেক মেম্বার।
সাদা পাঞ্জাবি, হাতে তিনটা আংটি, পিছনে দুইটা ছেলে।
ইনি আগে ম্যাগনেট পিলারের ব্যবসা করতেন।
ব্রিটিশ আমলের জরিপের খুঁটির ভিতর নাকি কোটি টাকার দুর্লভ ধাতু আছে, এই কথা বলে সারা দেশে কত মানুষ জমি বেচে খুঁটি খুঁজছে। সাদেক মেম্বার ওই লাইনের পুরান খেলোয়াড়।
এলাকায় কেউ উনাকে না বলে না।
পাথরটা হাতে নিয়া চোখ বন্ধ করলেন, যেন কবিরাজ নাড়ি দেখতেছে।
তারপর চোখ খুলে বললেন, "পঞ্চাশ হাজার অ্যাডভান্স।
আসল পার্টি সিলেটে।
মাল পাস হইলে পাঁচ লাখ। আর জায়গাটা দেখায় দিলে আলাদা।"
পঞ্চাশ হাজার টাকা আমি একসাথে কোনোদিন দেখি নাই।
পাথরটা দিলাম না।
কেন দিলাম না জানি না।
পার্বতীর মুখটা মনে পড়ছিলো মনে হয়।
শুধু টাকাটা নিলাম।
কথা হইলো, সিলেটের পার্টির সাথে দেখা করায় দিবো, টিলার জায়গাটা দেখায় দিবো।
মেম্বার যাওয়ার পর নাহিদ ভাই রুমে ঢুকলেন।
টেবিলের উপর টাকার বান্ডিলটা দেখলেন।
কিছু বললেন না।
বিছানায় শুয়ে বই খুললেন।
ওই রাতে উনি একটা পাতাও উল্টান নাই।
আমি দেখছি।
এর মধ্যে ঘটনা অন্যদিকে গড়াইতে শুরু করলো।
লাইনের একটা ছাগল মরলো।
একটা বাচ্চার গায়ে ঘা হইলো।
একজন বুড়া মানুষ মারা গেলেন, বয়স আশি।
আগে হইলে কেউ ফিরেও তাকাইতো না।
ছাগল মরে, বাচ্চার ঘা হয়, আশি বছরের মানুষ মারা যায়।
এইটাই নিয়ম।
এখন সবাই আমাকে জিজ্ঞেস করে, "সার, ইটা কি পাথরের দোষ?"
আমি বলি, জানি না।
কিন্তু আমার মুখের ভাব দেখে তারা যা বোঝার বুঝে নেয়।
চৈত্রের আগেই তিরিশটা পরিবার লাইন ছেড়ে চলে গেলো।
মিটারে শূন্য উঠতে লাগলো।
আমি খাতায় লিখলাম, ০০০।
পরের ঘর, ০০০।
পরের ঘর, ০০০।
আমার খাতা একটা কবরস্থানের তালিকা হয়ে যাইতেছিলো।
একদিন দেখি পার্বতীদের ঘরেও তালা।
পাশের ঘরের মহিলাকে জিজ্ঞেস করলাম।
বললো, রাতের বেলা একটা গাড়ি আসছিলো।
সকালে আর কেউ নাই।
কোথায় গেছে কেউ জানে না।
ওই রাতে মেসে ফিরে দেখি দরজার নিচ দিয়া একটা কাগজ ঢোকানো।
লাল কালিতে, কাঁপা কাঁপা হাতে লেখা।
"পাথর যেখান থেকে আসছে সেখানে যাইয়েন না। আপনার আব্বার মতো হবেন।"
আমার আব্বা মারা গেছিলেন স্ট্রোকে, ঢাকায়, তিন বছর আগে।
কুলাউড়ার কেউ আমার আব্বাকে চিনে না।
৫.
