ABIR.
All writings

কাফফারা

আবির মাহমুদ

A man sitting on village pond steps beside a yellow cat

আমার জীবনের প্রথম যে স্মৃতিটা আমি স্পষ্ট মনে করতে পারি, সেটা একটা লাথির।

বয়স তখন পাঁচ কি ছয়।

বরিশালের বাকেরগঞ্জ, নানাবাড়ির উঠান।

একটা হলুদ রঙের বিড়াল রান্নাঘরের দরজার সামনে বসে আম্মার মাছ কাটা দেখছিল।

কোনো কারণ ছাড়াই আমি দৌড়ে গিয়ে ওর পেটে একটা লাথি মারলাম।

বিড়ালটা ছিটকে গিয়ে পড়ল পানির কলসির পাশে।

একটা অদ্ভুত শব্দ করল।

মিউ না, অন্য কিছু।

আম্মা বটি রেখে আমার দিকে তাকিয়ে ছিলেন অনেকক্ষণ।

মারেন নাই, বকেনও নাই।

খালি বলেছিলেন, "অবলা জীবের হায় লাগে, বাবা।"

আমি বুঝি নাই "হায়" জিনিসটা কী।

এখনো যে খুব বুঝি, তা না।

শুধু মনে আছে, লাথিটা মেরে আমার ভালো লেগেছিল।

এই কথাটা স্বীকার করতে আমার পঁয়ত্রিশ বছর লেগে গেল।

২.

অনেকে বলে, কিছু মানুষ জন্ম থেকেই কিছু জিনিস অপছন্দ করে নিয়ে আসে। কেউ মাকড়সা দেখলে চিৎকার দেয়, কেউ তেলাপোকা দেখলে খাটের উপর উঠে যায়।

আমার ব্যাপারটা ঠিক ভয় ছিল না। ঘৃণাও না।

আমার ব্যাপারটা ছিল একটা অস্থিরতা।

কুকুর বা বিড়াল আমার আশেপাশে এলে মাথার ভেতরে কিছু একটা চুলকাতে থাকত। মনে হতো একটা লাথি না মারা পর্যন্ত চুলকানিটা থামবে না।

স্কুলে যাওয়ার পথে বাজারের মোড়ে একটা খোঁড়া কুকুর শুয়ে থাকত। প্রতিদিন।

আর আমি প্রতিদিন যাওয়ার পথে একটা লাথি দিয়ে যেতাম। কুকুরটা কেঁউ করে উঠে একটু সরে আবার শুয়ে পড়ত।

তিন বছর এভাবে চলেছে।

কুকুরটা কোনোদিন কামড় দেয় নাই। একবার ঘেউ পর্যন্ত করে নাই।

এখন মাঝে মাঝে ভাবি, কুকুরটা হয়তো ধরে নিয়েছিল এটাই নিয়ম।

প্রতিদিন সকালে একটা ছেলে আসবে, লাথি দিবে, চলে যাবে। যেভাবে সূর্য ওঠে, যেভাবে বৃষ্টি হয়।

প্রকৃতির নিয়ম।

একটা প্রাণীর কাছে আমি তিন বছর ধরে প্রকৃতির নিয়ম ছিলাম। একটা নিষ্ঠুর প্রকৃতি।

৩.

আসল ঘটনাটা ঘটে ক্লাস সেভেনে।

নানাবাড়ির পুকুরঘাটের সিঁড়ির নিচে একটা কালো বিড়াল চারটা বাচ্চা দিয়েছিল। চোখ তখনো ফোটে নাই।

মাংসের ছোট ছোট দলার মতো, একটার গায়ে আরেকটা লেপ্টে থাকত আর চিঁ চিঁ করত।

মা বিড়ালটা সারাদিন পাহারা দিত। আমাকে দেখলেই পিঠ উঁচু করে হিসহিস করত।

সেই হিসহিসানিটা আমার ইগোতে লেগেছিল। একটা বিড়াল আমাকে ভয় দেখায়!

