ABIR.
All writings

২৪৪১১৩৯

আবির মাহমুদ

A young man alone on a Kolkata street

কলকাতা আসছি ১ সপ্তাহের মতো হইছে ।

আত্মীয় বা পরিচিত কেউ নাই ।

আর করার মতো কোনো কাজও নাই ।

টাকা থাকলে অনেক জায়গায় ঘোরা যাইতো ।

কিন্তু যেই অবস্থায় আছি তাতে টাকা খরচ করে ঘুরলে মানুষ কি বলবে জানি না ।

তবে নিজেকে আস্ত একটা অমানুষ মনে হবে ।

আম্মার ক্যান্সার ধরা পড়ছে জানুয়ারি মাসে।

ঢাকার ডাক্তার রিপোর্ট দেখলেন, চশমা খুললেন, আবার পরলেন।

মানুষ খারাপ খবর দেওয়ার আগে চশমা নিয়ে এই কাজটা কেন করে, আমি জানি না।

তারপর বললেন, "কলকাতায় একবার দেখান।"

আমার বয়স ত্রিশের কাছাকাছি । আব্বা নাই, ভাইবোন নাই। আব্বা মারা যাওয়ার সময় তিনটা জিনিস রেখে গেছিলেন।

একটা টিনের ট্রাঙ্ক, মিরপুরে এক টুকরা জমির দলিল, আর আম্মা।

জমিটা বেচলাম।

একটা ছোট চাকরি ছিল, বস বললেন, "এতদিনের ছুটি হয় না, "

ওটাও ছেড়ে দিলাম।

আম্মা জিজ্ঞেস করছিল,

"জমি বেচলি ক্যান?"

বললাম,

"দাম ভালো পাইছি।"

আম্মা আমার মুখের দিকে তাকায় কিছু বলে নাই।

মা-রা ছেলের মিথ্যা ধরতে পারে, শুধু ধরা পড়ার কথাটা বলে না।

বেনাপোল পার হওয়ার দিন প্রচণ্ড গরম।

ইমিগ্রেশনের লাইনে আম্মা দাঁড়াইতে পারতেছিল না।

আমি ব্যাগের উপর বসায় মাথায় গামছা দিয়ে বাতাস করতেছিলাম।

আমার সামনে পিছনে সবাই একই রকম।

হাতে এক্স-রের বড় খাম, মুখে একই রকম ভয়।

মানুষ যে দেশ ভাগ করছে, ক্যান্সার সেইটা মানে না।

কলকাতায় আমার কেউ নাই।

একটা মানুষও না।

হাওড়ায় নেমে আম্মা জিজ্ঞেস করলো, "তোর পরিচিত কেউ আছে এইখানে?"

বললাম, "আছে।"

এইটা ছিল বাংলাদেশ থেকে আনা আমার দ্বিতীয় মিথ্যা।

ঠাকুরপুকুরের ডাক্তার বললেন, তিন মাস থাকতে হবে।

কেমো, রেডিয়েশন, তারপর আবার টেস্ট।

তিন মাস।

নব্বই দিন।

প্রতিদিন হোটেলের ভাড়া হিসাব করলে মিরপুরের জমিটা আড়াই মাসেই শেষ।

ঘর খোঁজা শুরু করলাম।

দুই দিনে এগারোটা বাড়ি।

এক বাড়িওয়ালা নাম শুনে বললেন, "ও, আব্দুল্লাহ? ঘর তো ভাড়া হয়ে গেছে।"

আরেকজন বললেন, "রোগী নিয়ে? না ভাই, বাড়িতে মরলে ঝামেলা।"

শেষে হাসপাতালের কাছে দশ ফুট বাই বারো ফুটের একটা ঘর পাইলাম।

একটা চৌকি, একটা হিটার, দেয়ালে কার যেন ফেলে যাওয়া পুরান ক্যালেন্ডার।

ক্যালেন্ডারের পাতা আটকে আছে তিন বছর আগের মার্চে।

আগে এই ঘরে যারা থাকতো, তারাও রোগী নিয়েই আসছিল।

কে জানে কোন মার্চে কী হইছিল।

আমার দিন শুরু হয় ভোর পাঁচটায়।

ডিম সিদ্ধ, জাউ, ওষুধ।

তারপর হাসপাতালের লাইন। রক্ত পরীক্ষার লাইন, রিপোর্টের লাইন, ডাক্তারের লাইন, ফার্মেসির লাইন।