সিলেটের হোটেলের যে রুমে সাদেক মেম্বার আমাকে নিয়া গেলেন, সেটার জানালা দিয়া পুরা শহর দেখা যায়।
আসল পার্টি একজন স্যুট পরা মানুষ।
কার্ডে লেখা, গ্রিনফিল্ড অ্যাগ্রো লিমিটেড।
নামের জায়গায় শুধু একটা ইংরেজি অক্ষর।
বাংলা বলেন খুব পরিষ্কার, কোনো আঞ্চলিক টান নাই।
চোখের পাতা প্রায় পড়ে না।
আমার গল্পটা পুরা শুনলেন।
মাঝখানে একবারও থামাইলেন না।
তারপর শুধু একটা প্রশ্ন করলেন।
"পাথরটা আপনাকে কে দিছিলো?"
পার্বতীর নাম বলতে গিয়া আমার গলা আটকায় গেলো। বললাম, কুড়ায় পাইছি।
উনি হাসলেন।
যাওয়ার সময় দরজা পর্যন্ত আগায় দিলেন।
হাত মিলাইতে মিলাইতে বললেন, "আপনার আব্বার ক্যামেরাটা এখনো ঠিকমতো চলে? Yashica তো আর বানায় না।"
আমি ক্যামেরাটা হোটেলে নিয়া যাই নাই।
আমি কাউকে বলি নাই ওইটা আমার আব্বার।
ফেরার পথে বাসে সাদেক মেম্বার পুরা রাস্তা একটাও কথা বললেন না। জানালা দিয়া বাইরে তাকায় ছিলেন। উনার আংটি পরা হাত দুইটা হাঁটুর উপর কাঁপতেছিলো।
সাদেক মেম্বারকে আমি কোনোদিন ভয় পাইতে দেখি নাই।
কুলাউড়ার একটা লোকাল পত্রিকায় মিজান ভাই নামের একজন লিখতেন। পত্রিকার সার্কুলেশন পাঁচশো, তার অর্ধেক উনি নিজে বিলি করেন।
বাজারে দেখা হইলে চা খাওয়াইতেন।
মানুষটা ভালো, একটু বেশি কথা বলেন।
এক রাতে ফোন করলেন।
গলা নামায় বললেন, দেখা করতে চান।
গ্রিনফিল্ডের কিছু কাগজ উনার হাতে আসছে।
বাগানের অনেকখানি জমি নাকি ওরা খুব কম দামে লিজ নিতেছে।
চা বাগানের জমি, যেইটা লিজ দেওয়ার নিয়মই নাই।
"কালকে বিকালে আসো সজীব।
আর কাউরে বইলো না। তোমার রুমমেটরেও না।"
শেষ কথাটা আমার কানে খটকা লাগলো।
কিন্তু তখন অত ভাবি নাই।
আমি যাওয়ার আগের রাতে ভাটেরার রেললাইনের পাশে মিজান ভাইকে পাওয়া গেলো।
পত্রিকায় ছোট করে ছাপা হইলো, ট্রেনে কাটা।
সম্ভবত রাতে লাইন পার হইতে গিয়া দুর্ঘটনা।
মিজান ভাইয়ের বাসা ভাটেরা থেকে চব্বিশ কিলোমিটার দূরে।
উনার মোটরসাইকেল পাওয়া গেছিলো উনার বাসার সামনেই।
দুইদিন পর রাত তিনটায় আমার মোবাইলে একটা মেসেজ আসলো। মিজান ভাইয়ের নাম্বার থেকে।
একটা মাত্র শব্দ।
৬.
সকালে নাহিদ ভাইকে মেসেজটা দেখাইলাম।
ভাই অনেকক্ষণ তাকায় থাকলেন।
তারপর আমার নিজের খাতাটা টেনে নিলেন।
পাতা উল্টাইতে উল্টাইতে একটা জায়গায় থামলেন।
"তুই তিন নম্বর টিলার পিছনের বাংলোতে কখনো ঢুকছিস?"