এক দুপুরে মা বিড়ালটা খাবার খুঁজতে বের হলো। আমি সিঁড়ির নিচে হাত ঢুকিয়ে বাচ্চাগুলোকে একটা একটা করে বের করলাম।

তারপর যা করেছিলাম, সেটা কোনো সভ্য মানুষের পক্ষে করা সম্ভব না ।

পুকুরের পানিতে চারটা ছোট বুদবুদ উঠেছিল।

তারপর আর কিছু ওঠে নাই।

সেই রাতে মা বিড়ালটা ঘাটের সিঁড়িতে বসে সারারাত ডেকেছিল।

ঠিক মিউ মিউ না।

বিড়াল যেভাবে ডাকে, সেভাবে না।

লম্বা, টানা, গলা চিরে আসা একটা ডাক।

যেন কেউ কোনো নাম ধরে ডাকছে, অথচ জানে কেউ সাড়া দেবে না।

নানি তাহাজ্জুদে উঠে জানালা দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলেছিলেন, "বিলাইডা কান্দে ক্যা?"

আমি কাঁথার নিচে শুয়ে ছিলাম। ঘুমের ভান করে।

সেদিন আমার ভেতরের অস্থিরতাটা প্রথমবার থেমেছিল।

তার বদলে অন্য কিছু একটা শুরু হয়েছিল, যেটার নাম আমি তখন জানতাম না।

৪.

তারপর জীবন স্রোতের টানে কীভাবে যেন বড় হয়ে গেলাম।

মানে, বয়স বাড়লো আরকি।

ভার্সিটিতে ভর্তি হলাম।

রঞ্চোর দাশের মতো একদিন আহসানউল্লাহ হলে উঠে গেলাম।

আর ভার্সিটিতে এসে খুব সুবিধাজনক একটা জিনিস শিখলাম, যেটার নাম রেশনালিটি।

আমি জানলাম পাপ পুণ্য বলে আসলে কিছু নাই।

সবই কজ অ্যান্ড ইফেক্ট।

নিউরনের ভেতর দিয়ে ইলেকট্রিক সিগন্যাল যায়, ডোপামিন বের হয়, মানুষ খুশি হয়।

ডোপামিন কমে গেলে মানুষ দুঃখ পায়।

দেড় কেজির একটা মস্তিষ্কের কেমিস্ট্রি ছাড়া আর কিছু না।

বিড়ালের বাচ্চা মরল কি বাঁচল, তাতে মহাবিশ্বের কোনো খাতায় কিছু লেখা হয় না। মহাবিশ্বের এত সময় নাই।

হলের রুমমেট জাহিদ ভাই একদিন আমাকে বারান্দায় একটা কুকুরের দিকে ঢিল মারতে দেখে ফেললেন।

উনি কিছু বললেন না।

খালি সিগারেট ধরিয়ে জিজ্ঞেস করলেন, "নিউটনের থার্ড ল মনে আছে?"

“Every action has an equal and opposite reaction।”

"হুম।"

উনি ধোঁয়া ছাড়লেন।

"মানুষ মনে করে এই সূত্রটা খালি ফিজিক্সের। দুইটা বল ধাক্কা খাইলে কী হয়, রকেট কেমনে ওড়ে, এইসব। কিন্তু নিউটন সাহেব তো কইয়া যান নাই যে রিঅ্যাকশনটা সাথে সাথে আসবে। কইয়া যান নাই যে একই জায়গায় আসবে।"

"মানে?"

"মানে কিছু কিছু রিঅ্যাকশন আসতে বিশ বছর লাগে। আর যখন আসে, তখন তুমি আর অ্যাকশনটার কথা মনেই রাখো না।"

আমি হেসেছিলাম।

জাহিদ ভাইয়ের এইসব থিওরি পাগলের প্রলাপ ধরে নিতে চারকোনা জাদুর বক্সটা স্ক্রল করতে লাগলাম।

জাহিদ ভাই হাসেন নাই।

সিগারেটটা রেলিংয়ে ঘষে নিভিয়ে বলেছিলেন, "যেদিন মনে পড়বে, সেদিন আমারে একটা ফোন দিও।"

সেই ফোনটা আমি কোনোদিন দিতে পারি নাই।

জাহিদ ভাই মারা গেছেন ২০২১ সালে, কোভিডে।

৫.