দ্বিতীয় কেমোর পর আম্মার চুল পড়া শুরু হলো।

বালিশে, গামছায়, ভাতের থালায়।

একদিন সকালে আম্মা বললো, "কাঁচিটা আন।"

আমি নিজের হাতে আম্মার চুল কেটে দিলাম।

আম্মা আয়নায় তাকায় একটু হাসলো। বললো,

"তোর আব্বা বাঁইচা থাকলে ভয় পাইতো।"

আমি বাথরুমে গিয়ে কল ছেড়ে দিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম।

কেমোর পর আম্মা ঘুমায়।

ঘুমের মধ্যে আম্মার মুখটা ছোট হয়ে যায়, বাচ্চাদের মতো।

ওই মুখের দিকে বেশিক্ষণ তাকায় থাকা যায় না।

মস্তিষ্কটা তখন খালি একটাই হিসাব করে।

কত টাকা আছে, কত দিন আছে।

তাই আম্মা ঘুমাইলে আমি বের হয়ে যাই।

বাসে উঠে কলেজ স্ট্রিট।

কলেজ স্ট্রিটের কথা প্রথম শুনছিলাম হুমায়ূন আহমেদের লেখায়, না সুনীলের, এখন মনে নাই।

ফুটপাত জুড়ে দুই পাশে বইয়ের দেয়াল।

পুরান পাতার গন্ধ, ট্রামের লাইন, ঘামের গন্ধ, আর একটু পর পর কেউ একজন কানের কাছে বলে যায়,

"দাদা, কী বই লাগবে?"

বই কেনার টাকা আমার নাই। আমি শুধু ঘুরি।

ফুটপাতের দোকান থেকে বই তুলি, দুই পাতা পড়ি, রেখে দেই। পরের দিন আবার গিয়ে ওই একই বইয়ের পরের দুই পাতা পড়ি।

এইভাবে "পথের পাঁচালী"র চল্লিশ পাতা শেষ করছি, এক টাকাও খরচ না করে।

পৃথিবীতে এত কম পয়সায় এত দুঃখ ভুলে থাকার আর কোনো উপায় আমি জানি না।

২.

প্রেসিডেন্সির উল্টা দিকে একটা ছোট দোকান। "দত্ত বুক স্টল।"

দোকানে বসে একটা ছেলে।

চব্বিশ-পঁচিশ বছর, রোগা, এলোমেলো চুল, চোখে গোল চশমা, গায়ে কোন এক ব্যান্ডের ফেডেড টি-শার্ট। ক্রেতা আসলে মোবাইল থেকে মুখ তোলে না।

নাম সায়ন।

পাঁচ দিনের দিন আমি যখন "পথের পাঁচালী"র একচল্লিশ নম্বর পাতা খুলছি, ছেলেটা মোবাইল থেকে মুখ না তুলেই বললো,

"দাদা, এই নিয়ে পাঁচ দিন। অপু কি এখনও নিশ্চিন্দিপুরেই আছে?"

আমি লজ্জায় বইটা নামায় রাখলাম।

ও এইবার মুখ তুললো।

হাসলো।

"আরে রাখবেন কেন, পড়ুন। আমি তো শুধু জিজ্ঞেস করলাম। আপনার কথায় একটা টান আছে। ওপার বাংলা?"

বললাম, বাংলাদেশ।

আম্মার চিকিৎসা।

ছেলেটার হাসিটা আস্তে করে থেমে গেলো।

আর কিছু বললো না।

পরদিন গিয়ে দেখি দোকানের পাশে একটা প্লাস্টিকের টুল রাখা।

"বসে পড়ুন। দাঁড়িয়ে পড়লে পায়ে ব্যথা হবে, আর আমার বিক্রিও আটকে যাবে।"

তার পরদিন ভাঁড়ে চা।

কলকাতায় ওই প্রথম কেউ আমার জন্য কিছু করলো।

সায়নের গল্প আস্তে আস্তে জানলাম।

দোকানটা ওর বাবার।

দুই বছর আগে উনার স্ট্রোক হইছে, ডান দিকটা অবশ।

সায়ন প্রেসিডেন্সি থেকে ফিজিক্সে মাস্টার্স করতেছিল, ছেড়ে দিয়ে দোকানে বসছে।

আমাদের দুইজনের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। দু

ইজনেই একজন অসুস্থ মানুষের জন্য নিজের জীবন পজ করে রাখছি।

এই কথা আমরা কেউ কোনোদিন মুখে বলি নাই।

ও আমাকে দাদা ডাকে।

আমি ওকে বলি, "সায়ন, তুমি নিউটনের থার্ড ল' পড়ছো।

প্রতিটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যে তোমার বই না কিনে পড়ি, এইটার প্রতিক্রিয়া কী?"

