প্রাপক
আবির মাহমুদ

আমার অফিসের নিচতলার পোড়ানোর ঘরে আগুনটা যখন জ্বলে ওঠে, তখন একটা গন্ধ বের হয়।
পুরনো কাগজ, শুকিয়ে যাওয়া আঠা আর তিরিশ বছরের ধুলার গন্ধ।
আমি খুব আগ্রহ নিয়ে দাঁড়িয়ে দেখি। কারণ দেখাটাও আমার চাকরির অংশ।
ফিজিক্সের সুত্র অনুযায়ী , শক্তির ধ্বংস নাই, শুধু রূপান্তর আছে।
স্কুলে পড়ার সময় ভাবতাম এটা খালি ব্যাটারি আর বাল্বের ব্যাপার।
এখন জানি, পৃথিবীতে এমন আরও অনেক জিনিস আছে যার কনো শেষ নাই ।
শুধু মাঝে মাঝে ভুল ঠিকানায় গিয়ে আটকে থাকে।
আর এই কথাটা আমি শিখেছি আমার চাকরিতে বসে।
আমি একটা কবরস্থানে চাকরি করি।
মানুষের কবরস্থানে না ।
চিঠিদের কবরস্থানে ।
ঢাকা জিপিওর তিনতলায়, বায়তুল মোকাররমের পাশের একটা ঘরে।
ঘরের নাম খাতাপত্রে "আনডেলিভারড মেইল সেকশন"।
আমরা যারা এখানে বসি, নিজেদের ভেতরে এর একটা আলাদা নাম দিয়ে রাখছি ।
"কবরস্থান।"
প্রতি মাসে এখানে কয়েক হাজার চিঠি আসে যেগুলো তাদের প্রাপকের কাছে পৌঁছাতে পারেনি। ঠিকানা ভুল, বাড়ি ভাঙা, মানুষ মৃত অথবা মানুষ কোথাও উধাও।
ডাকপিয়ন তিনবার চেষ্টা করে, তিনবারই ব্যর্থ হলে চিঠি চলে আসে আমাদের কাছে।
আমরা সেগুলো আলমারিতে তুলে রাখি।
নিয়ম হলো, ত্রিশ বছর পার হয়ে গেলে সেই চিঠি আর রাখা যাবে না।
পুড়িয়ে ফেলতে হবে।
প্রতি জুলাই মাসে আমরা এই কাজটা করি।
আলমারি খুলে বের করি সেইসব বাক্স, যেগুলোর গায়ে লেখা তিরিশ বছর আগের সাল।
তারপর নিচতলার পোড়ানোর ঘরে পাঠিয়ে দিই।
আমি আসহাব ।
বয়স আটাশ।
তিনবার বিসিএস দিয়েছি, তিনবারই রিটেন পর্যন্ত গিয়ে আটকে গেছি।
এখন এখানে পার্ট টাইম ক্লার্ক এর কাজ করি ।
ভদ্র ভাষায় যেটাকে কেরানির চাকরি করি।
বেতন যা পাই তা দিয়ে মেসের ভাড়া আর মায়ের ওষুধের টাকা মোটামুটি চলে যায়।
ছোটবেলায় লিখতে চেয়েছিলাম,
গল্প লিখতাম খাতার পেছনের পাতায়।
আব্বা বলতেন, "লেখক হয়ে ভাত জোটে না বাবা, সরকারি চাকরি কর।"
আব্বা মারা যাওয়ার পরও কথাটা আমার মাথায় রয়ে গেছে, ভূতের মতো।
এখন আমি সরকারি চাকরিই করি, শুধু লেখকের বদলে অন্যের ফেলে যাওয়া কথার প্রহরী হয়ে।
রাতে ডিউটি থাকলে, সবাই চলে যাওয়ার পর, আমি মাঝেমধ্যে বাক্স থেকে চিঠি বের করে পড়ি।
জানি নিয়মের বাইরে।
কিন্তু একটা চিঠি যখন কোনোদিন কারো কাছে পৌঁছাবেই না, তখন সেটা একবার পড়ে ফেলাকে চুরি মনে হয় না আমার।
মনে হয়, একটা আলো ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন পার হওয়ার আগে কারো রেটিনায় তো অন্তত একটা আঘাত করুক ।
২.