নাদিয়ার সাথে আমার বিয়ে হলো ২০১৮ সালে।

আর ২০২০ সালের এক বর্ষার রাতে আমাদের ছেলে হলো।

নাম রাখলাম আরিয়ান।

মানুষ বলে, বাবা হওয়ার পর পুরুষ মানুষ বদলে যায়।

আমি বদলাই নাই।

শুধু আমার পৃথিবীটা ছোট হয়ে একটা তিন কেজি ওজনের মানুষের সমান হয়ে গেল।

আরিয়ান যখন হাঁটতে শিখল, তখন একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম।

আমাদের মিরপুরের বাসার নিচে কয়েকটা রাস্তার বিড়াল থাকত।

আরিয়ান ওদের দেখলেই হাততালি দিয়ে চিৎকার করত, "মিউ! মিউ!" আর বিড়ালগুলো, যারা আমাকে দেখলেই পালাত, ওর কাছে এসে গা ঘষত।

একটা সাদা কালো ছোপওয়ালা বিড়াল ছিল।

রোজ বিকালে আমাদের গেটের সামনে এসে বসে থাকত, আরিয়ানের জন্য।

আমি ওটাকে তাড়িয়ে দিতাম।

লাথি মারতাম না।

বাবা হওয়ার পর লাথি মারা ছেড়ে দিয়েছিলাম।

কিন্তু তাড়িয়ে দিতাম।

আরিয়ান কাঁদত।

নাদিয়া রাগ করত।

"তোমার সমস্যাটা কী বলো তো? একটা বিড়াল তোমার কী ক্ষতি করছে?"

আমি উত্তর দিতাম না।

কারণ সত্যি উত্তরটা ছিল, বিড়ালগুলো আমার কোনো ক্ষতি করে নাই।

আমিই করেছিলাম।

আর ওদের চোখের দিকে তাকালে আমার মনে হতো ওরা সেটা জানে।

সব বিড়াল জানে।

৬.

গত ঈদুল আজহায় বাড়ি গেলাম।

নানা বাড়ি আরকি।

নানি মারা যাওয়ার পর বাড়িটা ফাঁকা পড়ে থাকে।

মামারা সবাই ঢাকায়।

একজন কেয়ারটেকার দেখাশোনা করে।

আম্মার খুব শখ, ঈদটা একবার সবাই মিলে পুরোনো বাড়িতে করবে।

আরিয়ানের বয়স তখন পাঁচ বছর তিন মাস।

গ্রামে গিয়ে ও পাগলের মতো খুশি।

মুরগির পেছনে দৌড়ায়, ছাগলের বাচ্চার সাথে খেলে, কলাগাছের পাতায় বৃষ্টির ফোঁটা দেখে চিৎকার করে।

দ্বিতীয় দিন দুপুরে আমি বারান্দায় বসে ল্যাপটপে অফিসের একটা মেইলের রিপ্লাই দিচ্ছিলাম।

ঈদের ছুটিতেও কর্পোরেট মানুষের মুক্তি নাই।

নাদিয়া রান্নাঘরে আম্মার সাথে।

আরিয়ান উঠানে।

আমি একবার মাথা তুলে দেখেছিলাম।

ও একটা কালো বিড়ালের বাচ্চার পেছনে দৌড়াচ্ছে।

হাসছে।

তারপর আবার স্ক্রিনের দিকে তাকালাম।

“Please find the attached file for your kind consideration.”