না, ঢুকি নাই।
বাংলোটা ব্রিটিশ আমলের, কোনো এক ম্যানেজার থাকতো। এখন খালি। মিটারটা গেটের বাইরে একটা খুঁটিতে, কাচটা এত ঘোলা যে পড়া যায় না। গেটে একজন দারোয়ান থাকে, সে প্রতিমাসে সংখ্যা বলে দেয়, আমি খাতায় লিখি।
গত এক বছর ধরে।
ভাই আঙুল দিয়া সংখ্যাগুলা দেখাইলেন।
এক মাস, তিন হাজার দুইশো ইউনিট।
পরের মাস, তিন হাজার চারশো।
পরের মাস, তিন হাজার একশো।
এক বছরে প্রায় চল্লিশ হাজার ইউনিট।
একটা খালি বাংলো একটা ছোটখাটো কারখানার সমান কারেন্ট খাইতেছে। আর এই সংখ্যা আমি নিজের হাতে বারোবার লিখছি, একবারও চোখে পড়ে নাই।
বিল কে দেয়?
অফিসে খোঁজ নিলাম।
গ্রিনফিল্ড অ্যাগ্রো, প্রতিমাসে, অ্যাডভান্সে, এক টাকাও বাকি নাই।
নিউটনের তৃতীয় সূত্র মানলে, আমি অনেক আগেই কোনো কিছুকে ধাক্কা দিয়া ফেলছি।
ফিরতি ধাক্কাটা শুধু তখনো এসে পৌঁছায় নাই।
এক অমাবস্যার রাতে দেয়াল টপকাইলাম।
হাতে আব্বার Yashica।
রোলটা ভরছিলাম এক সপ্তাহ আগে, একটা ছবিও তখনো তুলি নাই।
বাংলোর সামনের দিকে অন্ধকার, পিছনের জানালার পর্দার ফাঁক দিয়া সাদা আলো। আমি পিছনে গেলাম।
কাচে মুখ লাগায় দেখলাম।
বিশাল ঘর।
দেয়াল ভাঙা, তিনটা রুম মিলে একটা হলঘর বানানো হইছে।
পুরা ঘর জুড়ে কাঠের র্যাক।
র্যাকের পর র্যাক।
গুনতে গিয়া আঠারোর পর ছেড়ে দিলাম।
প্রতিটা র্যাকে সারি সারি লম্বা পাথরের দণ্ড, বাঁশের মতো গোল, এক হাত দুই হাত লম্বা।
প্রতিটার গায়ে সাদা রঙে নাম্বার আর গভীরতা লেখা।
৮৪ মিটার।
১১২ মিটার।
১৪০ মিটার।
মাটির অনেক অনেক নিচ থেকে তুলে আনা পাহাড়ের হাড়।
বেশিরভাগই ধূসর।
কিন্তু কয়েকটার মাঝখানে একটা রঙের স্তর।
কালচে হলুদ।
মাঝে মাঝে সবুজের ছোপ।
টেবিলের উপর সাতটা ফাইল, খামে মোড়ানো।
একটার উপর একটা ম্যাপ খোলা।
ম্যাপে লাল কালির অনেকগুলা বিন্দু।
বিন্দুগুলা চিনতে আমার এক সেকেন্ডও লাগলো না।
প্রত্যেকটা বিন্দু একটা চা শ্রমিক লাইনের উপর।
যেই লাইনগুলা গত চার মাসে খালি হইছে।
আমার খাতার শূন্যগুলা।
আমি বারোটা ছবি তুললাম।
হাত এত কাঁপতেছিলো যে প্রতিবার শাটার চাপার আগে দম আটকায় রাখতে হইছে।
বারো নম্বর ছবি তোলার পর দেখি হলঘরের অন্য মাথায় একটা দরজা খুলতেছে।
আমি দৌড় দিলাম।
দেয়াল টপকাইলাম কেমনে মনে নাই। চা বাগানের ভিতর দিয়া দৌড়াইলাম। চা গাছের ডাল মুখে-হাতে কেটে যাইতেছিলো। পিছনে তিনটা টর্চের আলো, এদিক ওদিক ঘুরতেছে। একটা নালার ভিতর শুয়ে পড়লাম। পানিতে অর্ধেক শরীর ডুবানো, জোঁক উঠতেছে টের পাইতেছি। ক্যামেরাটা দুই হাতে মাথার উপর তুলে রাখছি।
টর্চের আলো আমার মাথার দুই হাত উপর দিয়া চলে গেলো। একবার। দুইবার।
তারপর অন্ধকার।
ফজরের আজানের আগে আগে মেসে ফিরলাম।
নাহিদ ভাইয়ের বিছানা খালি। উনার নাইট ডিউটি ছিলো কিনা, মনে করতে পারলাম না।
ভেজা কাপড়েই খাটে বসলাম।
ক্যামেরাটা কোলে নিলাম।
রোলটা রিওয়াইন্ড করার আগে অভ্যাসবশত কাউন্টারের দিকে তাকাইলাম।
আমি তুলছিলাম বারোটা ছবি।
কাউন্টারে লেখা তেরো।
৭.