ও বলে, "আপনি যে চা খান, তার টাকাটা আমার খাতায় উঠছে দাদা। আম্মা ভালো হলে একসাথে শোধ করবেন।"

"আম্মা ভালো হলে" কথাটা ও এমনভাবে বলতো যেন এইটা একটা নিশ্চিত ব্যাপার।

ওই কথাটা শোনার জন্যই মনে হয় আমি রোজ যাইতাম।

মাসখানেক পর একদিন গিয়ে দেখি সায়ন দোকানের পিছনে একটা বস্তা খুলে বসছে।

পুরান বই ওজন দরে কিনে আনছে।

এক এক করে তুলে দুই ভাগ করতেছে। একদিকে বিক্রি হবে, আরেকদিকে ঠোঙাওয়ালার কাছে যাবে।

ভিতর থেকে একটা খয়েরি রঙের ডায়েরি বের হলো।

সায়ন দুই পাতা উল্টাইলো, মুখ বাঁকাইলো, ঠোঙার ভাগে ছুঁড়ে দিলো।

ডায়েরিটা পড়লো আমার পায়ের কাছে।

তুলে নিলাম।

মলাটটা নরম হয়ে গেছে, কোনাগুলা ক্ষয়ে গেছে।

কেমন একটা মায়া লাগলো।

হয়তো কারণ আব্বার ট্রাঙ্কেও এই রকম একটা খাতা আছে।

"এইটা কী?"

"কার একটা পুরনো খাতা। হিসেবপত্র হবে, নয়তো প্রেম। এসব কেউ কেনে না দাদা। কাল ঠোঙা হয়ে যাবে।"

"আমি নিতে পারি? মানে, আমাকে দিয়ে দিবা?"

সায়ন হাসলো। "কেন, মরা লোকের খাতা পড়ে কী করবেন?"

"রাতে আম্মা ঘুমায়, আমার ঘুম আসে না। পড়ার মতো কিছু তো লাগে। তোমার বই তো দুই পাতার বেশি নিয়া যাওয়া যায় না।"

ও হাত নাড়লো।

"নিয়ে যান। ওটা ওজনেও ধরিনি।"

আম্মার পাশে বসে রাতে খুললাম।

প্রথম পাতাটা নাই।

কেউ ছিঁড়ে নিছে।

ছেঁড়া দাগটা পরিষ্কার, যেন খুব ধীরে, সাবধানে ছেঁড়া।

মেয়েলি গোটা গোটা হাতের লেখা।

নীল কালি।

কোথাও নিজের নাম নাই।

কোথাও কোনো সাল নাই।

সব লেখা একজনকে নিয়ে।

শুধু "ও"।

"ও আজ কফি হাউসে দু'কাপের টাকা ছিল না বলে এক কাপ নিয়ে বসেছিল। আমি বললাম চা খাব না। দুজনে এক কাপ ভাগ করে খেলাম। এত ভালো চা জীবনে খাইনি।"

"ট্রামে ও জানলার দিকে আমাকে বসায়। নিজে বৃষ্টিতে ভেজে। পাগল।"

"রীতা বলছে আমি নাকি বোকা হয়ে যাচ্ছি। হলে হব।"

"মা জানতে পেরে গেছে। বাবাকে বলেনি এখনও।"

"ও বলে, আর ক'টা দিন। সব ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করি। না করলে আমার আর কী থাকে?"