মেইলটা পাঠাতে লেগেছিল সাড়ে চার মিনিট।

সাড়ে চার মিনিট।

আমি পরে হিসাব করে দেখেছি।

একটা পাঁচ বছরের বাচ্চার ফুসফুসে পানি ঢুকে মস্তিষ্কে অক্সিজেন বন্ধ হতে মোটামুটি চার থেকে ছয় মিনিট লাগে।

আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।

আমি হিসাব করতে পারি।

কেয়ারটেকারের ছেলেটা যখন চিৎকার করে উঠানে দৌড়ে এলো, তখনও আমার ল্যাপটপের স্ক্রিনে লেখা

“Message sent.”

পুকুরঘাট।

সেই একই পুকুরঘাট।

সেই একই সিঁড়ি।

আরিয়ানকে যখন পানি থেকে তুললাম, ওর মুঠোর মধ্যে তখনো শক্ত করে ধরা ছিল একটা ছোট্ট কালো বিড়ালের বাচ্চা।

বাচ্চাটা বেঁচে ছিল।

আমার ছেলেটা বিড়ালের বাচ্চাটাকে পানি থেকে বাঁচাতে নেমেছিল।

৭.

জানাজা হলো আসরের পর।

পারিবারিক কবরস্থানে, নানির পাশে।

মানুষ বলে, সন্তানের লাশ বাবার কাঁধে পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। কথাটা ভুল।

লাশটা ভারী ছিল না।

সাড়ে আঠারো কেজি।

আমি জানি, কারণ গত মাসে ডাক্তারের চেম্বারে মেপেছিলাম।

ডাক্তার বলেছিলেন, "ওজন একটু কম, শাক সবজি বেশি খাওয়াবেন।"

ভারী ছিল অন্য কিছু।

ভারী ছিল সাড়ে চার মিনিট।

ভারী ছিল একটা ইমেইল।

আর ভারী ছিল এমন একটা স্মৃতি, যেটা আমি পঁচিশ বছর ধরে মাটিচাপা দিয়ে রেখেছিলাম।

ঠিক ওই পুকুরের তলায়।

নাদিয়া সেদিন থেকে আমার সাথে কথা বলে না।

দোষ দেয় না।

কিছুই বলে না।

দোষ দিলে হয়তো একটু হালকা লাগত।

আম্মা শুধু একবার আমার মাথায় হাত রেখে কাঁদতে কাঁদতে বলেছিলেন, "আল্লাহর মাল, আল্লাহ নিয়া গেছে বাবা।"

আমি আম্মার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, আল্লাহ কি হিসাব রাখেন, আম্মা?

সাতাশ বছর আগের চারটা বুদবুদের হিসাব?

জিজ্ঞেস করি নাই।

কারণ উত্তরটা আমি জানতাম।

৮.

সেই রাতে ঘুমাতে পারি নাই।

তাহাজ্জুদের সময়টায় উঠে পুকুরঘাটে গেলাম।

সিঁড়িতে বসলাম।

ঠিক যেখানে বসে সাতাশ বছর আগে একটা মা বিড়াল সারারাত ডেকেছিল।

চারদিক নিস্তব্ধ।

আকাশে আধখানা চাঁদ।

পুকুরের পানি এত স্থির যে চাঁদটা দুইটা মনে হচ্ছে।

তখনই প্রথম ডাকটা শুনলাম।

একটা বিড়াল।

কোথাও অন্ধকারের ভেতর থেকে।

মিউ না।

লম্বা, টানা, গলা চিরে আসা একটা ডাক।

আমি মাথা ঘুরিয়ে দেখলাম।

কিছু নাই।

তারপর খেয়াল করলাম, ঘাটের উপরের ধাপে একটা কুকুর এসে বসেছে। রোগা, একটা পা একটু টেনে টেনে হাঁটে।