তিনদিন পর পুলিশ আসলো।
আমাকে ধরতে না, সাদেক মেম্বারকে ধরতে।
সাথে আমাকেও।
সন্ধ্যায় টিভিতে নিউজ গেলো,
টেবিলে সাজানো কয়েকটা পাথর, একটা মরিচা ধরা ম্যাগনেট পিলার, আর পিছনে হাতকড়া পরা আমি।
আমার পাথরটা নাকি ল্যাবে গেলো।
পুলিশ রুম সার্চ করে আমার ক্যামেরার ব্যাগ থেকে বের করছিলো। সাতদিন পর রিপোর্ট আসলো।
সাধারণ বেলেপাথর।
আয়রন অক্সাইডের কারণে হলুদ রঙ।
সারা দেশ হাসলো।
ফেসবুকে আমার হাতকড়া পরা ছবি দিয়া মিম বানানো হইলো।
"কুলাউড়ার পারমাণবিক বিজ্ঞানী।"
"বাংলার ওপেনহাইমার।"
একটা পেইজ আমার মুখ এডিট করে একটা মাশরুম মেঘের সামনে বসাইলো, শেয়ার হইলো চল্লিশ হাজার।
টকশোতে একজন ভূতত্ত্ববিদ বললেন, এই দেশের মানুষ কত অশিক্ষিত হইলে পাহাড়ে পাহাড়ে ইউরেনিয়াম খোঁজে।
বাংলাদেশের মাটিতে এমন কোনো সম্ভাবনা নাই, এইসব গুজব।
হারাগাছা নিয়া কেউ একটা প্রশ্নও করলো না।
প্রশ্ন করলে লোকে হাসতো।
একটা মেয়ের সাথে সম্পর্ক ছিলো।
সেও ব্লক করে দিলো।
জামিন হইলো অদ্ভুত দ্রুত।
একজন উকিল আসছিলেন, দামি স্যুট, দামি ঘড়ি।
আমি উনাকে চিনি না। জিজ্ঞেস করলাম কে পাঠাইছে।
উনি বললেন, শুভাকাঙ্ক্ষী।
সাদেক মেম্বারের জামিন হয় নাই।
উনার কোনো শুভাকাঙ্ক্ষী ছিলো না।
মেসে ফিরলাম।
রুমে নাহিদ ভাই বসে আছেন।
চা বানায় চুপচাপ সামনে রাখলেন।
অনেকক্ষণ কেউ কোনো কথা বললাম না।
তারপর ভাই বললেন,
"একটা সত্য লুকানোর দুইটা রাস্তা আছে, বুঝলি।
একটা হইলো মাটিচাপা দেওয়া।
ওইটা কাঁচা কাজ।
একদিন না একদিন বৃষ্টিতে মাটি সরে, সত্য উঠে আসে।
আরেকটা হইলো সত্যটা একজন বাটপারের মুখে তুলে দেওয়া।
সবার সামনে।
ক্যামেরার সামনে।
তারপর ওই কথা এই দেশে আর কোনোদিন কেউ মুখে আনবে না।
আনলে লোকে হাসবে।
হাসির চেয়ে মজবুত দেয়াল দুনিয়ায় আর বানানো হয় নাই।"
আমি চায়ের কাপটা নামায় রাখলাম।
হাতে একটা কাঁপুনি আসছিলো।
সবকিছু তখন একসাথে জোড়া লাগতে শুরু করছিলো।
পাথরটা পার্বতী কুড়ায় পায় নাই।
কেউ ওর হাতে দিছিলো, আমার হাতে পৌঁছানোর জন্য। "সার, আপনি সব ঘরে যান?" প্রশ্নটা কেউ ওকে শিখায় দিছিলো।