"বাবা আজ খেতে বসে অন্য একটা ছেলের কথা তুলল। আমি ভাত নাড়তে থাকলাম।"

"ও বলেছে খবর পেলেই সবার আগে আমাকে জানাবে। তারপর সব ঠিক হয়ে যাবে।"

এইটুকু পড়ে হাসি পাইলো।

এই গল্প বাংলার প্রতিটা গলিতে আছে।

একটা ছেলে, একটা মেয়ে, একটা "আর ক'টা দিন"।

আমি পাতা উল্টাইলাম।

তারপর একটা পাতায় শুধু একটা লাইন।

"আজ সারাদিন বসে ছিলাম।"

তারপর সাতটা পাতা সাদা।

আট নম্বর পাতায় হাতের লেখা বদলে গেছে।

শক্ত, ছোট ছোট অক্ষর। গোটা গোটা মেয়েটা আর নাই। অন্য কেউ লিখতেছে।

"রীতার কাছে এই খাতা রেখে যাচ্ছি। ও যদি কোনোদিন আসে, ওকে দিস। না এলে পুড়িয়ে ফেলিস।"

ডায়েরি ওইখানেই শেষ।

আমি অনেকক্ষণ সাদা পাতাগুলা উল্টাইলাম।

সাতটা ফাঁকা পাতা।

ওই পাতাগুলার ওজন লেখা পাতার চেয়ে বেশি মনে হলো।

একটা গোটা গোটা হাতের লেখার মানুষ সাত পাতা পরে একটা শক্ত হাতের লেখার মানুষ হয়ে গেছে। মাঝখানে কী হইছিল?

আম্মা ঘুমের মধ্যে একবার কাশলো।

আমার কেন জানি মনে হলো, যে মেয়েটা বসে ছিল তার শেষ পর্যন্ত কী হইছে, এইটা আমাকে জানতে হবে।

হয়তো আমি নিজেও তখন একজনের পাশে বসে আছি বলে।

৩.

পরদিন সায়নকে জিজ্ঞেস করলাম, বস্তাটা কোথা থেকে আসছে।

"মনে নেই দাদা। কেন?"

ডায়েরির কথা বললাম।

ও চোখ বড় বড় করে আমার দিকে তাকাইলো।

"আপনার কি মাথা খারাপ? আপনার মা হাসপাতালে, আপনি একটা মরা লোকের খাতা নিয়ে গোয়েন্দাগিরি করবেন?"

"মরা কিনা তো জানি না। সেইটাই তো।"

"বস্তা আসে দালালের কাছ থেকে। দালাল আনে কাবাড়ির কাছ থেকে। এন্ট্রপি বোঝেন? একবার ছড়িয়ে গেলে আর ফেরত আনা যায় না।"

"সায়ন।"

"না দাদা।"

এক সপ্তাহ ঘ্যানঘ্যান করলাম।

তারপর একদিন ও বিরক্ত হয়ে বাবার পুরান বিলের খাতা ঘাঁটলো।

সায়নের বাবার হাতের লেখা, স্ট্রোকের আগের।

খাতার শেষ পাতায় দালাল মন্টুর নাম্বার।

মন্টুকে ফোন দিলে বললো, মনে নাই।

আবার দিলে ফোন ধরে নাই।

তৃতীয়বার সায়ন নিজে ফোন নিয়ে খাঁটি উত্তর কলকাতার ভাষায় কিছু একটা বললো, যেইটা আমি এইখানে লিখতে পারবো না।

মন্টু একটা ঠিকানা দিলো।

যাদবপুর।

গেলাম। তিনতলা পুরান বাড়ি।

দরজা খুললো মাঝবয়সী এক লোক, গায়ে স্যান্ডো গেঞ্জি।

শুনলো। "মা মারা গেছেন। ওসব জানি না।" দরজা বন্ধ।

এক সপ্তাহ পর আবার গেলাম।

বাসায় নাই।

তিন নম্বর বার দারোয়ান ঢুকতেই দিলো না।

বললো, "সাহেব বলে দিয়েছেন, বাংলাদেশের লোক এলে যেন গেট না খুলি।"

আম্মার তখন তৃতীয় কেমো।

রক্তের কাউন্ট নেমে গেছে।

আমি তিন রাত হাসপাতালের করিডোরে।

বাসের ভাড়া বাঁচাইতে হেঁটে ঠাকুরপুকুর থেকে তারাতলা পর্যন্ত যাই।

এর মধ্যে একদিন আম্মা জিজ্ঞেস করলো, "রোজ কই যাস?"

বললাম, "বইয়ের দোকানে।"

"বই পড়স?"