কোথা থেকে এলো জানি না।

কুকুরটা ঘেউ করল না।

কাছেও এলো না।

খালি বসে রইল আর আমার দিকে তাকিয়ে রইল।

সেই চোখ।

আমি চিনি সেই চোখ।

বাজারের মোড়ে তিন বছর প্রতিদিন সকালে দেখেছি।

বিড়ালটা আবার ডাকল।

এবার আরও কাছ থেকে।

কুকুরটা তাকিয়েই আছে।

কেউ কিছু বলল না।

প্রাণীরা কথা বলে না।

আমি ইঞ্জিনিয়ার মানুষ , লজিক্যাল চিন্তা করি এআমি জানি প্রাণীরা কথা বলে না।

কিন্তু সেই রাতে, সেই নিস্তব্ধ পুকুরঘাটে, আমি স্পষ্ট শুনলাম।

কানে না।

কানের অনেক ভেতরে, দেড় কেজির মস্তিষ্কের যে জায়গাটা পঁচিশ বছর ধরে চুপ করে ছিল, সেইখানে।

"পাপের কাফফারা।"

আমি কাঁদলাম।

সারারাত।

মা বিড়ালটা যেভাবে কেঁদেছিল, ঠিক সেভাবে।

লম্বা, টানা, গলা চিরে আসা একটা কান্না।

যেন কাউকে নাম ধরে ডাকছি, অথচ জানি কেউ সাড়া দেবে না।

ফজরের আজানের সময় মাথা তুলে দেখি, কুকুরটা চলে গেছে।

শুধু ঘাটের সিঁড়ির নিচ থেকে ছোট্ট একটা কালো বিড়ালের বাচ্চা বেরিয়ে এসে আমার পায়ের কাছে বসল।

আরিয়ান যেটাকে বাঁচিয়েছিল।

বাচ্চাটা আমার পায়ে মাথা ঘষল।

আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম।

তারপর জীবনে প্রথমবার একটা বিড়ালকে কোলে তুলে নিলাম।

বাচ্চাটা ভয় পেল না।

পালালও না।

চিঁ চিঁ করে আমার বুকের ভেতর গুটিসুটি মেরে শুয়ে পড়ল।

ঠিক যেভাবে আরিয়ান ঘুমাত।

৯.

বাচ্চাটা এখন আমাদের মিরপুরের বাসায় থাকে।

নাদিয়া ওর নাম রেখেছে মিউ।

আরিয়ান সব বিড়ালকে যে নামে ডাকত।

নাদিয়া এখনো আমার সাথে খুব একটা কথা বলে না।

তবে রাতে মিউ যখন আমার বুকের উপর এসে ঘুমায়, তখন মাঝে মাঝে টের পাই নাদিয়া অন্ধকারে আমাদের দিকে তাকিয়ে আছে।

গেটের সামনে এখনো সেই সাদা কালো ছোপওয়ালা বিড়ালটা আসে। বিকালে।

আরিয়ানের জন্য।

আমি এখন ওর জন্য একটা বাটিতে দুধ রেখে দিই।

ও দুধ খায়, তারপর অনেকক্ষণ গেটের দিকে তাকিয়ে বসে থাকে।

আমিও বারান্দা থেকে তাকিয়ে থাকি।

আমরা দুইজনই একই মানুষের জন্য অপেক্ষা করি।

দুইজনই জানি সে আসবে না।

লোকে বলে কাফফারা মানে প্রায়শ্চিত্ত।

পাপের জরিমানা দিয়ে দিলে খাতা পরিষ্কার হয়ে যায়।

আমার খাতা পরিষ্কার হয় নাই।

হবেও না।

কারণ আমি এখন জানি, কিছু কিছু কাফফারা টাকায় দেয়া যায় না, নামাজে দেয়া যায় না, চোখের পানিতেও না।

কিছু কিছু কাফফারা একবারেই দিয়ে দিতে হয়।

সাড়ে আঠারো কেজি ওজনের।

আর বাকি জীবনটা কাটাতে হয় একটা পুকুরঘাটের সিঁড়িতে।

নাম ধরে ডেকে।

যেই নামে কেউ আর সাড়া দেয় না।

"কাফফারা"

আবির

২৮/১০/২৬