ওদের একটা নিরীহ মুখ দরকার ছিলো, যে মাসে মাসে ৪১২টা ঘরে যায়। যার কথা মানুষ বিশ্বাস করবে, কারণ সে তো খালি সংখ্যা লেখে, তার তো কোনো স্বার্থ নাই।
প্রথমে ভয় ছড়াইতে হবে, যেন মানুষ নিজে থেকে পাহাড় ছাড়ে।
কাউকে উচ্ছেদ করতে হবে না, কোনো মামলা হবে না, কোনো খবর হবে না
তারপর ওই ভয়টাকেই হাসির জিনিস বানায় দিতে হবে।
একজন বাটপার, একটা ভুয়া পাথর, একটা ল্যাব রিপোর্ট।
যেন বাকি দেশ আর কোনোদিন ওই পাহাড়ের দিকে ফিরেও না তাকায়।
আমি এক বছর ধরে মিটার পড়ি নাই।
আমাকে পড়া হইতেছিলো।
পরের মাসে টিলার চারপাশে কাঁটাতার উঠলো।
দশ ফুট উঁচু।
গেটে নতুন সাইনবোর্ড, গ্রিনফিল্ড অ্যাগ্রো, রাবার প্রকল্প।
রাবার গাছ অবশ্য আমি এখনো একটাও দেখি নাই।
তবে রাতের বেলা ওই রাস্তা দিয়া ভারী ট্রাক যায়।
ঢাকা থাকে না, সিলেটও থাকে না।
যায় বর্ডারের দিকে।
৮.
চাকরি নাই।
সমিতি সাসপেন্ড করছিলো, তারপর চিঠি দিয়া জানায় দিলো।
ঢাকায় মায়ের কাছে ফিরে আসছি।
আম্মা আমার সাথে কম কথা বলে।
খাবার দেয়, কাপড় ধুয়ে দেয়, কিন্তু চোখের দিকে তাকায় না।
Yashica র ওই রোলটা আমার কাছে ছিলো।
পুলিশ রুম সার্চ করার আগের রাতেই আমি ওইটা মোজার ভিতরে ঢুকায় জুতার ভিতর রাখছিলাম।
ব্যাগ খুঁজছে, জুতা খোঁজে নাই।
পুরান ঢাকার পাটুয়াটুলীতে এক দোকান থেকে ডেভেলপ করালাম।
বারোটা ছবি।
র্যাক, দণ্ড, ফাইল, লাল বিন্দুওয়ালা ম্যাপ।
সব পরিষ্কার দেখা যায়।
আর প্রত্যেকটা ফ্রেমের উপর সেই চেনা ঝাপসা দাগ, গোল, এবড়োখেবড়ো।
পাথর তখনো আমার বুকপকেটে ছিলো।
আর তেরো নম্বর ছবিটা।
ওই ছবিটা রোলের প্রথম ফ্রেম।
মানে বাংলোতে যাওয়ার আগেই তোলা।
ছবিটা আমাদের মেসের রুমের।
উপর থেকে তোলা, যেন কেউ খাটের পাশে দাঁড়ায় ঝুঁকে আছে।
খাটে একটা মানুষ ঘুমাইতেছে।
মুখ একটু হাঁ করা।
বুকের উপর ভাঁজ করা শার্ট, শার্টের পকেটটা ফোলা।
আমি।
ছবিটার উপরেও ঝাপসা দাগটা আছে।
ঠিক আমার বুকের উপর।
আমি ছবিগুলা ফেসবুকে দিলাম।
বারোটা।
তেরো নম্বরটা দেই নাই।
দুই ঘণ্টায় তিনশো কমেন্ট।
"ভাই আবার শুরু করছেন?"