এই জুলাইয়ে যেই বাক্সটা বের করলাম, তার গায়ে লেখা ১৯৯৬।
বাক্সের ভেতরে হাজারখানেক চিঠির মধ্যে একটা খাম আমার হাত থেকে পড়ে যেতে যেতে বেঁচে গেল।
নীল রঙের অ্যারোগ্রাম, বিদেশ থেকে পাঠানো চিঠির বিশেষ কাগজ, যেটার ভাঁজ খুলেই লেখা যেত, খাম আলাদা লাগত না।
কাগজটা এতটাই পুরনো হয়ে গেছে যে হাতে নিলে মনে হয় এখনই ভেঙে পড়বে।
প্রেরকের জায়গায় লেখা, আব্দুল কাদের, ইস্ট লন্ডন।
প্রাপকের জায়গায় লেখা, নার্গিস আলম, বাড়ি ৭, রোড ৪, ধানমন্ডি, ঢাকা।
খামের গায়ে ডাকপিয়নের লাল কালিতে তিনটে সিল।
"গৃহে পাওয়া যায়নি।" "প্রাপক অজ্ঞাত।"
আর সবার নিচে, প্রায় মুছে যাওয়া হাতের লেখায়, "ফেরত।"
তিনটে সিলের মানে হলো, ডাকপিয়ন তিনবার গিয়েছিল।
তিনবারই ফিরে এসেছে খালি হাতে।
আমার কেন যেন মনে হলো, এই চিঠিটা এমনি এমনি খুলবো না।
এটা তিরিশ বছর অপেক্ষা করেছে।
আর দুই সপ্তাহ পর এটাকে পুড়িয়ে ফেলা হবে।
আমি ভাঁজ খুললাম।
লেখাটা শুরু হয়েছিল এভাবে,
"নার্গিস, তোমার শেষ চিঠি পাইনি। হয়তো তুমি লেখোনি, অথবা লিখেছ, পথে হারিয়ে গেছে।
আমি জানি না।
এখানে লন্ডনের শীত সহ্য করা যায় না, কিন্তু তার চেয়েও বেশি সহ্য করা যায় না তোমার চুপ থাকা। মনে আছে, নিউমার্কেটের সামনের ওই জাম গাছটার কথা বলেছিলাম?
আমি টাকা জমাচ্ছি।
আরও দুই বছর পর ফিরব।
ধানমন্ডির লেকের পাড়ে একটা বাড়ি হবে আমাদের, লাল রঙের গেট থাকবে, তুমি বলেছিলে না তোমার লাল রঙ পছন্দ?
আমি এখনও তোমার হাসিটা মনে করি প্রতিদিন কাজে যাবার আগে। যদি এই চিঠিও না পাও, তাহলে জেনে রেখো, আমি অপেক্ষা করব। যতদিন লাগে।"
চিঠির নিচে তারিখ, ১১ মার্চ, ১৯৯৬।
আমি অনেকক্ষণ বসে রইলাম।
জানালার বাইরে বায়তুল মোকাররমের মিনার।
ভেতরে একটা প্রশ্ন খচখচ করতে লাগল।
মেয়েটা কি জানত এই মানুষটা এত অপেক্ষা করেছে?
নাকি মেয়েটাও ভেবে নিয়েছিল, মানুষটা তাকে ভুলে গেছে?
৩.
পরদিন সকালে অফিসে ঢুকেই মনটা অন্যরকম লাগছিল।
আমার ডেস্কের ঠিক উল্টো দিকে ফিলাটেলি কাউন্টারে বসে মিলি ।
ভালো নাম তাহমিদা ফাতিমা মিলি ।
কিন্তু সবাই মিলি বলেই ডাকে
ও এখানে দুই বছর ধরে আছে, পুরনো সংগ্রাহকদের সাথেই তার যত কাজ ।
আমাদের মধ্যে তেমন কথা হয়নি কোনোদিন, শুধু সকালবেলা "আসসালামু আলাইকুম" ছাড়া।
কিন্তু গত ছয় মাস ধরে একটা অদ্ভুত জিনিস চলছে।
পুরনো একটা সর্টিং ড্রয়ার আছে, যেটা আর ব্যবহার হয় না, দুই ডেস্কের মাঝখানে। মাসখানেক আগে হঠাৎ একদিন ওখানে একটা ছোট্ট কাগজ পেয়েছিলাম, "আজকের বৃষ্টিটা সুন্দর, তাই না?"