বললাম, একটা মেয়ের ডায়েরি পাইছি।

তার খোঁজ করতেছি।

আম্মা অনেক কষ্টে একটু হাসলো। "তোর আব্বাও এমন আছিল। নিজের ঘরে আগুন লাগলে পাড়ার লোকের পানির কল ঠিক করতে যাইতো।"

তারপর বললো, "পইড়া শোনা।"

আমি ওই রাতে আম্মাকে ডায়েরিটা পড়ে শোনাইলাম।

"আজ সারাদিন বসে ছিলাম" পর্যন্ত। আম্মা চুপ করে শুনলো।

অনেকক্ষণ পর বললো, "মাইয়াটার খোঁজ নিস।"

চার নম্বর বার সায়নও গেলো আমার সাথে।

দোকান বন্ধ করে। বললো, "দাদা, একা গেলে আপনি আবার দরজার সামনে দাঁড়িয়ে ভদ্রতা করবেন।"

লোকটাকে রাস্তায় ধরলাম, বাজার থেকে ফেরার সময়।

আমি কিছু বললাম না।

শুধু হাতে ডায়েরি দিলাম।

বললাম, আপনার মায়ের কাছে এটা কেউ রেখে গেছিল।

আর কিছু চাই না। শুধু জানতে চাই সে কে।

লোকটা ব্যাগ নামায় ডায়েরিটা হাতে নিলো। পাতা উল্টাইলো। "রীতা" নামটায় এসে আঙুল থেমে গেলো।

মুখটা নরম হলো একটু।

"মায়ের এক বন্ধু ছিলেন। নাম জানি না, মা 'ও' বলত। ইংল্যান্ডে থাকতেন, নার্স।

প্রতি বড়দিনে কার্ড আসত। মা কার্ডগুলো নিয়ে একা একা বসে থাকত।"

"কার্ডগুলা আছে?"

লোকটা আমাদের উপরে নিয়ে গেলো।

আলমারির উপর থেকে একটা জুতার বাক্স নামাইলো।

বাইশটা কার্ড।

প্রথম আঠারোটা বার্মিংহাম থেকে।

শেষ চারটা কার্ডের ডাকঘরের সিল অন্য রকম।

বারুইপুর।

দক্ষিণ ২৪ পরগনা।

শেষ কার্ডের ভিতরে একটা লাইন,

"রীতা, বুড়োদের নিয়ে আছি। ভালো আছি।"

সায়ন আমার কাঁধে হাত রাখলো।

"বুড়োদের নিয়ে আছি," ও আস্তে আস্তে বললো।

"দাদা, এটা হয় বৃদ্ধাশ্রম, নয় কোনো হাসপাতাল।"

বুড়োদের নিয়ে আছি।

নার্স।

বারুইপুর।

৪.

দক্ষিণ ২৪ পরগনায় কয়টা বৃদ্ধাশ্রম আছে, আপনি জানেন?

আমি জানি।

ফোনে গুগল করে একটা লিস্ট বানাইলাম।

বেশিরভাগের নাম লিস্টে নাই।

চায়ের দোকানে জিজ্ঞেস করে করে খাতায় লিখলাম।

কেমো যেই সপ্তাহে থাকে না, ওই সপ্তাহে আম্মাকে ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় ভোরের ট্রেন ধরি।

সোনারপুর।

বারুইপুর।

সূর্যপুর।

মল্লিকপুর।

কোথাও মহিলা মালিক নাই।

কোথাও নার্স ছিল না।

এক জায়গায় আমাকে দালাল ভেবে তাড়ায় দিলো।

এক জায়গায় ম্যানেজার বললো, "বাবার জন্য সিট খুঁজছেন? অ্যাডভান্স লাগবে।"

সতেরোটা জায়গা।

সতেরোবার না।

ভিসার মেয়াদ তখন একুশ দিন।

ডাক্তার আম্মার শেষ রিপোর্ট দেখে বললেন, "আরেকটু দেখি।" এবার চশমা খোলেন নাই।

আমি তাতেই এক রাত ঘুমাইলাম।

আঠারো নম্বরটার খবর দিলো এক ভ্যানওয়ালা।

"একটা ছিল, একদম ভিতরে। ধানখেতের ধারে। সিস্টারের বাড়ি। ওখানে টাকা লাগে না শুনেছি।"