"এআই দিয়া বানাইছে, ক্লিয়ার।"
"কুলাউড়ার বিজ্ঞানী ইজ ব্যাক, সিজন টু।"
"এদের জেল থেকে ছাড়ে কে?"
একটা কমেন্টও না যেইটা জিজ্ঞেস করে, র্যাকগুলা কোথায়।
আমি পোস্টটা ডিলিট করে দিলাম।
নাহিদ ভাই ঠিকই বলছিলেন।
হাসির চেয়ে মজবুত দেয়াল নাই।
গত মাস থেকে শরীর ভালো যাইতেছে না।
দাঁত ব্রাশ করলে মাড়ি থেকে রক্ত পড়ে।
গায়ে অকারণে কালচে দাগ ওঠে, কোথাও বাড়ি খাই নাই তবুও।
সিঁড়ি দিয়া তিনতলায় উঠতে দুইবার থামতে হয়।
ত্রিশ বছর বয়সে।
গত মঙ্গলবার ডাক্তার রক্তের রিপোর্ট দেখে অনেকক্ষণ চুপ থাকলেন। তারপর জিজ্ঞেস করলেন, "আগে কোথায় কাজ করতেন?"
বললাম, পল্লী বিদ্যুৎ।
মিটার রিডার।
উনি কাগজে কী যেন লিখলেন।
আরো তিনটা টেস্ট দিলেন।
একটার নাম আমি আগে কখনো শুনি নাই।
ল্যাবে যে পাথর গেছিলো, ওইটা বেলেপাথরই ছিলো।
আমি এখন বিশ্বাস করি।
বা করতে চাই।
আসলটা কখন বদলানো হইছিলো জানি না।
পুলিশ সার্চের আগের রাতে?
নাকি তারও আগে, যেই রাতে কেউ আমার খাটের পাশে দাঁড়ায় একটা ছবি তুলছিলো?
আমি শুধু জানি, পনেরো মাস একটা জিনিস আমার বুকপকেটে ছিলো। হৃৎপিণ্ড থেকে দুই আঙুল দূরে।
নাহিদ ভাই একদিন বলছিলেন, ইউরেনিয়াম-২৩৮ এর হাফ লাইফ সাড়ে চারশো কোটি বছর।
মানে এক মুঠো ইউরেনিয়ামের অর্ধেক ক্ষয় হইতে যত সময় লাগে, তত বছর পৃথিবীর বয়স।
যেই জিনিস একবার ভাঙতে শুরু করে, সেইটা পৃথিবীর বয়সের সমান সময় ধরে ভাঙতে থাকে।
কারো অনুমতি লাগে না, কোনো আলো লাগে না।
তিরিশ বছরের একটা মানুষ ওই হিসাবের ভিতর একটা ফিল্মের ফ্রেমও না।
পার্বতী কোথায় আছে আমি জানি না।
প্রতি রাতে ওর কথা ভাবি।
ওর হাতেও তো ওই পাথরটা ছিলো।
কতদিন ছিলো, কেউ জানে না।
ও কি এখনো পাঁচ পায়ের হাতি আঁকে?