হাতের লেখা দেখে বুঝেছিলাম মিলির।
আমিও উত্তর লিখে রেখে দিয়েছিলাম।
এরপর থেকে আমরা মাঝেমধ্যে এভাবেই কথা বলি।
ডাকটিকিট লাগে না, খাম লাগে না, শুধু একটা ড্রয়ার।
সেদিন ড্রয়ারে হাত দিতেই মনে হলো, এই যে আমরা এত সহজে চিঠি চালাচালি করছি, অথচ মুখে বলতে পারছি না, এটাও তো একরকম হারিয়ে যাওয়া।
আব্দুল কাদেরের চিঠির কথা মনে পড়ল।
আমি ঠিক করলাম, এই মানুষটার গল্পের শেষটা খুঁজে বের করব।
৪.
ধানমন্ডি রোড ৪, বাড়ি ৭ এখন একটা দশতলা ভবন।
নিচে দারোয়ান বসে আছেন, বয়স ষাটের বেশি, মুখভর্তি দাড়ি।
জিজ্ঞেস করলাম পুরনো বাড়ির কথা জানেন কিনা।
"হ জানি," বললেন তিনি, চা'র কাপে চুমুক দিয়ে।
"আমি এই এলাকায় চল্লিশ বছর ধইরা আছি।
আগে যেই বাড়িটা এইখানে আছিল, হেইটা আলম সাহেবের বাড়ি।
ভালা মানুষ আছিলেন।
বড় মাইয়াডার নাম আছিল নার্গিস।"
আমার বুক ধক করে উঠল। "উনাদের কী হইল?"
"আরে বাবা, অনেক আগের কথা।
নার্গিস আপা তো বিয়া কইরা চইলা গেলেন।
ডাক্তার পোলা আছিল, রফিকুল না কী যেন নাম।
বিয়াটা হইছিল তাড়াহুড়া কইরা, আটানব্বই সাল হইব মনে হয়।
আমি তখন এই বাড়িরই দারোয়ান আছিলাম।
মনে আছে, বিয়ার আগে
আপায় অনেকদিন কান্দাকাটি করতেন।
কারো লগে কথা কইতেন না বেশি।
পরে শুনছিলাম বিদেশের কোনো পোলার লগে নাকি সম্পর্ক আছিল, পোলাডা চিঠি লেখা বন্ধ কইরা দিছিল।
এইসব শুনা কথা, সত্য মিছা জানি না।"
"এখন কোথায় থাকেন উনি জানেন?"
দারোয়ান মাথা চুলকালেন।
"হেইটা কমু কেমনে।
আলম সাহেব মইরা গেছেন অনেক বছর।
নার্গিস আপার ভাইয়ের লগে দেখা হইছিল বছর দুয়েক আগে, কইছিলেন আপায় মিরপুরে থাকেন, পোলার বাসায়।"
আমি ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলাম।
রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হলো, চিঠিটা ঠিকানা ভুলের জন্য হারায়নি।
রোড নম্বর, বাড়ি নম্বর সব ঠিক ছিল।
শুধু ডাকপিয়ন যতবার গিয়েছিল, ততবারই হয়তো বাড়িতে কেউ ছিল না, অথবা কেউ জবাব দিতে চায়নি। কিছু চিঠি ঠিকানার দোষে হারায় না।
হারায় সময়ের দোষে।
৫.