স্টেশন থেকে ভ্যানে পঁয়তাল্লিশ মিনিট।

তারপর কাঁচা রাস্তা, আধা ঘণ্টা হাঁটা।

আমার জুতার তলা খুলে আসছে।

দূরে একটা পুরান একতলা বাড়ি।

সামনে পুকুর।

গেটে কাঠের বোর্ডে হাতে লেখা, "সন্ধ্যাদীপ"।

বারান্দায় পাশাপাশি দশ-বারো জন বুড়া মানুষ বসে রোদ পোহাচ্ছে।

একজন বুড়ি আমাকে দেখে উঠে দাঁড়াইলো। আমার হাত ধরে বললো,

"খোকন, এলি?"

একটা মেয়ে এসে তাকে সরায় নিলো।

"সবাইকে তাই বলেন উনি। কাকে চাই?"

"এখানকার মালিকের সাথে একটু দেখা করতে চাই।"

"সিস্টার রাউন্ডে আছেন। অফিসে বসুন। খাতায় নাম লিখুন।"

ছোট্ট একটা ঘর।

একটা টেবিল, একটা আলমারি।

দেয়ালে অ্যাসবেস্টসের ফাটল।

ভিজিটরের খাতা টেনে নিলাম।

খাতার পাশে এক গাদা রসিদ, ডোনেশনের। রসিদের নিচে একটা রাবার স্ট্যাম্পের ছাপ।

কলমটা হাতে নিয়ে আমি এমনিই ছাপটা পড়লাম।

প্রথমে কিছু মনে হলো না।

একটা নাম।

বাঙালি মেয়ের অতি সাধারণ একটা নাম।

তারপর আমার হাতের কলমটা থেমে গেলো।

বাড়ির বাইরে পুকুরের ওপাশে একটা ফোনের দোকানের মাইকে, না, কোথাও কিছু বাজতেছে না।

কিন্তু আমার মাথার ভিতর একটা গিটার বাজা শুরু করলো।

ও বলেছে খবর পেলেই সবার আগে আমাকে জানাবে।

আজ সারাদিন বসে ছিলাম।

সাতটা সাদা পাতা।

না।

কী পাগলামি। ওইটা তো একটা গান।

গানের মানুষ আবার থাকে নাকি। ওই নামে তো কেউ নাই।

আমার পিছনে দরজায় একটা ছায়া পড়লো।

"আমাকে খুঁজছেন?"

ঘুরলাম।

ছোটখাটো একজন মানুষ।

সাদা সুতির শাড়ি, পিছনে ছোট একটা খোঁপা, সবটুকু চুল সাদা।

হাতে স্টেথোস্কোপ, আঙুলে ওষুধের দাগ। চোখে সরু ফ্রেমের চশমা।

পঞ্চান্ন বছর হোক কি সত্তর, কিছু আসে যায় না।

ওই চোখ দুইটা কোনো কিছুর জন্য আর অপেক্ষা করে না।

আমি খয়েরি ডায়েরিটা ব্যাগ থেকে বের করে টেবিলে রাখলাম।

উনি ডায়েরিটার দিকে তাকালেন।

এক সেকেন্ড। দুই সেকেন্ড।

স্টেথোস্কোপটা হাত থেকে আস্তে করে নেমে গেলো।

আমি তাকিয়ে থাকলাম তন্ময় হয়ে বৃদ্ধার দিকে ,

আমার সামনে যে আছে সে শুধু একজন সাধারন নারী না ।

আমার সামনে মহাকালকে সাক্ষী রেখে দাঁড়িয়ে আছে বেলা বোস।

অঞ্জন দত্তের বেলা বোস।

কয়েকটা প্রজন্ম যার জন্য একটা গানে বুদ হয়ে ছিলো , সেই বেলা বোস।

৫.

"এটা আপনার কাছে কেন?"

গলা একদম ঠান্ডা।

আমি কথা গুছাইতে পারলাম না। "আমি... কলেজ স্ট্রিটে... আপনি কি সেই... গানের..."

গান শব্দটা শোনামাত্র উনার মুখ বন্ধ হয়ে গেলো।

দরজা বন্ধ হওয়ার মতো।

ডায়েরিটা তুলে নিয়ে আলমারিতে রাখলেন।

তালা দিলেন।

"ধন্যবাদ। আপনি আসুন। লতা, এঁকে গেট পর্যন্ত দিয়ে এসো।"

"ম্যাডাম, আমি শুধু একটা কথা..."