নাহিদ ভাইকে কয়েকবার ফোন দিছি।
নাম্বার বন্ধ।
সমিতিতে খোঁজ নিলাম, বললো উনি নাকি আমি চলে আসার এক সপ্তাহ পর বদলি নিয়া চলে গেছেন।
কোথায় গেছেন, অফিসে রেকর্ড নাই।
লাইনম্যানের বদলির রেকর্ড থাকে না, এমন কথা
আমি পাঁচ বছরের চাকরি খোঁজার জীবনে কোথাও শুনি নাই।
মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে একটা হিসাব মিলাই।
মিজান ভাই বলছিলেন, রুমমেটরেও বইলো না।
তেরো নম্বর ছবিটা তোলা হইছিলো আমাদের রুমের ভিতর থেকে, রাতে, তালা দেওয়া দরজার এইপাশে।
আমাদের রুমের চাবি ছিলো দুইটা।
হিসাবটা প্রতিবার এইখানে এসে থেমে যায়।
আমি আর আগাই না।
কিছু সংখ্যা খাতায় না লেখাই ভালো।
কালকে রাতে একটা কাজ করছি।
ফিল্মের একটা নতুন কৌটা খুলছি।
অন্ধকারে দুইটা ফ্রেম কাটছি, দুইটাই কালো কাগজে তিন ভাঁজ করে মুড়ছি।একটা রাখছি আমার শার্টের বুকপকেটে।
আরেকটা আম্মার বালিশের নিচে।
আজকে সকালে পাটুয়াটুলীর দোকান থেকে নিয়া আসলাম।
দোকানদার খামটা দেওয়ার সময় আমার দিকে একবার তাকাইলো, তারপর চোখ সরায় নিলো।
আমার ফ্রেমে হালকা একটা ধোঁয়াটে ভাব।
ওইটা আমি জানতাম।
পনেরো মাস যে জিনিস বুকের উপর থাকছে, সে এত সহজে যায় না।
আম্মার ফ্রেমটা দেখে আমার হাত থেকে খাম পড়ে গেলো।
কালো একটা দাগ।
গোল, এবড়োখেবড়ো।
এই দাগ আমি চিনি।
জিন্দাবাজারের চাচার দোকানে প্রথমবার দেখছিলাম।
রিকশা না নিয়াই দৌড়ায় বাসায় আসলাম।
আম্মার বালিশের কভার খুললাম।
ভিতরের তুলা টেনে ছিঁড়লাম।
তুলার একদম মাঝখানে একটা পাথর।কালচে হলুদ, মাঝে মাঝে সবুজের ছোপ।
হাতের তালুর চেয়ে ছোট, অদ্ভুত ভারী।
আম্মা পিছন থেকে চিৎকার করে উঠলো, "ধরিস না! দোয়া পড়া পাথর!"তারপর বললো, মাস দুয়েক আগে একটা বাচ্চা মেয়ে আসছিলো। সাথে স্যুট পরা একজন ভদ্রলোক। বললো আমার কুলাউড়ার অফিস থেকে আসছে, আমার কলিগ।মেয়েটা আম্মার হাতে পাথরটা দিয়া বলছিলো, "সার আপনারে দিতে বলছে। ভাগ্যের পাথর। ছেলের বালিশের নিচে না, মায়ের বালিশের নিচে রাখলে ছেলের বিপদ কাটে।"
আম্মা খুশি হয়ে মেয়েটারে দুইটা বিস্কুট দিছিলো।
বালিশের কভারের কোনায় কলম দিয়া ছোট্ট একটা ছবি আঁকা।
আম্মা ভাবছিলো দর্জির দাগ।
একটা হাতি।
হাতিটার পা পাঁচটা।
গত সপ্তাহে একটা জিনিস খেয়াল করছিলাম, তখন পাত্তা দেই নাই।
আম্মা দাঁত ব্রাশ করার পর বেসিনটা খুব তাড়াতাড়ি পানি দিয়া ধুয়ে ফেলে, যেন আমি না দেখি।
ওরা আমার মুখ বন্ধ করে নাই।
দরকার ছিলো না।
আমি যদি আবার কোনোদিন মুখ খুলি, তাহলে কী হবে, শুধু সেটা আমাকে দেখায় দিছে।
পার্বতী প্রথম মাসে আমাকে জিজ্ঞেস করছিলো, "সার, আপনি সব ঘরে যান?"আমি ভাবছিলাম, সব ঘরে শুধু মিটার রিডার যায়।ওরাও যায়।
"হাফ লাইফ"
আবির