আব্দুল কাদেরের খোঁজ পেলাম আরও অদ্ভুতভাবে।
ফেসবুকে "পুরাতন ঢাকাইয়া প্রবাসী, ইস্ট লন্ডন" নামে একটা গ্রুপ আছে, যেখানে বুড়ো প্রবাসীরা পুরনো ছবি শেয়ার করেন।
আমি সেখানে পোস্ট দিলাম, নব্বইয়ের দশকে ইস্ট লন্ডনে থাকতেন এমন কাউকে চিনেন কিনা যার নাম আব্দুল কাদের, বাড়ি সম্ভবত ঢাকা বা আশেপাশে।
দুইদিন পর একটা রিপ্লাই এলো।
এক ভদ্রলোক লিখেছেন, তার চাচা ছিলেন আব্দুল কাদের, বাস কন্ডাক্টরের কাজ করতেন সারাজীবন, বিয়ে করেছিলেন দেরিতে, ২০১৫ সালে হার্ট অ্যাটাকে মারা গেছেন, একা থাকতেন শেষ কয়েক বছর।
আমি মেসেজে পুরো ঘটনা লিখলাম।
কিছুক্ষণ পর ভদ্রলোক ফোন দিলেন। কণ্ঠে অবাক হওয়ার ছাপ।
বললেন, চাচা মারা যাওয়ার আগে হাসপাতালে একবার তার হাত ধরে বলেছিলেন, "একটা মেয়ে আছিল, নার্গিস নাম।
ঢাকায়।
আমি ভাবছিলাম হে আমারে ভুইলা গেছে।
পরে জানছি, আমার চিঠিই হয়তো হের কাছে পৌঁছায় নাই।"
তখন সবাই ভেবেছিল বুড়ো মানুষের প্রলাপ।
কেউ পাত্তা দেয়নি।
আমি ফোন রেখে অনেকক্ষণ চুপ করে বসে রইলাম।
একটা মানুষ সারাজীবন ভেবে গেছে সে প্রত্যাখ্যাত হয়েছে। আরেকজন হয়তো ভেবে গেছে সে পরিত্যক্ত হয়েছে।
দুজনেই ভুল ভেবেছে।
মাঝখানে শুধু একটা চিঠি, একটা আলমারিতে তিরিশ বছর ধরে শুয়ে ছিল।
৬.
মিরপুরে নার্গিস আলমকে, এখন নার্গিস রফিক, খুঁজে বের করতে আরও এক সপ্তাহ লাগল।
বাড়ির নম্বর জোগাড় করেছিলাম দারোয়ানের দেওয়া সূত্র ধরে, তারপর সরাসরি গিয়ে হাজির হলাম।
দরজা খুললেন এক মাঝবয়সী খালা, বাসার কাজের মানুষ মনে হলো, ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন কাকে চাই।
বললাম আমি ডাক বিভাগ থেকে এসেছি, নার্গিস আলমের সাথে দেখা করতে চাই, একটা পুরনো চিঠির ব্যাপারে।
খালা কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতরে ডাকলেন।
বসার ঘরে বসে অপেক্ষা করছিলাম যখন, তখনই ঘরের কোণ থেকে একটা মেয়ে বেরিয়ে এলো হাতে চায়ের ট্রে নিয়ে।
মিলি ??
আমি এতটাই হতভম্ব হয়ে গেলাম যে সালাম দিতেও ভুলে গেলাম।
মিলিও একইরকম অবাক, ট্রে হাতে দাঁড়িয়ে গেল দরজার কাছে।
"আপনি এখানে?"
আমি কিছু বলার আগেই ভেতরের ঘর থেকে এক ভদ্রমহিলা বেরিয়ে এলেন, চুলে পাক ধরেছে, চোখে চশমা।
এটাই নার্গিস।
মিলির মা।
৭.
আমি কাঁপা হাতে খামটা এগিয়ে দিলাম।
বললাম যতটুকু জানি সব।
নার্গিস বেগম চিঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ শুধু তাকিয়ে রইলেন, খোলার সাহস পাচ্ছিলেন না যেন।
তারপর ধীরে ধীরে ভাঁজ খুললেন।
পড়তে শুরু করলেন।
মাঝপথে হাত কাঁপতে শুরু করল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল নিঃশব্দে।
"আমি ভাবছিলাম ও আমারে ভুইলা গেছে," ফিসফিস করে বললেন তিনি।
"প্রতি মাসে দুইতিনবার ডাকপিয়নের অপেক্ষায় থাকতাম।
কিছুই আসত না। শেষে ভাবলাম, বিদেশে গিয়া মানুষ বদলায়া যায়, এই তো স্বাভাবিক।
বিয়াটা করলাম মন খারাপ কইরাই।
রফিক ভালো মানুষ আছিলেন, ভালোই সংসার হইছে।
কিন্তু জানেন, প্রতি বছর মার্চ মাস আসলে একটা কেমন লাগত। কেন লাগত সেইটাও ভুইলা গেছিলাম।"
তিনি চিঠিটা বুকের কাছে চেপে ধরলেন।
"ও তাইলে আমারে ভুলে নাই।"
আমি বললাম, "না। উনি অপেক্ষা করেছিলেন। শেষ পর্যন্ত।"
ঘরে অনেকক্ষণ কেউ কথা বলল না।
শুধু দেয়াল ঘড়ির শব্দ।
তারপর নার্গিস চোখ মুছে বললেন, "তুমি এই চিঠি খুঁইজা বাইর করলা কেমনে বাবা?"