"আমার রাউন্ড আছে।"

পরের সপ্তাহে আবার গেলাম।

লতা গেট থেকেই ফেরত দিলো।

তার পরের দিন গেলাম।

উনি বারান্দা দিয়ে আমাকে দেখে ভিতরে চলে গেলেন।

একটা চিঠি লিখে রেখে আসলাম।

উত্তর নাই।

চতুর্থবার লতা গেটে দাঁড়ায় নিচু গলায় বললো,

"কেন আসেন বলুন তো? আট বছর আগে এক পত্রিকার লোক এসেছিল। দু'বছর আগে এক ইউটিউবার। সিস্টার ওদের কুকুর লেলিয়ে দেননি, এই যা। আর আসবেন না।"

ভিসার মেয়াদ নয় দিন।

ওই রাতে আম্মার শ্বাসকষ্ট হলো। অক্সিজেন, আইসিইউ, রাত তিনটায় একটা ফর্মে সই।

ভোরের দিকে অবস্থা একটু সামলালো।

আমি কেন জানি হাসপাতাল থেকে সোজা স্টেশনে গেলাম। না ঘুমায়, না খেয়ে, গায়ে আইসিইউর গন্ধ নিয়ে।

সন্ধ্যাদীপে পৌঁছাইলাম বিকালে। গেটে কেউ নাই।

বৃষ্টি শুরু হইছে।

আমি পুকুরপাড়ে কাদার উপর বসে পড়লাম।

কোনো প্ল্যান নিয়ে না।

আর দাঁড়ায় থাকতে পারতেছিলাম না।

কতক্ষণ জানি না।

মাথার উপর হঠাৎ বৃষ্টি পড়া থামলো।

একটা ছাতা।

উনি পাশে দাঁড়ায় আছেন।

আমার হাতের দিকে তাকায় আছেন।

ওইখানে আইসিইউর ব্যান্ডটা তখনও লাগানো।

ভিজিটর ট্যাগ।

নার্সের চোখ। তিরিশ বছরের চোখ।

"কে আছে?" জিজ্ঞেস করলেন।

"আম্মা।"

"কী হয়েছে?"

"ওভারি। স্টেজ থ্রি। আজ রাতে..."

আর বলতে পারলাম না।

ত্রিশ বছরের একটা ছেলে একটা অচেনা মানুষের ছাতার নিচে বসে হাউমাউ করে কাঁদতে লাগলাম।

উনি কিছু বললেন না।

সরলেনও না।

অনেকক্ষণ পর বললেন, "রিপোর্টগুলো আছে?"

ছিল।

ব্যাগে সবসময় থাকে।

উনি বারান্দায় নিয়ে গেলেন।

শুকনা গামছা দিলেন। রিপোর্ট পড়লেন লাইন ধরে ধরে।

তারপর ঠাকুরপুকুরের কোন ডাক্তারকে কী জিজ্ঞেস করতে হবে, কাগজে লিখে দিলেন।

এক কাপ চা আমার হাতে দিয়ে নিজে উল্টা দিকের মোড়ায় বসলেন।

"যারা আসে, তারা গানের জন্য আসে," উনি বললেন।

"তুমি তিন মাস ধরে ওই ডায়েরিটা নিয়ে ঘুরলে কেন?"

আমি বললাম, "কারণ আমি জানতে চাইছিলাম, যে অপেক্ষা করে তার শেষ পর্যন্ত কী হয়।"

উনি অনেকক্ষণ বৃষ্টির দিকে তাকায় থাকলেন।

তারপর চশমাটা খুলে কোলের উপর রাখলেন।

৬.

"গানটা আমি প্রথম শুনি বার্মিংহামে, বুঝলে। এক বাঙালি ডাক্তারের গাড়িতে। সবাই গলা মিলিয়ে গাইছে। আমি পিছনের সিটে চুপ করে বসে ছিলাম।"

একটু থামলেন।

উনি আস্তে হাসলেন। আমি জীবনে এত ক্লান্ত হাসি দেখি নাই।

"আমাদের বাড়িতে তখন ফোন ছিল।

পাড়ায় একটাই।

ও জানত আমি কোথায় বসব।

আগের দিন বলে গিয়েছিল, চাকরিটা হলে কাল ফোন করবে।

বাবা অফিসে ছিল।

মা ঠাকুরঘরে।

আমি সকাল নটায় গিয়ে ফোনের পাশে বসলাম।

লাইন ঠিক ছিল। এ

কবার তুলে দেখেছিলাম, টোন ছিল।

তারপর আর তুলিনি, যদি ও পায়।"

বৃষ্টি পড়তেছে।

বারান্দার ও মাথায় কে যেন গুনগুন করতেছে।

"সন্ধে হল। রাত হল। বারোটায় মা এসে তুলে নিয়ে গেল।"

উনি আমার দিকে তাকাইলেন।

"ওই কলটা কোনোদিন আসেইনি, বাবা।

কোনো এনগেজড টোন না। কোনো ক্রস কানেকশন না। ও হয়তো ফোনই করেনি।"

আমি নড়তে পারলাম না।

"পরে কি খুঁজেছিলেন?"

"না।

ওর মেসে গিয়ে দাঁড়িয়েছিলাম দু'দিন। সেই ঘরে অন্য লোক। কোনো চিঠি না, কোনো খবর না। একটা মানুষ শুধু হাওয়া হয়ে গেল।"

"তাহলে আপনার বিয়ে..."

"ঠিক হয়েছিল, সত্যি।

আমি রাজি হইনি। বাবা দু'বছর কথা বলেনি।

সাদা পাতাগুলো ওই দু'বছরের।

তারপর ইংল্যান্ডে নার্সের লোক নিচ্ছিল।

রীতার হাতে খাতাটা দিয়ে চলে গেলাম।

চুয়াল্লিশ বছর বয়স পর্যন্ত অন্য লোকের বুড়ো বাপ-মায়ের ডায়াপার বদলেছি।

তারপর ফিরে এসে এই বাড়িটা কিনলাম।

বিয়ে করিনি।

এমন না যে আমি অপেক্ষা করছি

তবে ............"

আর কিছু বললেন না

উনি বারান্দার দিকে হাত দেখালেন।

সারি সারি চৌকি।

সাদা মাথা।

"এদের ছেলেমেয়েরা সবাই ফোন করবে বলেছিল।"

আমি বললাম,

"আপনি কাউকে বলেন নাই কেন? সারা পৃথিবী ভাবে..."

"কী বলব? সে মিথ্যে বলছে? গানটা তো কারো ক্ষতি করছে না।"

উনি চশমা পরলেন। উঠে দাঁড়ালেন।

"মানুষের ওটুকু দরকার হয়।"

গেট পর্যন্ত আসলেন।

আলমারি থেকে ডায়েরিটা এনে আমার হাতে দিলেন।

"আমার আর লাগবে না। তোমার মায়ের পাশে বসে থাকার সময় পড়ো। আর একটা কথা।"

"জি?"

"যাকে বলেছ আসবে, তার কাছে যাও। আজই। ফোনে নয়।"

৭.

সেই রাতেই ঠাকুরপুকুর ফিরলাম।

আম্মা আইসিইউর কাচের ওপাশে।

চোখ খোলা।

আমাকে দেখে অক্সিজেন মাস্কের নিচে ঠোঁট নাড়লো।

নার্স বললো, "সারা সন্ধে আপনাকে খুঁজছিলেন।"

আমি হাত ধরে বসলাম।

আম্মা খুব আস্তে জিজ্ঞেস করলো, "আসছিস?"

আমরা ঢাকায় ফিরছি নয় দিন পর।

ডাক্তার বলছেন, আরও ছয় মাস দেখা যাবে।

হয়তো বেশি।

ডায়েরিটা এখন আমার টেবিলে।

সাতটা সাদা পাতা এখনও সাদা।

ধানখেতের ধারে একটা একতলা বাড়িতে একজন বৃদ্ধা এই মুহূর্তে কোনো এক বুড়ির হাত ধরে আছে,

যেই অন্ধ বৃদ্ধা তাকে তার ছেলে ভাবছে ।

তারা জানে না খোকা কখনও আসবেই না ।

কিংবা খোকার ফোন ।

"২৪৪১১৩৯"

আবির

২১শে কার্তিক ১৪৩৩