আমি হাসার চেষ্টা করে বললাম,
"চাকরিটাই এমন। মানুষ যা হারায়, আমরা সেগুলো কিছুদিন আগলে রাখি।"
৮.
বাসা থেকে বেরিয়ে মিলি আমার সাথে সাথে এলো, রাস্তা পর্যন্ত।
কেউই প্রথমে কিছু বলল না।
শেষে ও বলল,
"এইটা আপনি একা একা খুঁজলেন?
তিরিশ বছর আগের একটা চিঠির জন্য এতকিছু করলেন কেন?"
আমি ভাবলাম উত্তরটা কীভাবে দেব।
বললাম, "কারণ আমার মনে হইছিল, যদি একটা মানুষ কাউরে ভালোবাইসা মইরা যায়, আর সেই মানুষটা কোনোদিন জানতেই পারে না, তাহলে সেই ভালোবাসাটা কোথায় যায়?
আমার মনে হয়েছিলো, অন্তত একটা চিঠি যেন এভাবে না হারায়।"
মিলি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, "আমি জানতামই না আম্মুর এই কথা।
উনি কোনোদিন বলেন নাই।"
আমি বললাম, "হয়তো নিজেও ভুইলা গেছিলেন যে এইটা মনে রাখার মতো একটা কষ্ট। মানুষ যেই কষ্টের কোনো উত্তর পায় না, সেইটারে ভুইলা থাকার ভান করে।"
মিলি হঠাৎ হেসে ফেলল, চোখে পানি টলমল করছিল তখনও।
"আপনি তো সরকারি কেরানি, এত দার্শনিক কথা কই শিখলেন?"
আমি বললাম,
"আগে লিখতে চাইতাম। গল্প।"
"এখনও লেখেন?"
"না।
ভুইলা গেছিলাম, লেখাটাও একটা চিঠি, যেইটা কাউরে না কাউরে পাঠানোর জন্য লিখতে হয়।
নাইলে সেইটাও হারায়া যায়।"
৯.
সেদিন রাতে মেসে ফিরে আমি অনেকদিন পর একটা কাগজ বের করলাম। ড্রয়ারে রেখে আসা ছোট্ট চিরকুটের বদলে এবার একটা পুরো চিঠি লিখলাম, মিলিকে।
কী লিখেছিলাম সেটা সেটা জানি না
বুকের বাম পাশের মাংসপিণ্ডটা মনে হয় হাতের সাথে কোনো connection তৈরি করে নিয়েছিলো ,
লিখে ফেললাম অনেক কিছু ।
অনেক দিন পর ।
না অনেক বছর পর।
টাকা বা খ্যাতির জন্য না
মানুষের জন্য।
প্রাপক,
তাহমিদা ফাতিমা মিলি
পরদিন অফিসে গিয়ে চিঠিটা ড্রয়ারে রাখলাম না।
সরাসরি মিলির ডেস্কে গিয়ে ওর হাতে দিলাম। বললাম, "এইটা যেন হারায়া না যায়, তাই নিজে দিয়া গেলাম।"
ও অবাক হয়ে তাকাল।
১০.
সেই তিরিশ বছর পুরনো চিঠিটা আর পোড়ানো হয় নাই।
নার্গিস আলম সেটা নিজের কাছে রেখে দিয়েছেন।
শুনেছি প্রতি মার্চ মাসে এখনও একবার বের করে পড়েন।
আমি এখনও জিপিওতে কাজ করি।
এখনও প্রতি জুলাই মাসে তিরিশ বছর পুরনো বাক্স খুলি, চিঠি বাছাই করি, বেশিরভাগই পুড়িয়ে ফেলার জন্য পাঠাই।
কিন্তু এখন প্রতিটা চিঠি হাতে নেওয়ার আগে একটু থামি।
ভাবি, এর পেছনে কার গল্প লুকিয়ে আছে, আর কে হয়তো এখনও, না জেনেই, তার উত্তরের অপেক্ষায় বসে আছে।
কিছু চিঠি কোনোদিন পৌঁছায় না।
কিন্তু কিছু চিঠি, অনেক দেরি হলেও, ঠিক পৌঁছে যায়।
"প্রাপক"
আবির
১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